
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে জায়গা পায় তিন বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে তিন বিভাগে জায়গা পায় দেশি তিন সিনেমা। গতকাল শুক্রবার রাতে উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে ‘মাস্টার’। ছবিটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।
‘মাস্টার’ এ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার বেশি)। পাশাপাশি, ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকার বেশি টাকা পুরস্কার পেয়েছে ছবিটি।
‘মাস্টার’ চলচ্চিত্রটি এই পুরস্কারের জন্য লড়েছে বিশ্বখ্যাত সব নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজের সঙ্গে। প্রতিযোগিতায় ছিল এবারের অস্কার মনোনীত ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র তারকা অভিনেত্রী রেনেতে রেইনসভে অভিনীত ‘বাটারফ্লাই’, পিটার মুলেন অভিনীত ‘স্যার ওয়েদারফোর্ড’, ক্লাস ব্যাং অভিনীত ‘হোম’ এবং ইসাবেল স্যান্ডোভালের ‘মুনগ্লো’র মতো শক্তিশালী সব চলচ্চিত্র। বিশ্বমানের এই প্রতিযোগিতায় নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমর দুর্দান্ত অভিনয়সমৃদ্ধ ‘মাস্টার’ শেষ পর্যন্ত সেরার মুকুট ছিনিয়ে নেয়।
পুরস্কার ঘোষণার সময় রটারড্যাম উৎসবের জুরিবোর্ড ‘মাস্টার’ সম্পর্কে তাঁদের অফিশিয়াল বিবৃতিতে বলেন, ‘এটি একজন ব্যক্তির আদর্শ ধরে রাখার সংগ্রামের এক সর্বজনীন গল্প, যে শেষ পর্যন্ত ক্ষমতা ও পুঁজিবাদের প্রলুব্ধকর ও বিধ্বংসী শক্তির চাপে পিষ্ট হয়। আদর্শ বনাম দুর্নীতির একটি আপাতসহজ-সরল গল্প হিসেবে শুরু হলেও চলচ্চিত্রটি ধীরে ধীরে অত্যন্ত জটিল ও গভীর স্তরে উন্মোচিত হয়। চমৎকার অভিনয় আর প্রাণবন্ত দৃশ্যায়নের মাধ্যমে মূল চরিত্রটি নৈতিক দোলাচলের বিষয়টি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখিয়েছে কীভাবে শেষ পর্যন্ত ক্ষমতার জয় হয়।’
একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘মাস্টার’। এর আগে রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ বাংলাদেশে সেরা চলচ্চিত্রসহ মোট ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছিল। ‘মাস্টার’এবার বিশ্বমঞ্চে পুরস্কার জয় করল।