আজ ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহাল’

অভিনেতা ফারুক আহমেদ ‘রঙমহাল’ নাটকের নির্দেশনা দিচ্ছেন
কোলাজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’-এ আজ সন্ধ্যা ৭টায় ‘রঙমহাল’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে।

ফারুক আহমেদ জানান, এটা তাঁর নির্দেশিত প্রথম মঞ্চনাটক। এটি নির্দেশনা করতে গিয়ে একধরনের চাপে রয়েছেন। কারণ, একদল তরুণদের নিয়ে কাজ করছেন। এটা তাঁর জন্য নতুন অভিজ্ঞতা।

জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটারের রঙমহাল নাটকের মহড়ায় নাসরিন নাহারসহ অনেকে

ফারুক আহমেদ বলেন, ‘ডিসেম্বরে আমাদের নাটকের প্রথম প্রদর্শনী হয়। তখন দর্শকেরা এটি পছন্দ করেছিলেন। এবার আরও নতুনভাবে আসছি। আমাদের নাটকে একঝাঁক তরুণ ছেলে–মেয়ে রয়েছে। সবাই প্রতিভাবান। তাদের সঙ্গে এখন বোঝাপড়া ভালো। নাটকটি দেখে দর্শকেরা হতাশ হবেন না, এটি নির্দ্বিধায় বলতে পারি।’

অভিনেতা ফারুক আহমেদ। ছবি: ফেসবুক থেকে

এই ‘রঙমহাল’ নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। এতে অভিনয় করেছেন নাসরিন নাহার, মিলু চৌধুরী, ফারজানা চুমকি, বদরুজ্জামান বাদল, মোস্তফা রতন, হাবিবা আজিজ, অনিক ইসলামসহ অনেকে। এটি ঢাকা থিয়েটারে ৫৪তম প্রযোজনা। গত ১৮ ডিসেম্বর নাটকটির মহিলা সমিতির মঞ্চে উদ্বোধনী প্রদর্শনী হয়।

নাটকটির পোস্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্যসংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে ১২ জুন থেকে শুরু হয়েছে ‘নতুন নাটকের উৎসব-২০২৬’। এটি চলবে ১৯ জুন পর্যন্ত।