ম্যাকলে কালকিন। কোলাজ
ম্যাকলে কালকিন। কোলাজ

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

বড়দিনের ছুটিতে বাড়িতে একা পড়ে যাওয়া ছোট্ট ছেলেটি। আর সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে বুদ্ধি আর নানা ফাঁদে নাস্তানাবুদ করার গল্প। ১৯৯০ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ‘হোম অ্যালোন’ আজও দর্শকের কাছে বড়দিনের অন্যতম প্রিয় সিনেমা। সেই সিনেমার কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ম্যাকলে কালকিন। এবার ৩৬ বছর পর আবারও সেই চরিত্রে ফিরতে যাচ্ছেন তিনি।

হলিউডের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজি নতুন একটি সিনেমা তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে কেভিন চরিত্রে দেখা যেতে পারে ম্যাকলে কালকিনকে। সিনেমাটি প্রযোজনা করবে ডিজনি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

নতুন সিনেমার চিত্রনাট্য লেখা ও প্রযোজনার সঙ্গে যুক্ত থাকছেন ‘পয়েন্ট গ্রে’ প্রযোজনা সংস্থার সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ। তাঁরা কালকিনের সঙ্গে মিলে সিনেমাটির গল্প নিয়ে কাজ করছেন।

বাবা হিসেবে ফিরবেন কেভিন
নতুন সিনেমার গল্পের ভাবনাটি নাকি এসেছে স্বয়ং ম্যাকলে কালকিনের কাছ থেকেই। প্রতিবেদন অনুযায়ী, ডিজনি মোশন পিকচার্সের ডেভিড গ্রিনবামের কাছে ‘হোম অ্যালোন’-এর নতুন কিস্তির একটি ধারণা তুলে ধরেছিলেন অভিনেতা। গত গ্রীষ্মে এ নিয়ে তাঁদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে।

এবার গল্পের কেন্দ্রে থাকবে বড় হয়ে যাওয়া কেভিন। আগের সিনেমায় যে শিশুকে মা-বাবা ভুল করে বাড়িতে একা রেখে গিয়েছিলেন, নতুন গল্পে সে নিজেই একজন বাবা। ফলে কাহিনিতে আসতে পারে নতুন পারিবারিক সমীকরণ।

কালকিনের প্রস্তাবিত গল্পে কেভিন একজন বিধবা কিংবা বিচ্ছিন্ন বাবা। একাই সন্তানকে বড় করছেন তিনি। একসময় কোনো কারণে তিনি নিজের বাড়ির বাইরে আটকা পড়বেন। আর বাড়ির ভেতরে থাকা তাঁর সন্তান বাবাকে ঠেকাতে নানা ফাঁদ পাতবে। অর্থাৎ প্রথম সিনেমায় কেভিন যেভাবে দুই চোরের বিরুদ্ধে বাড়িকে দুর্গ বানিয়ে ফেলেছিল, এবার সেই পরিস্থিতির উল্টো চিত্র দেখা যাবে। এবার কেভিনই থাকবেন বাড়ির বাইরে, আর ফাঁদ পাতবে তাঁর সন্তান।

২০২৫ সালের নভেম্বরে ‘আ নস্টালজিক নাইট উইথ ম্যাকলে কালকিন’ নামের এক অনুষ্ঠানে নিজের পুরোনো চরিত্রে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন অভিনেতা। তখন তিনি বলেছিলেন, উপযুক্ত গল্প ও পরিকল্পনা পেলে কেভিন চরিত্রে ফিরতে তাঁর আপত্তি নেই। তবে কেবল পুরোনো জনপ্রিয়তাকে পুঁজি করে নতুন সিনেমা করতে চান না তিনি।

কেভিন থেকে ম্যাকলে কালকিন
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘হোম অ্যালোন’ পরিচালনা করেছিলেন ক্রিস কলম্বাস। সিনেমাটিতে আট বছর বয়সী কেভিন ম্যাকক্যালিস্টারকে ভুল করে বাড়িতে একা রেখে ইউরোপে ছুটি কাটাতে চলে যায় তার পরিবার। বাড়িতে ঢোকার চেষ্টা করে দুই চোর। কিন্তু ছোট্ট কেভিনের বুদ্ধি ও বিচিত্র সব ফাঁদে শেষ পর্যন্ত নাকাল হতে হয় তাদের।
সিনেমাটিতে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ম্যাকলে কালকিন। তাঁর অভিনয়, শিশুসুলভ দুষ্টুমি আর চোরদের সঙ্গে বুদ্ধির লড়াই দর্শকদের মন জয় করে। সিনেমাটির সাফল্যের পর ১৯৯২ সালে মুক্তি পায় ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। দ্বিতীয় কিস্তিতেও কেভিন চরিত্রে ছিলেন কালকিন। প্রথম দুই সিনেমা মিলিয়ে বিশ্বজুড়ে আয় করেছিল ৮৩ কোটি ৬২ লাখ ডলার।

এরপর সিরিজটির আরও কয়েকটি কিস্তি তৈরি হয়েছে। ১৯৯৭ সালে মুক্তি পায় ‘হোম অ্যালোন ৩’। ২০০২ সালে আসে টেলিভিশনের জন্য নির্মিত ‘হোম অ্যালোন ৪’। পরে ২০১২ সালে ‘হোম অ্যালোন: দ্য হলিডে হাইস্ট’এবং ২০২১ সালে ওটিটির জন্য ‘হোম সুইট হোম অ্যালোন’ মুক্তি পায়। তবে কোনো কিস্তিই প্রথম দুই সিনেমার জনপ্রিয়তা ছুঁতে পারেনি। ম্যাকলে কালকিনের কেভিনের জায়গাও নিতে পারেননি পরবর্তী সিনেমাগুলোর অভিনেতারা।

‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্র কেভিন রূপে পর্দায় হাজির হয়েছিলেন ম্যাকোলি কালকিন। কোলাজ

এত দিন কোথায় ছিলেন
১৯৮০ সালের ২৬ আগস্ট নিউইয়র্কে জন্ম ম্যাকলে কারসন কালকিনের। সাত ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। মাত্র চার বছর বয়সে অভিনয়ের জগতে পা রাখেন। মঞ্চনাটক, টেলিভিশন ও বিজ্ঞাপনে কাজ করতে করতেই ক্যামেরার সামনে অভ্যস্ত হয়ে ওঠেন।

১৯৮৯ সালে জন ক্যান্ডির সঙ্গে ‘আঙ্কল বাক’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। পরের বছর ‘হোম অ্যালোন’ তাঁকে পৌঁছে দেয় আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে। সিনেমাটির সাফল্যের পর ১৯৯২ সালে মুক্তি পায় ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। সেখানেও কেভিন চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মন জয় করে।

এই সময়টায় একের পর এক সিনেমায় অভিনয় করেছেন কালকিন। ১৯৯১ সালে ‘মাই গার্ল’ সিনেমায় আনা চামস্কির সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তবে এটি ছিল ‘হোম অ্যালোন’ থেকে একেবারেই আলাদা ধরনের সিনেমা। ১৯৯৩ সালে ‘দ্য গুড সন’-এ তাঁকে দেখা যায় ভয়ংকর এক শিশুর চরিত্রে। ১৯৯৪ সালে মুক্তি পায় ‘গেটিং ইভেন উইথ ড্যাড’ ও ‘রিচি রিচ’। শেষের সিনেমাটিতে বিশ্বের অন্যতম ধনী এক শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কিন্তু এত সাফল্যের মধ্যেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন কালকিন। মাত্র ১৪ বছর বয়সে কার্যত ইতি টানেন শিশুশিল্পীর জীবন। কালকিনের অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে ছিল একাধিক কারণ। শৈশবের বড় একটা সময় কেটেছে শুটিং সেটে। স্কুল, বন্ধু, স্বাভাবিক কৈশোর—সবকিছুর চেয়ে বেশি সময় দিতে হয়েছে অভিনয়ে।

২০১৮ সালে এলেন ডিজেনেরেসের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অল্প কয়েক বছরে প্রায় ১৪টি সিনেমায় অভিনয় করেছিলেন। কাজের জন্য বাড়ির বাইরে থাকতে হতো, স্কুলেও নিয়মিত যাওয়া সম্ভব হতো না। একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন।

পরে নিজের কৈশোরের কথা বলতে গিয়ে কালকিন আরও খোলামেলা হয়েছেন। তাঁর ভাষ্য, অন্য কিশোরদের মতো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, প্রেম করতে, পার্টিতে যেতে এবং জীবনের সাধারণ অভিজ্ঞতাগুলো অর্জন করতে চেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে যে জীবন পেয়েছিলেন, তার বাইরে নিজের পরিচয় খুঁজতে চেয়েছিলেন।
এ সিদ্ধান্তের পেছনে পরিবারের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। তাঁর বাবা কিট কালকিনই ছিলেন শৈশবে তাঁর ম্যানেজার। ম্যাকলের বিপুল উপার্জন ও ক্যারিয়ার পরিচালনা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি তাঁর মা-বাবার বিচ্ছেদ এবং সন্তানদের অভিভাবকত্ব ও সম্পদ নিয়ে আইনি লড়াই সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।

‘হোম অ্যালোন’ সিনেমায় ম্যাকোলি কালকিন। আইএমডিবি

একসময় বাবার সঙ্গে সম্পর্কও তিক্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে ম্যাকলে জানিয়েছেন, নিজের কাজ ও উপার্জনের ওপর নিয়ন্ত্রণ না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করতেন। তাই অভিনয় থেকে সরে দাঁড়ানো ছিল তাঁর নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ারও একটি উপায়।

বিরতির পর ফিরলেন অন্য এক ম্যাকলে
অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক বছর নিজের মতো করে জীবন কাটান কালকিন। এরপর ২০০৩ সালে ‘পার্টি মনস্টার’ সিনেমার মধ্য দিয়ে ফিরে আসেন। বাস্তবের আলোচিত নাইটক্লাব উদ্যোক্তা মাইকেল অ্যালিগের চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি ছিল অন্ধকার, বিতর্কিত ও জটিল। কেভিনের নিষ্পাপ চেহারার সঙ্গে এর কোনো মিল ছিল না।

২০০৪ সালে ‘সেভড!’ সিনেমায় অভিনয় করেন। ধর্মীয় বিশ্বাস, কিশোর বয়সের সংকট ও সামাজিক ভন্ডামি নিয়ে নির্মিত এই ব্যঙ্গাত্মক সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পায়। ২০০৭ সালে ‘সেক্স অ্যান্ড ব্রেকফাস্ট’-এও দেখা যায় তাঁকে। তবে বড় পর্দায় আগের জনপ্রিয়তা আর ফিরে আসেনি।

২০০৬ সালে প্রকাশ করেন আত্মজীবনীমূলক উপন্যাস ‘জুনিয়র’। নিজের শৈশব, খ্যাতি, পরিবার ও ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক উঠে আসে বইটিতে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও স্বাধীন ধারার শিল্পচর্চায়ও আগ্রহী হয়ে ওঠেন তিনি।
২০০৪ সালে মাদক রাখার অভিযোগে ওকলাহোমায় গ্রেপ্তার হওয়ার ঘটনাও তাঁর জীবনকে আলোচনায় নিয়ে আসে। পরে অভিযোগের বিষয়ে আদালতে দোষ স্বীকার করেন এবং স্থগিত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হন। এ ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা হলেও কালকিন পরে নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ম্যাকলে কালকিন। রয়টার্স

অভিনয় ছেড়ে সংগীত আর নিজের মতো জীবন
অভিনয়ে নিয়মিত না থাকলেও সৃজনশীল কাজ থেকে পুরোপুরি দূরে ছিলেন না কালকিন। ২০১৩ সালে গড়ে তোলেন ব্যতিক্রমী একটি ব্যান্ড ‘দ্য পিৎজা আন্ডারগ্রাউন্ড’। বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড’-এর গানগুলোকে পিৎজা নিয়ে মজার কথায় রূপান্তর করত এই দল। গান, মঞ্চ পরিবেশনা—সবকিছুতেই ছিল হাস্যরসের ছাপ। ২০১৬ সালে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ সময় নিজের ব্যক্তিগত ওয়েবসাইট ও পডকাস্ট নিয়েও কাজ করেছেন কালকিন। ‘বানি ইয়ার্স’ নামে তাঁর একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ও পডকাস্ট ছিল। সেখানে তারকাদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি জীবনযাপন নিয়ে মজার ছলে আলোচনা করতেন তিনি।

ব্যক্তিগত জীবনেও কম ঝড় যায়নি
ম্যাকলে কালকিনের প্রেম ও ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে অভিনেত্রী র‍্যাচেল মাইনারকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার টেকেনি। ২০০০ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এরপর ২০০২ সালে অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে সম্পর্কে জড়ান কালকিন। প্রায় আট বছর তাঁদের সম্পর্ক ছিল। ২০১১ সালে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

২০১৭ সালে অভিনেত্রী ব্রেন্ডা সংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের খবর সামনে আসে। ২০১৮ সালে ‘চেঞ্জল্যান্ড’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। ২০২১ সালের এপ্রিলে তাঁদের প্রথম সন্তান ডাকোটা সং কালকিনের জন্ম হয়। ২০২২ সালে আসে দ্বিতীয় সন্তান কারসন। পরে ব্রেন্ডা সংয়ের সঙ্গে সংসার গড়েন কালকিন।

নতুন করে অভিনয়ে ফেরা
দীর্ঘ বিরতির পর ২০২১ সালে রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘আমেরিকান হরর স্টোরি: ডাবল ফিচার’-এ অভিনয় করে আবার আলোচনায় আসেন কালকিন। সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছোটবেলার চেনা কেভিনের সঙ্গে এই চরিত্রের কোনো মিল ছিল না। বরং প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পান তিনি।

এরপর ২০২২ সালে ‘দ্য রাইটিয়াস জেমস্টোনস’ সিরিজে অভিনয় করেন। একই বছর কিড কুডির অ্যানিমেটেড সিনেমা ‘এন্টারগ্যালাকটিক’-এ কণ্ঠ দেন। স্বাধীন ধারার সিনেমাতেও কাজ চালিয়ে যান।

২০২৩ সালের ১ ডিসেম্বর তাঁর জীবনে আসে বিশেষ এক মুহূর্ত। হলিউডের ওয়াক অব ফেমে নিজের নামে তারকা পান কালকিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হোম অ্যালোন’ সিনেমার তাঁর মা চরিত্রের অভিনেত্রী ক্যাথরিন ও’হারা। আবেগঘন বক্তব্যে কালকিনকে শুভেচ্ছা জানান তিনি। একসময় পর্দার মায়ের কাছ থেকে পাওয়া সেই স্বীকৃতি যেন বহু বছর পর পুরোনো সম্পর্কের নতুন উদ্‌যাপন।

২০২৫ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া ২’-এ ক্যাটরিক্স লিংক্সলি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কালকিন। একই সময়ে আলোচনায় আসে তাঁর আরেকটি বড় কাজ-অ্যামাজনের জনপ্রিয় সিরিজ ‘ফলআউট’-এর দ্বিতীয় মৌসুমে অভিনয়। সেখানে তাঁকে দেখা গেছে ভিন্ন ধরনের চরিত্রে।

দ্য হলিউড রিপোর্টার ও আইএমডিবি অবলম্বনে