অপূর্বর সঙ্গে ইরফান সাজ্জাদ
অপূর্বর সঙ্গে ইরফান সাজ্জাদ

‘এটা আমাদেরই গল্প’ দেখে ইরফান সাজ্জাদকে অপূর্বর ফোনকল, যা বললেন

প্রচার শুরুর পর থেকেই আলোচনায় মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পের নাটকটির প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা। আর মাত্র দুটি পর্ব পরই শেষ হবে নাটকটি। শেষ পর্যায়ে এসে দর্শকদের আবেগে ভাসাচ্ছে প্রতিটি পর্ব। বিশেষ করে ৪৯ ও ৫০তম পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাদের প্রশংসায় ভাসিয়েছেন দর্শক থেকে শোবিজের তারকারা।

ধারাবাহিকটিতে ইরফান সাজ্জাদের আবেগঘন অভিনয় চোখে পানি এনেছে সবার

ধারাবাহিকটিতে ইরফান সাজ্জাদের আবেগঘন অভিনয় চোখে পানি এনেছে সবার। নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে তাঁর সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন নেটিজেনরা। এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে নাটকের কিছু দৃশ্য শেয়ার করে ইরফান লেখেন, ‘সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল “বড় ছেলে” দেখে। সেই “বড় ছেলে” অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস, জানা ছিল না, খুবই ভালো করেছিস। এ রকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে!” আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।’

ইফরান সাজ্জাদ আরও যোগ করেন, ‘অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’
শুধু অপূর্বই নন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ধারাবাহিকটির প্রশংসা করে ‘এটিকে ইতিহাস গড়া কাজ’ বলে অভিহিত করেছেন।

‘এটা আমাদেরই গল্প’ নাটকের পোস্টার। নির্মাতার ফেসবুক থেকে

পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন আর আবেগের গল্পে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, দর্শকদের অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকের শেষ পর্বটি ‘মেগা অ্যাপিসোড’ হিসেবে প্রচার করা হবে। এদিকে নাটকটির ৫০তম পর্ব মুক্তির মাত্র ১৮ দশমিক ৩৪ ঘণ্টায় ভিউ হয়েছে ১ কোটি! নির্মাতা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।