নাটকটি মঞ্চে আনছে স্পর্ধা
নাটকটি মঞ্চে আনছে স্পর্ধা

মহিলা সমিতিতে আজ ‘গোলমাথা আর চোখামাথা’

‘গোলমাথা আর চোখামাথা’ নিয়ে আসছে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বেইলির রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী রয়েছে। আগামীকাল শনিবার একই সময়ে একই জায়গায় হবে দ্বিতীয় প্রদর্শনী।

জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু এবং নির্দেশনা দিচ্ছেন মহসিনা আক্তার।

নাটকটি নিয়ে স্পর্ধা বলছে, ‘দীর্ঘদিনের অভিনয় প্রশিক্ষণ শেষে স্পর্ধার প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এ প্রযোজনার মধ্য দিয়ে তাঁদের শেখার যাত্রার শেষ ধাপটি মঞ্চে তুলে ধরবেন। ব্যঙ্গ, হাস্যরস আর প্রশ্নের ভেতর দিয়ে এগোনো এই নাটক আমাদের সমাজকে নতুন করে ভাবতে আমন্ত্রণ জানাবে।’

‘গোলমাথা আর চোখামাথা’ নিয়ে আসছে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস

কেন নাটকটি করছেন? জানতে চাইলে নির্দেশক মহসিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুটো কারণে নাটকটা করার সিদ্ধান্ত নিই। প্রথমত, ব্রেখটের তীক্ষ্ণ রাজনৈতিক সচেতনতা। গণ–অভ্যুত্থান–পরবর্তী আমাদের দেশের অবস্থাকে এত ভালোভাবে আর কোনো নাটক চিত্রিত করতে পারত বলে আমার মনে হয় না।  আমরা দেখেছি, প্রপাগান্ডা চালিয়ে, প্রয়োজনমতো ইস্যু বদলিয়ে, কীভাবে শাসকেরা এবং তার চারপাশের কুশীলবরা ফায়দা নেয়। ক্ষমতা প্রতিবারই বদলায়, কিন্তু জনতার ভাগ্য বদলায় না। শাসক বদলালেই জনতার ভাগ্য বদলাবে না, যতক্ষণ না ক্ষমতার কাঠামো বদলাবে। সে পর্যন্ত জনগণকে একত্রে চেষ্টা চালিয়ে যেতে হবে।’

নির্দেশক বলেন, ‘অন্য কারণটি স্পর্ধা একাডেমি অব পারফরমিং আর্টস। আমরা অনেক বছর ধরে একটা একাডেমি চালু করতে চেয়েছি। যেখানে সৃজনশীল মানুষ আসবেন অভিনয় নিয়ে কাজ করতে। যাঁদের অপরিসীম আকাঙ্ক্ষা নতুনের সৃষ্টিতে। তাঁদের সার্টিফিকেট, নম্বরপ্রাপ্তির কোনো চাপ নাই। সে যাত্রা শুরু করেছিলাম আমরা জানুয়ারি মাসে। চার মাস ধরে অভিনেতারা তৈরি হচ্ছেন। তাঁদের নিয়ে বড় একটা ক্যানভাসে কাজ করতে চেয়েছি। কারণ, একজন অভিনেতা যতই তত্ত্ব জানুক বা প্র্যাকটিস করুক, যতক্ষণ পর্যন্ত না সে দর্শকের মুখোমুখি দাঁড়াবে, ততক্ষণ শিখবে না।  আমি তাঁদের সাহস দিতে চেয়েছি। তাঁদের বোঝাতে চেয়েছি, চাইলে হয় না, এমন কিছু নাই। বলেছি, আপনি এই প্রযোজনার চাপে যা শিখবেন, সারা বছর চেষ্টা করেও পারবেন না। বেশির ভাগ নবীন অভিনেতাদের নিয়ে এমন নাটক করা পাগলামি, বোকামি, আমি জানি। কিন্তু সৃষ্টিশীল মানুষ শেষ পর্যন্ত পাগলই। আমি জানি, আমি পড়ে যেতে পারি, কিন্তু আমি জানি, আমার এই অভিনেতারা আমার সাথে আছেন। হয় তাঁরা একসাথে পেরিয়ে যাবেন, না হয় পড়ে যাবেন কোনো দিন আবার উঠে দাঁড়াবার জন্য।’

টিকিট বিক্রির ওয়েবসাইট কুইকিটে নাটকটির টিকিট পাওয়া যাচ্ছে।