
২০২৫ সালে অন্তর্জালে ভাইরাল হন মোনালিসা ভোসলে। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন তুমুল আলোচিত, পাশাপাশি বলিউডেও অভিষেক হয়। পরিচালক সনোজ মিশ্রর নজরে পড়ায় তিনি তাঁকে একটি ছবিতে সই করান। এবার সেই সনোজ মিশ্রর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন মোনালিসা।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, তিনি সনোজ মিশ্রর হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এ অভিজ্ঞতার কথা স্মরণ করে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোনালিসা। জানান, একাধিকবার তাঁর সঙ্গে বাজে আচরণ করেছেন পরিচালক।
মোনালিসা তাঁর বক্তব্যে বলেন, ‘সনোজ মিশ্র মোটেই ভালো মানুষ নন। তিনি শারীরিকভাবে আমাকে হেনস্তা করেছেন।’ তাঁর অভিযোগ অনুযায়ী, নেপাল ও দেরাদুনে শুটিংয়ে এসব ঘটনা ঘটে। পরিচালক বারবার অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন তাঁকে।
মোনালিসা আরও দাবি করেন, ঘটনার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। বর্তমানে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানিয়েছেন।
মোনালিসা এদিন আরও বলেন, তিনি এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যদেরও জানিয়েছেন। কিন্তু তাঁরা তাঁকে সমর্থন করেননি। এদিন মোনালিসা যখন কথা বলছিলেন, তাঁর কথায় রাগ, ক্ষোভ, হতাশা দেখা দিচ্ছিল। বর্তমানে তিনি এর বিচার চান বলেই জানিয়েছেন। তাঁর দাবি, তিনি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেটা কেবল তিনিই জানেন।
মোনালিসা এদিন আরও বলেন, ‘আমি জানি আমার ওপর দিয়ে কী গেছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি কেবল বিচার চাই।’
তবে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন সনোজ মিশ্র। তাঁর দাবি, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মিশ্রর ভাষায়, তিনি মোনালিসাকে অভিনয় শেখাতে সাহায্য করেছেন। তাঁর অভিযোগ, ‘যাকে আমি সহযোগিতা করেছি, সে–ই এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
সনোজ মিশ্র আরও বলেন, মোনালিসার পরিবারের সদস্যরা দীর্ঘদিন তাঁর বাড়িতেই ছিলেন এবং পারিবারিক বিষয় নিয়েই এ বিরোধের সূত্রপাত।
মোনালিসা প্রায় এক বছর পর আবার খবরের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি তিনি তাঁর বাড়ি থেকে পালিয়ে কেরালায় চলে আসেন প্রেমিকের সঙ্গে। ছেলে অন্য ধর্মের হওয়ায় পরিবার বিরোধিতা করে। সে কারণে তিনি পালিয়ে আসেন। পরে কেরালার একটি মন্দিরে তাঁদের বিয়ে হয়।
তবে বিয়ের পর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন সাহায্য চেয়ে; কারণ, তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে মোনালিসা গুরুতর অভিযোগ আনলেন সনোজ মিশ্রর বিরুদ্ধে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে