অবিশ্বাস্য হলেও সত্য, একটি মেলায় সাতটি যাত্রাদল প্রতি রাতে পালা প্রদর্শন করছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কালীর মেলায় পৃথক পৃথক প্যান্ডেলে সাতটি দলের পালাগান শুনতে দর্শকও আসছে দূর-দূরান্ত থেকে। ঐতিহ্যবাহী এ মেলায় গতবার চারটি দলের গান-বাজনার ব্যবস্থা ছিল। এবার হঠাৎ করে সাতটি দল তাঁবু গাড়ায় চারদিকে হইচই পড়ে গেছে। দেশের প্রথম সারির দলগুলো প্রথম পর্যায়ে অংশ নেওয়ায় গান-বাজনাও ভালো হচ্ছে। পরে পর্যায়ক্রমে আরও দুই দফায় এখানে ১৪টি দল অংশ নেবে। বর্তমানে গান গাওয়া দলগুলো হচ্ছে: মাগুরার ঝর্ণা অপেরা, মনিরামপুরের পদ্মা অপেরা, খুলনার আদি রাজমহল অপেরা, দিনাজপুরের আদি রঙ্গশ্রী অপেরা, কপিলমুনির প্রতিমা অপেরা, নাটোরের নিউ বাসন্তী অপেরা ও ঢাকার আজাদ অপেরা। দলগুলো সংলাপাত্মক যাত্রা প্রদর্শন করছে। এখানে যাত্রার সঙ্গে হাত ধরাধরি করে চলছে বিচিত্রানুষ্ঠান, পুতুলনাচ ও সার্কাস।যাত্রা প্রতিযোগিতামূলক পেশা। এখানেও সাতটি দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। দর্শকও সব কটি দলের গান-বাজনা শুনে তৃপ্ত হচ্ছে।