মমকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তমা

মম অভিনীত ‘দারুচিনি দ্বীপ’ দেখে মুগ্ধ হয়েছিলেন তমা। দেখেছিলেন ‘ছুঁয়ে দিলে মন’। পর্দায় দেখা সেই মমকে প্রথমবারের মতো কাছ থেকে দেখার সুযোগ এল বহুকাল পর। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তমা। দুজন একসঙ্গে শুরু করেছেন শুটিং। নতুন একটি ওয়েব সিরিজে দুজনকে এবার একসঙ্গে পর্দায় দেখা যাবে।

মম ও তমা মির্জাদের নতুন এ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন সোহেল মণ্ডল
ছবি : সংগৃহীত

ওয়েব সিরিজটির নাম ঠিক হয়নি এখনো, শুরু হয়ে গেছে শুটিং। ক্যামেরার সামনে জাকিয়া বারী মম ও তমা মির্জা। সহশিল্পী মমর সহযোগিতা ও আন্তরিকতায় মুগ্ধ ‘খাঁচার ভিতর অচিন পাখি’র অভিনেত্রী তমা। আজ রোববার দুপুরে প্রথম আলোকে তমা বলেন, ‘“খাচার ভিতর অচিন পাখি” মুক্তির পর থেকে বেশ হিসেব করে গল্প বাছাই করতে হচ্ছে। বেশ কয়েকটি গল্পের প্রস্তাব পেয়েছিলাম। শেষে চমৎকার একটি গল্পে কাজ করতে রাজি হলাম। দারুণ একজন পরিচালক ও অসাধারণ দুজন সহশিল্পীর সঙ্গে আমার কাজ। প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছেন তাঁরা।’

জাকিয়া বারী মম

তমা মির্জাদের নতুন ওয়েব সিরিজের পরিচালক কৌশিক শংকর দাশ। ১৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে শুটিং। কারণ, নতুন বছরের শুরুতেই সম্প্রচার শুরু হবে সেটি, এ রকমই পরিকল্পনা নির্মাতাদের। মম সম্পর্কে তমা বলেন, ‘মম আপুর অভিনয় অসাধারণ। আমি তাঁর অভিনয়ের ভক্ত। তাঁর সঙ্গে পর্দা শেয়ার করা সাহসের পরিচয় দেওয়া। তবে সহশিল্পী হিসেবে তিনি যে কত আন্তরিক, তা এই ওয়েব সিরিজের শুটিং না করলে বুঝতাম না। রিহার্সাল ও মেকাপের সময়ও তিনি নানা ধরনের পরামর্শ দেন। আমার ক্লোজ শটের সময় তাঁর উপস্থিত না থাকলেও চলে, তবু আমাকে সহযোগিতার জন্য সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তিনি থাকেন, অভিনয়ের নানা কৌশল শেখান। এসবে তাঁর প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে গেছে।’

তমা মির্জা

দেড় দশকের অভিনয়জীবন লাক্স–চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মমর। ২০০৮ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনয়শিল্পী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুরু থেকেই নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে ওয়েব সিরিজে মনোযোগী হয়েছেন। অন্যদিকে, ১১ বছরের অভিনয়জীবন তমা মির্জার। ২০১৫ সালে ‘নদীজন’–এ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ বছরের অক্টোবরে চরকিতে মুক্তি পাওয়া ‘খাঁচার ভিতর অচিন পাখি’–তে কুড়িয়েছেন ভীষণ প্রশংসা। মম ও তমার দেখাসাক্ষাৎ আগেও হয়েছে, তবে একসঙ্গে পর্দায় কাজ করা এবারই প্রথম।
মম ও তমা মির্জাদের নতুন এ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন সোহেল মণ্ডল। ‘তাকদীর’ দিয়ে আলোচনায় আসা সোহেল মণ্ডলকে এই সিরিজে দেখা যাবে তমার স্বামী ও মমর প্রেমিক হিসেবে।