সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই মুহূর্তে কারা জনপ্রিয়, সেটা খুব সহজেই দেখা যায়। মূলত ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণেই তারকাদের খবর নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়। কখনো কাজ বা তারকাদের নানা রকম মন্তব্য ঘিরেও তৈরি হয় ‘জনপ্রিয়তা’ ফেসবুকের ভাষায় ‘পপুলার নাউ’। এই ধারাবাহিকতায় আজ হঠাৎ শাকিব খান ও আফরান নিশো ফেসবুকে চর্চায় আছেন। শুধুই তাঁরাই নন, ফেসবুকে জনপ্রিয়তার এই কাতারে রয়েছেন ঢালিউডের আরও দুই নায়ক ও তিন নায়িকা। কারা তাঁরা?
গতকাল সোমবার হঠাৎ ফেসবুকে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রচারণার কিছু মন্তব্য ভাইরাল হয়। সেই মন্তব্য ঘিরেই তৈরি হয় ‘সমালোচনা’। অনেকে ধরে নিয়েছেন এই মন্তব্য শাকিবের উদ্দেশে করা হয়েছে। এই ঘটনা নিয়েই গতকাল থেকে ফেসবুকে দর্শকদের আগ্রহ দেখা গিয়েছিল। ফেসবুকে আফরান নিশোর ভাইরাল ভিডিওগুলো বেশি খোঁজা হচ্ছে। সেখানে সার্চে রয়েছে শাকিব খানের নাম। অন্যদিকে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার খবর জানতেও আগ্রহী দর্শকেরা। সিনেমার সব খবর ফেসবুকে ‘পপুলার নাউ’ দেখাচ্ছে, যা আগে কখনোই হয়নি।
সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমা ফেসবুকে জনপ্রিয়তা না পেলেও অপু বিশ্বাস এখন ফেসবুকে জনপ্রিয়। অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খান ঘিরেই নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি জানা যায়, শাকিব খান, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের সময়ে আর্থিক দিক থেকে সহায়তা করেছেন। এই নিয়ে ভক্তদের প্রশ্ন, আবার কি এক হচ্ছেন এই সাবেক তারকা দম্পতি? এসব খবরের ভিডিও ভক্তরা ফেসবুকে আগ্রহ নিয়ে খুঁজছেন। এমন আগ্রহ রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়েও। শাকিবের সঙ্গে বুবলীর বিয়ে, সম্পর্ক কী অবস্থায় রয়েছে, সেই খবরগুলো জানতেও আগ্রহ রয়েছে। যে কারণে ‘শাকিব বুবলী পপুলার নাউ’ দেখাচ্ছে।
এদিকে গত মাস থেকেই নতুন করে ফেসবুকে জনপ্রিয় শরীফুল রাজ ও পরীমনি দম্পতি। শোনা যাচ্ছিল, তাঁদের সংসার ভেঙে যাচ্ছে। সেই ঘটনা এখন কী অবস্থায় রয়েছে, সেটা জানতেই ভক্তদের তুমুল আগ্রহ। এই আগ্রহ দিনের পর দিন তাঁদের ফেসবুক জনপ্রিয় করে রেখেছে।
এর আগে শরীফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশার প্রকাশিত কিছু ভিডিও নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই থেকেই তানজিন তিশার খবর নিয়ে ভক্তদের আগ্রহ। এর সঙ্গে যোগ হয়েছে তানজিন তিশার ঈদের কাজ। তাঁর কাজগুলোও খোঁজা হচ্ছে ফেসবুকে। তানজিন তিশাও এখন ফেসবুকে জনপ্রিয়।
ছবিসংশ্লিষ্ট কাজে তাঁকে নিয়ে আলোচনা বেশি না হলেও ছবির বাইরের কাজ ঘিরে বরাবরই আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বিভিন্ন সময় দেওয়া তাঁর সাক্ষাৎকার এসব আলোচনার সূত্রপাত। সেসব আলোচনা এখনো এই অভিনেতাকে ফেসবুকে জনপ্রিয় করে রেখেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।