
হাসপাতালে ভর্তি আছেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণের পর ১৭ ফেব্রুয়ারি থেকে তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার মধ্যরাতে সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে উপস্থিত আলোকচিত্রীরা খবরটি নিশ্চিত করেন।
গতকাল রাতে বাবা সেলিম খানের খবর নিতে হাসপাতালে পৌঁছান বড় পুত্র সালমান খান। তিনি হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই শাহরুখ খানকে সেখানে পৌঁছাতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা ভেতরে থাকার পর হাসপাতাল ত্যাগ করেন শাহরুখ।
সম্প্রতি সেলিম খানকে নিয়ে শাহরুখের এক পুরোনো সাক্ষাৎকার হয়েছে আবার ভাইরাল। ২০১৮ সালে সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ তাঁর শুরুর দিনের কথা স্মরণ করেন। তিনি জানান, দিল্লি থেকে মুম্বাইয়ে এসে অভিনেতা হওয়ার সংগ্রামের সময় সালমান খানের বাসায় খেতেন তিনি। শাহরুখ আরও বলেন, ‘আমি যখন প্রথম মুম্বাইয়ে আসি, তখন সালমানের বাড়িতেই খাওয়াদাওয়া করতাম। সেলিম খানজি আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁদের কারণেই আজ আমি “শাহরুখ খান” হতে পেরেছি।’
এদিন আরও কয়েকজন পরিচিত মুখকে হাসপাতালে যেতে দেখা যায়। সেলিম খানের আরেক পুত্র আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরাও হাসপাতালে যান। সেলিম খানের ছেলে-মেয়ে, পুত্রবধূ-জামাই, নাতি-নাতনিসহ পুরো খান পরিবার নিয়মিত হাসপাতালে গিয়ে তাঁর পাশে থাকছেন।
১৭ ফেব্রুয়ারি ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায়, বর্ষীয়ান এই চিত্রনাট্যকার ব্রেন হেমোরেজে আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পরদিন তাঁর ওপর ‘ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি’ (ডিএসএ) নামে একটি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
১৮ ফেব্রুয়ারি চিকিৎসক জলিল পারকার গণমাধ্যমকে জানান, পর্যবেক্ষণের জন্য সেলিম খানকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র তথ্য অনুযায়ী, পরিবারের সম্মতি ছাড়াই গোপন চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রকাশ করায় খান পরিবার অসন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছে।
পিঙ্কভিলা অবলম্বনে