কারও গুঞ্জন, কেউ বিয়ে করে জানান বিচ্ছেদের খবর—৯ মাসে আলোচিত যত বিচ্ছেদ

তাহসান ও রোজা। কোলাজ
তাহসান ও রোজা। কোলাজ

রোববার গভীর রাতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এল খবরটি। আলাদা পোস্ট দিয়ে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন গায়ক প্রীতম হাসান ও মডেল–অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। মুহূর্তেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শুধু প্রীতম–শেহতাজ নন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকার ব্যক্তিজীবনে এসেছে বড় পরিবর্তন। কারও বিচ্ছেদের খবরের আগে ছড়িয়েছে গুঞ্জন। কেউ দীর্ঘদিন খবরটি গোপন রেখেছেন। আবার কেউ বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করে প্রকাশ্যে জানিয়েছেন আগের সম্পর্ক শেষ হওয়ার কথা। কোনো কোনো তারকা গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন আলাদা হওয়ার সিদ্ধান্ত।

গত ৯ মাসে বিনোদন অঙ্গনের আলোচিত কয়েকটি বিচ্ছেদের ঘটনা ফিরে দেখা যাক।

গুঞ্জনই সত্য হলো তাহসানের ক্ষেত্রে
বিয়ের এক বছর না ঘুরতেই গায়ক তাহসান খান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বছরের শুরুতেই তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এত দ্রুত সম্পর্কের সমাপ্তি হতে যাচ্ছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। তবে শুরুতে এ নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে কিছু বলেননি।
পরে সেই গুঞ্জনই সত্য হয়। প্রথম আলোর সঙ্গে আলাপে তাহসান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছিলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়। বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই আমি জানাব।’ এরপর তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত হয়।

মৌসুমী হামিদের সঙ্গে তাঁর সাবেক বর আবু সাইয়িদ রানা

বিচ্ছেদের খবর জানান মৌসুমী
অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভাঙার খবর নিয়েও শুরুতে ছিল গুঞ্জন। মার্চে ফেসবুকের বিভিন্ন গ্রুপে তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তখন প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মৌসুমী জানান, বছরের শুরুতেই তাঁদের সংসারজীবনের ইতি ঘটেছে। তবে ঠিক কবে বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। রানা এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
এরপর জুলাইয়ে নতুন করে আলোচনায় আসেন মৌসুমী। একটি অনুষ্ঠানে নতুন স্বামীকে নিয়ে হাজির হয়ে জানান, রানার সঙ্গে তাঁর বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে নতুন করে বিয়ে ও মা হওয়ার খবরও প্রকাশ করেন তিনি।
মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেছিলেন।

সাবেক স্বামীর সঙ্গে সালমা

স্বামীর ফেসবুক পোস্টে সামনে আসে সালমার বিচ্ছেদ
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সাত বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে ২০২৫ সালের ২৯ নভেম্বর। তবে খবরটি বেশ কিছুদিন আড়ালেই ছিল।
বছরের শেষ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সানাউল্লাহ। তিনি জানান, পারস্পরিক মতের অমিল এবং চিন্তা ও মানসিকতার দূরত্বের কারণে তাঁরা আলাদা হয়েছেন। নতুন বছরের প্রথম দিন থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
পরে সালমাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জানান, বিচ্ছেদ নিয়ে আর ভাবতে চান না, মন দিতে চান গানে। সাবেক স্বামীর প্রতি তাঁর ভালোবাসা ও সম্মানের কথাও জানান তিনি। মেয়ের বাবা হিসেবে সানাউল্লাহর প্রতি তাঁর সম্মান সব সময় থাকবে বলেও উল্লেখ করেন সালমা।

প্রীতম ও শেহতাজ

গভীর রাতে এল প্রীতম–শেহতাজের খবর
সবশেষ রোববার রাতে হঠাৎ সামনে আসে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান দুজন।
প্রীতম জানান, প্রায় এক দশকের পথচলার পর তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্য তৈরি হয়েছে। সে কারণেই আলাদা পথে এগিয়ে যাওয়াকে দুজনের জন্য ভালো মনে করছেন তাঁরা।
প্রীতমের ভাষ্য, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ আলোচনা ও অনেক ভেবেচিন্তে দুই পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।
শেহতাজও নিজের পোস্টে একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা থাকবে। এই সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানিয়েছেন দুজন।
প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু ২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করতে গিয়ে। সেই পরিচয় থেকে প্রেম। প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে বিয়ে করেন তাঁরা। প্রায় চার বছরের দাম্পত্যের পর এবার আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন দুজন।