বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে জারি করা বয়কটের নির্দেশ (নন-কোঅপারেশন ডিরেকটিভ) প্রত্যাহার করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। বুধবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি বি. এন. তিওয়ারি।
তিওয়ারি জানান, সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা) এবং ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটি সামনে আসে রণবীর সিংয়ের পাঠানো আইনি নোটিশের পর। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমা থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে এফডব্লিউআইসিই গত ২৫ মে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করেছিল। এর প্রতিবাদে অভিনেতা সংগঠনটিকে আইনি নোটিশ পাঠান।
সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিইর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত বলেন, ‘গতকাল আমরা আইনি নোটিশটি পেয়েছি। সেখানে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। আমাদের আইনজীবীরা এর জবাব দেবেন।’
অশোক পণ্ডিত আরও বলেন, ‘আমরা রণবীর সিংকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। আমরা তাঁর তারকাখ্যাতিকে সম্মান করি। কাউকে নিষিদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। আমরা আশা করছি, রণবীরের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’
এদিকে প্রবীণ প্রযোজক টি. পি. আগারওয়ালও এফডব্লিউআইসিইর সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বোম্বে সিভিল কোর্টে আবেদন করেছেন। তাঁর দাবি, কোনো ব্যক্তি, সংগঠন বা ট্রেড বডির আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করা বা অন্যদের তাঁর সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই।
অন্যদিকে রণবীর সিংয়ের বিরুদ্ধে নির্দেশ প্রত্যাহারের ঠিক আগে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া একটি বিবৃতি দিয়ে শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের শেষ মুহূর্তে প্রকল্প থেকে সরে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি বলেছে, এ ধরনের আচরণ প্রযোজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলে এবং চলচ্চিত্রশিল্পে পারস্পরিক আস্থা ও পেশাদারত্বের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
এনডিটিভি অবলম্বনে