বিয়েটা হচ্ছে কোথায়?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন পপ তারকা নিক জোনাসের বাগদানের সব আনুষ্ঠানিকতা শেষ হলো মুম্বাইয়ে। ‘রোকা’ উৎসব আর বাগদান উপলক্ষে আয়োজিত ব্যক্তিগত পার্টি শেষে মা ডেনিস মিলার জোনাস ও বাবা পল কেভিন জোনাস সিনিয়রকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন নিক জোনাস।

এবার প্রশ্ন, বাগদান তো হলো, এই দুই তারকার বিয়েটা হচ্ছে কোথায়? বলিউড লাইফ জানিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস নাকি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে বিয়ে করবেন। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাহাড়ঘেরা নিরিবিলি এই দ্বীপেই সাত পাক ঘুরবেন তাঁরা। বিয়ের পুরো সময়টাতে পাপারাজ্জিদের এড়িয়ে চলতে চান দুই তারকা। তাই পরিবার আর বন্ধুদের মধ্য থেকে একেবারে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এদিকে মেয়ের বিয়ের সবকিছু হিন্দুরীতি মেনে করছেন মা মধু চোপড়া। বাগদান উপলক্ষে মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাড়িতে পাঞ্জাবি রীতিতে অনুষ্ঠিত হয় ‘রোকা’ উৎসব। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন হলুদ সালোয়ার-কামিজ আর নিক পরেছিলেন সাদা কুর্তা ও পায়জামা। আয়োজন করা হয় গণেশপূজার। বিয়েতেও যে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস সাত পাক ঘুরবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। মন্ত্র উচ্চারণ, মালাবদল—সবই হবে বিয়েতে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

যার সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে, এরই মধ্যে আশীর্বাদও হয়ে গেল, সেই নিক জোনাসের ব্যাপারে মা মধু চোপড়া কী ভাবছেন? জানা গেছে, বিশ্বসুন্দরী খেতাব জেতার পর থেকে প্রিয়াঙ্কা চোপড়া নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাঁকে কখনোই বাধা দেননি। সব সময় মেয়েকে সমর্থন করেছেন। এবার মেয়ে যখন নিকের সঙ্গে সংসার করতে চান, তখন তিনি অবাক। পরে অবশ্য মেয়ের সিদ্ধান্তে খুশি হয়েছেন মা। কিন্তু নিক আর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এরপর নিককে সঙ্গে নিয়ে ভারতে আসেন প্রিয়াঙ্কা। ‘রোকা’ উৎসবে এসেছেন নিকের মা ডেনিস মিলার জোনাস আর বাবা পল কেভিন জোনাস সিনিয়র। তাঁরা ভারতীয় সব রীতি মেনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মধু চোপড়া কিন্তু তাতে খুশি হয়েছেন।

রোকা উৎসবের পর মেয়ের হবু জামাই নিক জোনাসকে নিয়ে মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কার পছন্দের ব্যাপারে আমার আস্থা আছে। নিক ভালো ছেলে, শান্ত, ধীর, স্থির। সবাই ওকে পছন্দ করেছে। নিক মার্কিন পপ স্টার, কিন্তু বড়দের সম্মান করে।’

নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া

ভারতীয় রীতিতে বিয়ে মানে উৎসব। রয়েছে নানা আচার আর আনন্দ-ফুর্তি। শুধু বর-কনে নয়, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে দুই পরিবার আর আত্মীয়স্বজন। বিয়েতে নতুন জামাইয়ের জুতা চুরি দারুণ মজার একটি পর্ব। আর এই কাজটা সাধারণত বরের শ্যালিকারাই করে। পরে জুতা ফিরিয়ে দিয়ে কিছু অর্থ আয় হয়। নিক জোনাসের জুতা চুরির পরিকল্পনা করছেন প্রিয়াঙ্কার চাচাতো বোন আরেক বলিউড তারকা পরিণীতি চোপড়া। টুইটারে সম্প্রতি তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। পরিণীতি চোপড়া সেখানে লিখেছেন, ‘আমি কিন্তু জুতা চুরি নিয়ে নিক জোনাসের সঙ্গে দরাদরি শুরু করে দিয়েছি। আর এ কাজে সহযোগিতা করছে আমার দিদি (প্রিয়াঙ্কা চোপড়া)। দিদির সামনেই নিকের সঙ্গে আলোচনা করেছি।’