সম্পত জে রাম
সম্পত জে রাম

হাতে কাজ নেই, কন্নড় তারকার ‘আত্মহত্যা’

মাসখানেক আগেই ভারতের জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের আত্মহত্যার খবর এসেছিল। সেই শোক সামলে ওঠার আগেই এবার কন্নড় টিভি তারকা সম্পত জে রামের আত্মহত্যার খবর মিলেছে।

গত শনিবার রাতে বেঙ্গালুরুর নেলমঙ্গলাতে নিজের বাসা থেকে ৩৫ বছর বয়সী এ অভিনয়শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ‘অগ্নিসাক্ষী’, ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন।

সম্পত জে রামের সহশিল্পীরা বলছেন, বেশ কিছু দিন ধরে হাতে কাজ না থাকায় মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। আর তাই আত্মহত্যার মতো কঠিন পদক্ষেপ বেছে নিয়েছিলেন তিনি। বছরখানেক আগে বিয়ে করেছিলেন সম্পত জে রাম।

সম্পত জে রামের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্য ও কন্নড় টেলিভিশন দুনিয়া। অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জ্ঞাপন করেছেন। গতকাল রোববার সম্পতের শেষকৃত্য তাঁর নিজের বাসা এনআর পুরাতে হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর কন্নড় টিভি অভিনেতা রবি প্রাসাদের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল।