‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী। আইএমডিবি
‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী। আইএমডিবি

অশালীন উপস্থাপনা নিয়ে তীব্র বিতর্ক, সেই দৃশ্য মুছে দিলেন নির্মাতারা

রামচরণের বহুল আলোচিত ছবি ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন জাহ্নবী কাপুর। ছবিতে তাঁর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক দর্শকের অভিযোগ ছিল, চরিত্রটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং গল্পে তাঁকে অশালীনভাবে তুলে ধরা হয়েছে।

দর্শকদের এই প্রতিক্রিয়ার পর ছবি মুক্তির কয়েক দিনের মধ্যেই নির্মাতারা দুঃখ প্রকাশ করেন। এবার ছবিটি থেকে বাদ পড়ছে কিছু বিতর্কিত দৃশ্য। তবে একই সঙ্গে পরিচালক বুচি বাবু সানা দাবি করেন, ছবির দৈর্ঘ্য কমানোর জন্য মুক্তির আগে রামচরণ ও জাহ্নবী কাপুরকে ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলা হয়েছিল। তাঁর মতে, ওই দৃশ্যগুলো থাকলে আচিয়াম্মার চরিত্রের আবেগ, সংগ্রাম ও গল্পে তাঁর গুরুত্ব আরও স্পষ্ট হতো।

পরিচালক জানান, ‘পেড্ডি’র প্রথম কাটের দৈর্ঘ্য ছিল প্রায় ১৮৯ মিনিট। পরে ছবিটিকে আরও গতিশীল করতে একাধিক দৃশ্য বাদ দেওয়া হয়। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া বিবেচনা করে নির্মাতারা এবার সিদ্ধান্ত নিয়েছেন, কাটা পড়া কিছু দৃশ্য আবার ছবিতে যুক্ত করা হবে।

ফলে ‘পেড্ডি’র প্রদর্শিত সংস্করণের দৈর্ঘ্য প্রায় ছয় মিনিট বেড়েছে। নতুন সংযোজিত দৃশ্যগুলো মূলত জাহ্নবী কাপুরের চরিত্রকে আরও গভীরতা দেওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছে। নির্মাতাদের বিশ্বাস, এতে আচিয়াম্মার গল্প ও তাঁর আবেগঘন যাত্রা দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য হবে।

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী। আইএমডিবি

জাহ্নবী কাপুরের জন্য ‘পেড্ডি’ বিশেষ গুরুত্বপূর্ণ একটি ছবি। ‘দেবারা: পার্ট ১’-এ জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেকের পর এটি তাঁর দ্বিতীয় বড় তেলেগু প্রকল্প। রামচরণের মতো সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধায় দক্ষিণি চলচ্চিত্রে তাঁর অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন অনেকে।
এদিকে মুক্তির পর থেকেই ‘পেড্ডি’ বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। ক্রীড়াভিত্তিক এই অ্যাকশন-ড্রামা তেলেগু ভাষার বাজারে বড় সাফল্য পেয়েছে। নির্মাতাদের দাবি, ছবিটি ইতিমধ্যে কয়েক শ কোটি রুপির ব্যবসা করেছে। যদিও হিন্দি ভাষার অঞ্চল ও আন্তর্জাতিক বাজারে ছবিটির সাফল্য তুলনামূলকভাবে সীমিত।

ছবিটির সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এসেছে রামচরণের অভিনয়। তাঁর শারীরিক রূপান্তর, আবেগপ্রবণ অভিনয় এবং পর্দা দখল করে রাখার ক্ষমতা দর্শক ও সমালোচক—দুই পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।

তবে পেড্ডি নিয়ে বিতর্ক এখনো থামেনি। বিশেষ করে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে যে প্রশ্ন উঠেছিল, নতুন দৃশ্য সংযোজন সেই বিতর্ক কতটা প্রশমিত করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। নির্মাতারা আশা করছেন, আচিয়াম্মার বিস্তৃত উপস্থিতি দর্শকদের ছবিটি নতুনভাবে মূল্যায়নের সুযোগ করে দেবে।

পিংকভিলা অবলম্বনে