শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন

৩৭ চলচ্চিত্রকারকে সম্মাননা প্রদান

গত শনিবার শেষ হয়েছে ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব’। ১০ দিনব্যাপী এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে ৩৭ চলচ্চিত্রকারকে সম্মাননা প্রদান করা হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে এ সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে বছরব্যাপী উদ্‌যাপনের একটি অংশ হিসেবে আয়োজিত হয়েছিল এ উৎসব।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মোরশেদুল ইসলাম। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।

১০ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ৩৭ চলচ্চিত্রকারের ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘ষাট ও সত্তরের দশকে চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হই। চলচ্চিত্র নিয়ে আমাদের বোধ ও মনন গড়ে তোলার প্রধান স্কুল ছিল চলচ্চিত্র সংসদ আন্দোলন। এ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের দেশের চলচ্চিত্র গুণগত ও শৈল্পিক মানে উন্নীত হয়েছে। চলচ্চিত্র সংসদকর্মীদের মধ্য থেকেই বেরিয়ে এসেছে এ দেশের সেরা চলচ্চিত্রকারগণ। এটা অনেক বড় একটি অর্জন। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও ভালোভাবে এগিয়ে নিতে হবে এবং এ জন্য আমাদের আরও অনেক বেশি সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে লিয়াকত আলী লাকী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের আমিও একজন সংসদকর্মী। চলচ্চিত্র সংসদ আন্দোলনই আমাদের চলচ্চিত্র সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশের মূল চালিকাশক্তি। আমি নিজে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সব সময় চলচ্চিত্র সংসদ আন্দোলনের পাশে আছি, ছিলাম এবং থাকব।’

৮ জুন শুরু হওয়া ১০ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ৩৭ চলচ্চিত্রকারের ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপনী অনুষ্ঠানের পর উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল নির্মিত কাহিনীচিত্র ‘চিত্রা নদীর পারে’।

উৎসবে ৩৭ চলচ্চিত্রকারের ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়