আজ শুক্রবার নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর বিনোদন অঙ্গন। প্রদর্শনী প্রতিযোগিতাসহ এদিন থাকবে বেশ কয়েকটি নাটকের পরিবেশনা।

নাটক
মহিলা সমিতি মিলনায়তনে ‘মাংকি ট্রায়াল’
মুক্তচিন্তা প্রকাশের পথে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরতে বাতিঘর নির্মাণ করেছে নাটক ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির মূল গল্প অবলম্বনে মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। ‘মাংকি ট্রায়াল’-এর গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্ মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
সংগীত
সত্যেন সেন গণসংগীত উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হবে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’র জাতীয় পর্যায়ের আসর।
স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘শিক্ষাগুরু ওয়াহিদুল হক জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠান’
১৬ মার্চ কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের ৯১তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে আজ স্টুডিও থিয়েটার মিলনায়তনে কণ্ঠশীলন আয়োজন করেছে ‘শিক্ষাগুরু ওয়াহিদুল হক জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠান’।
গোলাম সারোয়ারের গ্রন্থনা ও নির্দেশনায় অনুষ্ঠানে আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’ পরিবেশিত হবে।