শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা ছিল। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ। প্রায় একই সময়ে স্মৃতি মান্ধানাও বিষয়টি নিয়ে বিবৃতি দেন।
বাগ্দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।
প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।
এর দুই সপ্তাহ পর বিয়ে বাতিলের খবর এলো। বিবৃতিতে পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’
বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে জড়িয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দাবি করা হয়, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পলাশ।
গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পলাশ লিখেছেন, ‘যাঁরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’