
ঈদুল ফিতরে আফরান নিশো, মেহজাবীন চৌধুরীকে ছোট পর্দায় দেখা যায়নি। তাসনিয়া ফারিণ, তানজিন তিশাও অন্যান্য বছরের চেয়ে অনেক কম নাটকে অভিনয় করেছেন। ছোট পর্দায় পছন্দের অনেক তারকাকে না পেয়ে মন খারাপ করেছিলেন ভক্তরা। তাঁদের জন্য সুখবর—এবার ঈদে ছোট পর্দায় ফিরছেন আফরান নিশো ও মেহজাবীন, ফারিণকেও দেখা যাবে বেশ কটি নাটকে।
ঈদে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক হচ্ছে। পাশাপাশি টিভি পর্দায় তাঁকে দেখা যাবে ‘পুনর্জন্ম’ ফ্রাঞ্চাইজির অন্তিম পর্বে। ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচারিত হবে ভিকি জাহেদের নাটকটি।
সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘সিনেমা ও ওটিটির একটি কনটেন্টের জন্য প্রায় এক বছর নাটকে অভিনয় করিনি। গত ঈদ উৎসবে ছোট পর্দায় ভক্ত-দর্শক আমার কাজ মিস করেছেন। এবার তাঁদের জন্য বড় চমক আছে। বড় পর্দায় আমার প্রথম সিনেমা মুক্তি পাবে, পাশাপাশি ছোট পর্দায়ও পাবেন। বলতে পারেন, ঈদে আমার পক্ষ থেকে দর্শকের জন্য এক টিকিটে দুই ছবির আনন্দ।’
বিরতি ভেঙে ছোট পর্দায় আবার নিয়মিত হবেন কি ন, জানতে চাইলে নিশো বলেন, ‘সিনেমা করলেও ছোট পর্দায় কাজ করব। কারণ, এখন থেকেই অভিনেতা নিশোর জন্ম। তবে আগের মতো টানা কাজ করব না। আগে মাসে পাঁচ-ছয়টা নাটক করেছি, এখন সময় নিয়ে হয়তো পছন্দের দু-তিনটি কাজ করব।’
‘পুনর্জন্ম’র অন্তিম পর্বে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকেও, নাটকটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। প্রায় এক বছর পর ছোট পর্দার জন্য কাজ করলেন তিনি। মেহজাবীন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, ভক্তদের অনেকেই নতুন নাটক না পেয়ে আমার পুরোনো নাটক দেখা শুরু করেছেন। তবে এবার ঈদে নতুন কাজ পাচ্ছেন তাঁরা। এ জন্য নিজেরও ভালো লাগছে।’
এই অভিনেত্রী জানিয়েছেন, ঈদে একটি নাটকেই থাকছেন তিনি। সামনেও নিয়মিত নাটকে অভিনয় অনিশ্চিত। নিয়মিত ছোট পর্দায় কাজ না করার কারণটাও স্পষ্ট করলেন, ‘যে ধরনের চরিত্র করতে চাই, পাচ্ছি না। দুই বছর আগে যেসব চরিত্রে কাজ করেছি, ঘুরেফিরে সে রকমের কাজই আসে। একই ধরনের কাজ করলে দর্শকের কাছেও ব্যাপারটি একঘেয়ে হয়ে যাবে। এক যুগের বেশি সময় কাজ করেছি, এখন একটু চ্যালেঞ্জিং, নতুনত্ব আছে—এমন কাজ করতে চাই। সেটা রোমান্টিক, থ্রিলার বা ফ্যান্টাসি যা–ই হোক না কেন। ওটিটিতে ভিন্ন ধরনের কাজ পাচ্ছি কিন্তু নাটকে দর্শককে নতুন কিছু দেওয়ার সুযোগ পাচ্ছি না।’
নিয়মিত নাটক না করার কারণে শুটিং ইউনিট, সহশিল্পী, লোকেশন খুব মিস করেন মেহজাবীন, ‘দীর্ঘদিন কাজ করার কারণে এই অঙ্গনের সবাই একটা পরিবারের মতো হয়ে গেছি।
এবার শুটিং করতে গিয়ে অনেক দিন পর উত্তরা গেলাম। ওখানকার অনেকগুলো হাউসে রাত-দিন অনেকগুলো ইউনিটের শুটিং হয়। আগে সবার সঙ্গে দেখা হতো, শুটিংয়ের ফাঁকে মজার আড্ডা হতো। সেটা অনেক দিনই মিস করছি। এবার মনে হচ্ছিল, সবার সঙ্গে দেখা করি, আড্ডা দিই; কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি।’
আগে ঈদ উৎসবে তানজিন তিশাকে দেড় থেকে দুই ডজন নাটকে অভিনয় করতে দেখা গেছে। চলতি বছর থেকে নাটকের সংখ্যা কমিয়েছেন তিনি। গত ঈদে মাত্র তিনটি নাটক প্রচারিত হয় তাঁর। তবে ঈদুল আজহায় নাটকের সংখ্যা বাড়বে। এই অভিনেত্রী জানিয়েছেন, ঈদুল আজহায় ‘কঞ্জুস ২’, ‘আই য়্যাম ডিভোর্সড’, ‘পুতুলের সংসার’, ‘শরবত’, ‘আঁধার’সহ ছয়টি নাটকে দেখা যাবে তাঁকে।
তানজিন তিশা বলেন, ‘এই নাটকগুলোর গল্প ও চরিত্র ভালো বলে কাজগুলো করেছি। একটা সময় এসে প্রতিটি শিল্পীরই ভাবা উচিত, দর্শক কী ধরনের গল্প পছন্দ করে, তা মাথায় রেখেই শিল্পীর কাজ করা উচিত। যেটি আমি নিজেই অনুধাবন করে কাজ করছি। অনেকগুলো গল্প পেয়েছিলাম, সেখান থেকে পছন্দের ছয়টি নাটকে কাজ করেছি। আরও পছন্দ হলে নাটকের সংখ্যা আরও বাড়তে পারত। এমনও হতে পারত, একটা গল্প পছন্দ হয়েছে, ওই একটাই করতাম।’
ছোট পর্দার আরেক পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ঈদ উৎসবে ডজনের বেশি নাটকে তাঁকে দেখা যেত।
চলতি বছর থেকে নাটকে কাজ কমিয়ে দিয়েছিলেন। গত ঈদে মাত্র তিনটি কাজ করেছেন। তার আগে ভালোবাসা দিবসে দুটি। গত ঈদুল ফিতরের আগে প্রথম আলোকে ফারিণ বলেছিলেন, ‘১০-২০টির চেয়ে ভালো দুই বা চারটি কাজই শিল্পীকে এগিয়ে দিতে পারে। তা ছাড়া ওটিটিতে আমার বেশ কিছু কাজ দর্শকদের পছন্দ হয়েছে। তাই মানসম্মত কাজ নিয়েই ভাবছি। এখন থেকে আর গণহারে নাটকে কাজ করব না।’
এখন সিদ্ধান্ত বদলেছেন ফারিণ। নিয়মিত নাটকে ফিরেছেন তিনি। ফারিণ জানিয়েছেন, ঈদুল আজহায় টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে ‘কবর’, ‘গর্ব’, ‘ঢাকাইয়া কোরবান’সহ ১০টির বেশি নাটকে দেখা যেতে পারে তাঁকে।
এ ব্যাপারে ফারিণের বক্তব্য, ‘ভেবে দেখলাম, বসে থাকা যাবে না। কাজের মধ্যেই থাকতে হবে। সারা বছরই ওটিটির ভালো কাজ পাচ্ছি, তা–ও না। তাই আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। ভালো চিত্রনাট্যে, ভালো চরিত্রে নিয়মিত নাটক করার চেষ্টা করছি। এই ঈদে বেশ কটি ভালো চিত্রনাট্য পেয়েছি, কাজগুলো করছি।’
টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্রে জানা গেছে, এবার ঈদুল আজহায় প্রায় চার শ নাটক, টেলিফিল্ম প্রচারিত হবে।