
ল্যাকমে ফ্যাশন উইক ২০২৬-এর তৃতীয় দিন গতকাল শনিবার সকাল থেকেই তারকাদের উপস্থিতিতে জমে ওঠে মুম্বাইয়ের ফ্যাশনমঞ্চ। একের পর এক বলিউড অভিনেত্রী র্যাম্পে হাঁটেন নামী ডিজাইনারদের শোস্টপার হিসেবে। গ্ল্যামার, ঐতিহ্য, আধুনিকতা আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে দিনটির আয়োজন ছিল বৈচিত্র্যময়।
এদিন র্যাম্পে নজর কাড়েন নিমরাত কাউর, খুশি কাপুর, তামান্না ভাটিয়া, শানায়া কাপুর, ডায়না পেন্টি ও দিশা পাটানির মতো বলিউড তারকারা। তবে দিনের বড় খবর ছিল ডিজাইনার মনীশ মালহোত্রার বহুল প্রতীক্ষিত শো বাতিল হওয়া। কয়েক দিন আগে তাঁর মায়ের মৃত্যু হওয়ায় ব্যক্তিগত শোকের মধ্যে তিনি শো আয়োজন করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয়। তাঁর নির্ধারিত সময়েই পরে অনুষ্ঠিত হয় ডিজাইনার অনুরাগ গুপ্তার শো।
খুশির ঐতিহ্যবাহী আভা
ল্যাকমের মঞ্চে এদিন ঐতিহ্যবাহী সাজে হাজির হন অভিনেত্রী খুশি কাপুর। ডিজাইনার আয়েশা রাওয়ের তৈরি লেহেঙ্গায় তাঁকে দেখা যায় মোহনীয় রূপে। এর আগেও একাধিক ফ্যাশন উইকে অংশ নেওয়া খুশি এদিনও নিজের সাবলীল উপস্থিতি ও অনাড়ম্বর সৌন্দর্যে নজর কাড়েন।
নিমরাতের ফ্যাশনমন্ত্র
র্যাম্পে হাঁটার জন্য পার্টি-ওয়্যার অনুপ্রাণিত পোশাক বেছে নেন নিমরাত কাউর। তিনি নেন ‘যাযাবর’-এর সম্ভার থেকে নির্বাচিত একটি সাজ। শুধু পোশাক নয়, এদিন নিজের ফ্যাশন–ভাবনাও তুলে ধরেন নিমরাত। তাঁর মতে, শরীরের গড়নের সঙ্গে মানানসই পোশাকই একজন মানুষকে সবচেয়ে সুন্দর দেখায়।
শানায়ার মায়াবী আধুনিকতা
ডিজাইনার রীতিকা মিরচনদানির ‘কনফ্লুয়েন্স’ সংগ্রহের সমাপ্তি টানতে র্যাম্পে হাঁটেন শানায়া কাপুর। তাঁর লুকটিতে ছিল ঐতিহ্য আর আধুনিক গ্ল্যামারের মিশেল। ঝলমলে কালো-রুপালি স্কার্ট, উঁচু স্লিট, গভীর গলার ব্লাউজ আর অভিনবভাবে ড্রেপ করা দোপাট্টা—সব মিলিয়ে তাঁর পোশাকটি যেন এক নতুন ধাঁচের ককটেল শাড়ি। আত্মবিশ্বাসী উপস্থিতিতে শানায়া হয়ে ওঠেন শোয়ের অন্যতম আকর্ষণ।
নীলে মোড়া ডায়নার স্বস্তির ফ্যাশন
ডায়না পেন্টি এদিন র্যাম্পে হাজির হন নীল রঙের কাপ্তান টিউনিকে। ‘বারান্দা’র ‘ইন্ডিজেন’ শিরোনামের শোয়ে তাঁর উপস্থিতি যেন মঞ্চে একমুঠো সতেজতা ছড়িয়ে দেয়। ডিজাইনারের অনুপ্রেরণা ছিল ঠাকুরমার মুখে শোনা গল্প। ডায়না জানান, ল্যাকমের র্যাম্পে তিনি এর আগে বহুবার হাঁটলেও এত আরামদায়ক অথচ রুচিশীল পোশাক খুব কমই পরেছেন।
রক্তিম আভায় তামান্না
ডিজাইনার ভূমিকা শর্মার তৈরি লাল লেহেঙ্গা-চোলিতে এদিন র্যাম্পে ওঠেন তামান্না ভাটিয়া। কনের বেশে তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল ও জমকালো। গ্রীষ্মের বিয়ের আসরের জন্য হালকা অথচ দৃষ্টিনন্দন এই সাজ যে অনুপ্রেরণা হতে পারে, তা তামান্নার লুক দেখলেই বোঝা যায়।
ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন তাই ছিল দুই ভিন্ন আবহের মিশ্রণ। একদিকে তারকাদের ঝলমলে উপস্থিতি, অন্যদিকে ব্যক্তিগত শোকের কারণে মনীশ মালহোত্রার শো বাতিল—সব মিলিয়ে দিনটি হয়ে থাকল আলোচিত।