দি পলের সঙ্গে টিনি স্তোসেল
দি পলের সঙ্গে টিনি স্তোসেল

আর্জেন্টিনায় দি পলের চেয়েও কি তাঁর প্রেমিকা বেশি জনপ্রিয়

আর্জেন্টিনার ফুটবল তারকা রদ্রিগো দি পল ও জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেত্রী টিনি স্তোসেল এখন ক্রীড়া ও বিনোদনজগতের আলোচিত জুটি। ২০২২ সালে তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর ২০২৩ সালে সাময়িক বিচ্ছেদ হলেও ২০২৫ সালে আবার এক হন তাঁরা। ২০২৬ সালের মে মাসে বাগ্‌দানের ঘোষণা দেন এই জুটি।

মঞ্চে টিনি স্তোসেল

ডিজনি তারকা থেকে জনপ্রিয় পপশিল্পী
টিনির আসল নাম মার্তিনা স্তোসেল। মঞ্চনাম টিনি হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। কিশোরী বয়সে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লাতিন আমেরিকার ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘ভিওলেত্তা’তে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০১৬ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘টিনি’। অ্যালবামটি আর্জেন্টিনার সংগীত তালিকার শীর্ষে ওঠে এবং ইউরোপের কয়েকটি দেশেও সেরা ১০–এ জায়গা করে নেয়। এরপর ২০১৮ সালে প্রকাশ করেন দ্বিতীয় অ্যালবাম ‘কিয়েরো ভলভের’। এটিও ইউরোপের শীর্ষ তালিকায় জায়গা পায়।

২০২০ সালে প্রকাশিত ‘টিনি টিনি টিনি’ অ্যালবামের মাধ্যমে আরও বড় সাফল্য পান টিনি। অ্যালবামটি আর্জেন্টিনায় কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে। ২০২৩ সালের ‘কুপিদো’ অ্যালবামের ‘মিয়েন্তেমে’, ‘বার’ ও ‘লা ত্রিপলে তি’ গানগুলো ব্যাপক জনপ্রিয় হয়।

‘কুপিদো’ অ্যালবামটি ২০২০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের সেরা ১০ অ্যালবামের তালিকায় জায়গা পাওয়া প্রথম আর্জেন্টাইন অ্যালবামগুলোর একটি। ২০২৪ সালে প্রকাশিত তাঁর সর্বশেষ অ্যালবাম ‘উন মেচোন দে পেলো’-তেও রয়েছে জনপ্রিয় গান ‘পা’।

ক্যারিয়ারে চারটি বড় বিশ্বসফর করেছেন টিনি। বর্তমানে তাঁর ‘ফুতুরা ওয়ার্ল্ড ট্যুর’ চলছে, যা ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত চলার কথা। বিশ্বখ্যাত ডিজে ও সংগীত প্রযোজক স্টিভ আওকি, লাতিন পপশিল্পী বেকি জি এবং ব্রাজিলিয়ান পপ তারকা আনিত্তার সঙ্গে কাজ করেছেন টিনি।

দি পলের সঙ্গে টিনি স্তোসেল

২০২২ সালে শুরু সম্পর্ক
২০২২ সালের আগস্টে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে টিনির সঙ্গে সম্পর্কের কথা জানান রদ্রিগো দি পল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই দিনগুলোর জন্য ধন্যবাদ।’

এর আগে আর্জেন্টাইন মডেল কামিলা হোমসের সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিল দি পলের। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির দুই সন্তান—মেয়ে ফ্রান্সেসকা ও ছেলে বাউতিস্তা।

এ বিচ্ছেদের মধ্যেই টিনির সঙ্গে সম্পর্কে জড়ান দি পল। তবে এক বছরের মধ্যেই এ সম্পর্কেও ফাটল ধরে। ২০২৩ সালের আগস্টে টিনি সামাজিক যোগযোগমাধ্যমে জানান, তাঁদের সম্পর্ক এখানেই শেষ।

টিনি লিখেছিলেন, ‘রদ্রিগো ও আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এমন একজন মানুষকে জানার সুযোগ পেয়েছি, যাকে আমি ভালোবাসি ও সম্মান করি।’

২০২৫ সালের এপ্রিলে স্পেনের মাদ্রিদে একটি টেনিস ম্যাচে আবারও একসঙ্গে দেখা যায় টিনি ও পলকে। এরপর সম্পর্ক পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেন তাঁরা।

দি পলের সঙ্গে টিনি স্তোসেল

একে অন্যের পাশে ছিলেন সব সময়
নিজেদের ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেও একে অন্যের বড় সমর্থক ছিলেন রদ্রিগো দি পল ও টিনি। ২০২২ বিশ্বকাপ জয়ের আগে টিনিকে উদ্দেশ করে দি পল লিখেছিলেন, কঠিন সময়ে যখন অনেকে তাঁর পাশে ছিলেন না, তখন টিনি তাঁর হাত ধরে বলেছিলেন—‘তুমি একা নও।’

অন্যদিকে বুয়েনস এইরেসে টিনির কনসার্ট সফল হওয়ার পর দি পল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। তিনি লিখেছিলেন, ‘তোমার সাফল্য দেখে আমি গর্বিত।’

টিনিও নিয়মিত দি পলের ফুটবল ম্যাচে উপস্থিত থেকে তাঁকে সমর্থন দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপেও তাঁকে গ্যালারিতে দেখা গেছে।

দি পলের সঙ্গে টিনি স্তোসেল

২০২৬ সালে বাগ্‌দানের ঘোষণা
২০২৬ সালের মে মাসে রদ্রিগো দি পল ইনস্টাগ্রাম স্টোরিতে টিনির বাগ্‌দানের আংটির ছবি প্রকাশ করেন। মারকুইজ আকৃতির হীরার আংটির ছবির সঙ্গে দি পল লেখেন, ‘তুমি আমার জীবনের সঙ্গী, আমার সবচেয়ে বড় পাওয়া। তুমি সব সময় আমার পাশে থেকো। আমি তোমাকে ভালোবাসি।’
পিপলডটকম অবলম্বনে