নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং
নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত, মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা।

বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল। প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।

‘সিআইডি’র দৃশ্য। এক্স থেকে

অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ। বাইরে থেকে তাঁকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ। অমিতের কাছে তিনি ছিলেন বাবার মতো একজন মানুষ।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিতও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, বিপি সিং ছিলেন মেধাবী নির্মাতা, যিনি অপরাধভিত্তিক ধারাবাহিক সিআইডি এবং ভৌতিক গল্পের সংকলনধর্মী ধারাবাহিক আহট দিয়ে দেশের দর্শকদের মুগ্ধ করেছিলেন। তাঁর কাজ আগামী প্রজন্মের নির্মাতাদেরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অশোক।

সিআইডিতে দয়ার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দয়ানন্দ শেঠি বলেন, বিপি সিংয়ের জীবনে কাজের বাইরে যেন আর কিছুই ছিল না। কাজের প্রতি তাঁর নিবেদন ও ভালোবাসা ছিল প্রবল। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার কাজেও তিনি ছিলেন অন্যতম সেরা। বেশ কিছুদিন ধরেই তাঁর শরীর ভালো যাচ্ছিল না।

টেলিভিশনে অপরাধ ও রহস্যের জনপ্রিয় মুখ
ভারতীয় টেলিভিশনে অপরাধ ও রহস্যনির্ভর অনুষ্ঠানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিপি সিংয়ের বড় অবদান রয়েছে। তাঁর নির্মিত সিআইডি দীর্ঘ সময় দর্শকদের আগ্রহ ধরে রেখেছিল। অপরাধের তদন্ত, রহস্য উন্মোচন এবং তদন্তকারীদের দলগত অভিযান—এসব উপাদান ধারাবাহিকটিকে আলাদা পরিচিতি দেয়। এর চরিত্রগুলোও দর্শকের কাছে হয়ে ওঠে পরিচিত ও জনপ্রিয়।

অন্যদিকে ‘আহট’ ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের জন্য পরিচিতি পায়। প্রতিটি পর্বে ভিন্ন গল্প ও চরিত্র তুলে ধরার ধরন ধারাবাহিকটিকে আলাদা মাত্রা দিয়েছিল। দুই ধারাবাহিকের মাধ্যমেই বিপি সিং ভারতীয় টেলিভিশনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছেন।

দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে