ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। সম্প্রতি পলাশের বোন, গায়িকা পলক মুচ্ছলের সঙ্গে দেখা গেছে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে। আর তাতেই গুঞ্জন ছড়িয়েছে, তাঁদের পারিবারিক সম্পর্ক আগের মতোই মসৃণ হয়ে গেছে?
সম্প্রতি তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, স্মৃতি মান্ধানার বাবার পায়ে হাত রেখে আশীর্বাদ চাচ্ছেন পলক। অনেকেই এটিকে দুই পরিবারের মধ্যে সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত হিসেবে দেখছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই হয়েছে ভাইরাল।
গত বছরের ২৩ নভেম্বর পলাশ ও স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল, তবে সেদিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিয়ে স্থগিতের ঘোষণা দেন স্মৃতি। এর মাঝে পলাশও কয়েক ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলেন, পরে বাসায় ফেরেন।
তবে এরই মাঝে ইনস্টাগ্রাম বাগ্দান, গায়েহলুদসহ বিয়েসংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন স্মৃতি। এর মধ্যে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। মেরি ডি’কস্তা নামের এক নারীর সঙ্গে পলাশের অন্তরঙ্গ আলাপের স্ক্রিনশট ফাঁস হয়, বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। গুঞ্জন ওঠে, মেরির সঙ্গে আলাপের বিষয়টি জানার পর থেকে পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কে অবনতি ঘটে।
পলাশ পরে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে এক ধাপ পেছনে সরে যাচ্ছি। ভিত্তিহীন গুঞ্জনের কারণে মানুষ এত সহজে প্রতিক্রিয়া দেখায়, এটা আমাকে খুব কষ্ট দেয়। আশা করি, আমরা সমাজ হিসেবে আগে যাচাই না করে কারও বিচার না করি।’
পলক মুচ্ছলও এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেন।
বিয়ে বাতিল হওয়ার পর স্মৃতি ও পলাশ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন। এবার পলক মুচ্ছল ও স্মৃতির বাবার সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও কৌতূহল সৃষ্টি হয়েছে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে