ক্লাসে শিক্ষার্থীরা
ক্লাসে শিক্ষার্থীরা

স্কুল-কলেজে অনলাইন-সশরীর মিশ্র ক্লাসের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা হলো আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া। যার মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে। অর্থাৎ এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস হবে সশরীর।

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিসংকটে পড়েছে অনেক দেশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে।

এদিকে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, তার ওপর গুরুত্বারোপ করে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।