সময় ও জীবনের সত্য ছুঁয়ে গেলেন গায়ক ইভান

জুনায়েদ ইভান। ছবি: ফেসবুক থেকে
জুনায়েদ ইভান। ছবি: ফেসবুক থেকে

সময়ের সঙ্গে বদলে যায় মানুষ, বদলে যায় অনুভূতি আর সম্পর্কের রং—সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন কথাই মনে করিয়ে দিলেন গায়ক জুনায়েদ ইভান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জীবনের পরিবর্তনশীলতা নিয়ে লিখেছেন আবেগঘন কিছু কথা, যা নেটিজেনদের মধ্যেও তৈরি করেছে নানা প্রতিক্রিয়া।

জুনায়েদ ইভান। ছবি: ফেসবুক থেকে

অ্যাশেজের এই ভোকালিস্ট স্ট্যাটাসে জুনায়েদ ইভান লিখেছেন, ‘কোনো কিছু আগের মতো নেই। আপনার শরীর, মন, পছন্দের তালিকা, বয়স, চিন্তা—সবকিছুই পরিবর্তনশীল। আপনি প্রতারণা করেছেন আপনার ১০ বছর আগের স্বপ্নের সঙ্গে, সরলতার সঙ্গে।’ তাঁর মতে, সময়ের সঙ্গে মানুষ অনেকটাই বদলে যায়। এমনকি অনেক সময় নিজেরই পুরোনো স্বপ্ন আর সরলতার সঙ্গে যেন একধরনের ‘প্রতারণা’ করে ফেলে মানুষ।

এই সংগীতশিল্পী আরও লিখেছেন, ‘আগের মতো ভয় পান না। বর্ষায় কদম ফুল আর সুগন্ধ ছড়ায় না। বাসার আসবাবপত্র, পোষা বিড়াল, পকেটের পয়সা, মায়ের মুখ—আগের মতো নেই কিছু।’ তাঁর কথায় উঠে এসেছে সময়ের নির্মম সত্য—যেখানে পরিবর্তনই একমাত্র স্থির বাস্তবতা।

জুনায়েদ ইভান। ছবি: ফেসবুক থেকে

জুনায়েদ ইভান প্রশ্নও ছুড়ে দিয়েছেন, ‘থাকার কথা কি ছিল? কে আছে আগের মতো?’ তাঁর ভাষায়, পৃথিবীর গভীরে থাকা টেকটোনিক প্লেটও যেমন সরে যায়, তেমনি আকাশের নক্ষত্র কিংবা সাগর—কেউই স্থির নয়। সবকিছুই একটানা পরিবর্তনের ভেতর দিয়ে এগিয়ে চলে।

শেষে গায়ক লিখেছেন, ‘আপনি কেন আশা করছেন আপনার বন্ধুরা, মা–বাবা, সঙ্গী—সবাই আগের মতো থাকবে?’ তাঁর এই ভাবনার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে অনেকের দৃষ্টি কাড়ছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, সময় ও জীবনের বাস্তবতা নিয়ে এমন অনুভব তাঁদের নিজের জীবনের সঙ্গেও মিলে যায়।

জুনায়েদ ইভান। ছবি: ফেসবুক থেকে

হাজারের বেশি শেয়ার হয়েছে এই ফেসবুক পোস্ট। আশিকুর রহমান নামের একজন মন্তব্য করেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মানুষ, পরিবেশ ও অনুভূতি—সবকিছুই বদলায়।’ ইমরান মাহমুদ নামের একজন লিখেছেন, ‘কিছু পরিবর্তন ভালো লাগে, কিছু পীড়াদায়ক। জীবন গতিশীল, পরিবর্তনশীল। গতি থেমে গেলে এখানকার গল্প শেষ।’