
হলিউড অভিনেত্রী লিলি কলিনসের বাগ্দানের কোটি টাকা মূল্যের আংটি খোয়া গেছে। গত শনিবার লস অ্যাঞ্জেলেসের এক হোটেল থেকে তাঁর আংটিসহ বেশ কিছু গয়না চুরি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল।
সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়, স্পা করাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে হোটেল কক্ষের সিন্দুকে রেখে যান লিলি। ফিরে এসে তা আর পাননি তিনি।
এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে জানা গেছে, সেই সময়ে বাইরের কেউ হোটেলে প্রবেশ করেনি। ফলে হোটেলের ভেতরের কেউ চুরি করেছেন বলে সন্দেহ করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। আংটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
২০২০ সালে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে বাগ্দান সারেন ‘এমিলি ইন প্যারিস’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী লিলি। লিলিকে নিজের নকশায় কোটি টাকা মূল্যের আংটি উপহার দেন ম্যাকডাওয়েল।
জুয়েলারি প্রতিষ্ঠান জেসিকা ফ্লিনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসিকা ফ্লিন অ্যালেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পপসুগারকে জানান, প্রায় তিন ক্যারেট ওজনের আংটির (বাগ্দানের আংটি) আনুমানিক দাম ১ লাখ ২৪ হাজার ইউএস ডলার; বাংলাদেশি টাকায় ১ কোটি ৩৪ হাজার টাকার মতো।
২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন ম্যাকডাওয়েল ও কলিনস। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। বিয়েতেও আংটি উপহার পেয়েছিলেন লিলি, বিয়ের আংটিও খোয়া গেছে।