ঢালিউডে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিকমাধ্যমের নানা পোস্ট—দুই নায়িকাকে ঘিরে প্রায়ই তৈরি হয় আলোচনা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। শবনম বুবলীর সাম্প্রতিক এক ঘোষণার পরপরই অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।
নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তোলা ছবিগুলোয় তাঁকে দেখা যায় পরিপাটি ও অভিজাত সাজে। শাড়ির সঙ্গে মানানসই গয়না, মেকআপ ও স্টাইলিংয়ে অনেকেই অপুকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে পোস্টের ক্যাপশন। সেখানে অপু লিখেছেন, ‘স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।’
সৌন্দর্যবিষয়ক সাধারণ একটি মন্তব্য হলেও পরিস্থিতির কারণে নেটিজেনরা ভিন্ন ব্যাখ্যা খুঁজতে শুরু করেন। কারণ, এর ঠিক এক দিন আগে গত শুক্রবার শবনম বুবলী সামাজিকমাধ্যমে জানান, তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন শবনম বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান।
এরই ধারাবাহিকতায় অনেকেই অপু বিশ্বাসের পোস্টকে শবনম বুবলীর ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। কেউ কেউ মন্তব্যে সরাসরি দুই নায়িকার প্রসঙ্গ টেনে আনছেন। আবার কেউ এটিকে নিছক একটি ফটোশুটের পোস্ট বলেই মনে করছেন।
ঢালিউডের দর্শকদের কাছে অপু-বুবলীর সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। শাকিব খানকে ঘিরে দুই নায়িকার ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট, মন্তব্য কিংবা নীরবতাও অনেক সময় আলোচনার খোরাক জুগিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে সরাসরি কোনো বাগ্যুদ্ধ দেখা যায়নি। তবু ভক্তদের একাংশ প্রায়ই তাঁদের পোস্টে পরোক্ষ বার্তা বা ভার্চ্যুয়াল দ্বন্দ্বের ইঙ্গিত খোঁজেন।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে রয়েছে একমাত্র পুত্রসন্তান আব্রাহাম খান জয়। অন্যদিকে শাকিব খান-শবনম বুবলী সংসারেও রয়েছে পুত্রসন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁদের সন্তান শেহজাদের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী। জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হা্সপাতালে বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে।