‘বাকিং ফাস্টার্ড’-এর দৃশ্য। আইএমডিবি
‘বাকিং ফাস্টার্ড’-এর দৃশ্য। আইএমডিবি

টরন্টো চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে আলোচনায় যেসব সিনেমা

কানাডার টরন্টো এখন বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রপ্রেমী, তারকা আর সাংবাদিকদের পদচারণে মুখর। ১০ সেপ্টেম্বর পর্দা ওঠা ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আগামীকাল ২০ সেপ্টেম্বর। আজ বাংলাদেশে ১৯ সেপ্টেম্বর শনিবার হলেও টরন্টোতে এখনো ভোররাত, উৎসবের দশম দিনেও বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর শেষ শো দেখানো হবে। উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ‘সেন্টারপিস’ বিভাগে আজ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে স্কোশিয়াব্যাংক থিয়েটারে দেখানো হবে ছবিটি।

টরন্টোর উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ এবারই প্রথম নয়। গত বছর ২০২৫ সালের উৎসবে মার্কেট স্ক্রিনিংয়ে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশি তরুণ নির্মাতা অনিবা রহমানের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বেলিফুল’। চার প্রজন্মের নারীদের পারিবারিক লড়াই নিয়ে তৈরি সেই ছবির পর এবার আরও বড় পরিসরে এসেছে বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ এখানে প্রশংসা পেয়েছিল। ফলে আজ তাঁর নতুন যৌথ প্রযোজনার ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দেখার জন্য টরন্টোর প্রেক্ষাগৃহে প্রবাসী বাঙালি থেকে শুরু করে আন্তর্জাতিক সমালোচকদের বাড়তি ভিড় লক্ষ করা যাচ্ছে। বিয়ের আগে সামাজিক চাপে থাকা এক নারীর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প বলা হয়েছে এ ছবিতে। এ ছাড়া উৎসবের বিশেষ কিউরেশন ‘ইনফিনিট রিটার্নস’-এও উপনিবেশ-উত্তর লড়াইয়ের পটভূমি ঘুরেফিরে এসেছে বাংলাদেশের নাম।

এখানকার রয় থমসন হল, প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার আর টিফ লাইটবক্সের মতো বড় বড় প্রেক্ষাগৃহে দেখা গেছে উৎসবের আসল উত্তাপ। সিয়ান হেডার পরিচালিত ‘বিয়িং হিউম্যান’ ছবির মাধ্যমে শুরু হওয়া এই আসরে প্রায় ৩০০ ছবি প্রদর্শিত হয়েছে।
উৎসবের শেষ প্রান্তে এসে বিভিন্ন আন্তর্জাতিক সমালোচক ও লস অ্যাঞ্জেলেস টাইমসের মতো সংবাদমাধ্যমের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে বেশ কিছু নজরকাড়া ছবি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা লি চ্যাং-ডং পরিচালিত ‘পসিবল লাভ’। ধনী-গরিবের সামাজিক দূরত্ব নিয়ে তৈরি এই ছবি ভেনিস ঘুরে এখানে এসেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘বিয়িং হিউম্যান’ সিনেমার প্রিমিয়ারে শিল্পীরা। এএফপি

নির্মাতা ওয়ার্নার হারজগের নতুন ছবি ‘বাকিং ফাস্টার্ড’-এ দুই বোন রুনি মারা ও কেট মারার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। নির্মাতা জেসি আইজেনবার্গের কমেডি ধাঁচের ছবি ‘দ্য ডেবিউ’তে অভিনেত্রী জুলিয়ান মুরের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। এ ছাড়া আলোচনায় এসেছে টিম ব্লেক নেলসনের ব্যতিক্রমী ছবি ‘দ্য লাইফ অ্যান্ড ডেথস অব উইলসন শেড’ এবং ক্রিস রকের ‘মিস্টি গ্রিন’।

মধ্যরাতের বিশেষ প্রদর্শনী ‘মিডনাইট ম্যাডনেস’-এ দেখানো জোশুয়া গিলিয়ানোর ভৌতিক ছবি ‘রিভার’ মুক্তির পরপরই আলোড়ন তুলেছে। প্রদর্শনী শেষ হতেই চলচ্চিত্রটির পরিবেশনা স্বত্ব কোটি ডলারে বিক্রি হয়ে যায়, যা ছিল উৎসবের বড় এক বাণিজ্যিক চমক। আর ডিজিটাল যুগ শুরুর ঠিক আগের প্রকাশনা জগতের নস্টালজিয়া নিয়ে তরুণ নির্মাতাদের ছবি ‘ম্যাগাজিন’-ও তরুণ দর্শকদের নজর কেড়েছে।

শেষ দিনে এসেও টরন্টোর চলচ্চিত্র মহা আয়োজনে ক্লান্তির কোনো ছাপ নেই যেন। আর আজ দুপুরে স্কোশিয়াব্যাংক থিয়েটারে রুবাইয়াত হোসেনের নতুন ছবির মধ্য দিয়ে এই বিশ্বমঞ্চে লাল-সবুজের আরও একটি গর্বের অধ্যায় যুক্ত হচ্ছে বললে বাড়াবাড়ি হবে না।