আব্বাস কিয়ারোস্তামি
আব্বাস কিয়ারোস্তামি

ইরানে বিমান হামলায় চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলায় প্রয়াত চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে আহমাদ কিয়ারোস্তামি।

তেহরানের চিজার এলাকায় আব্বাস কিয়ারোস্তামির বাড়ি। একই এলাকায় আব্বাসের স্ত্রীও থাকেন। আহমাদ কিয়ারোস্তামি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত রাতে চিজার এলাকায় বোমা হামলা হয়েছে, যেখানে আমার মা ও বাবার বাড়ি। সকালে জানতে পারি, বাবার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আব্বাস কিয়ারোস্তামি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় আব্বাস কিয়ারোস্তামির বাড়ি লক্ষ্যবস্তু হয়েছে।

ইসমাইল বাঘাই এক্সে লিখেছেন, কিয়ারোস্তামির বাড়ি কি যুক্তরাষ্ট্রের জন্য কথিত ‘তাৎক্ষণিক হুমকি’র অংশ ছিল? বাস্তবতা হলো, এই মার্কিন-ইসরায়েলি খামখেয়ালি যুদ্ধ কেবল একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়—এটি একটি গভীর শিকড়গাঁথা সংস্কৃতি, সভ্যতা ও পরিচয়ের বিরুদ্ধেও।

ইরানি সাংবাদিক মনসুর জাহানি ডেডলাইনকে বলেন, হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না। ২০১৬ সালে কিয়ারোস্তামির মৃত্যুর পরও বাড়িটি পরিবারের কাছেই রয়েছে। তাঁর সাবেক স্ত্রী কাছাকাছি এলাকায় থাকেন। তাঁর বাড়িটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি আহত হননি।

কিয়ারোস্তামি ১৯৯৭ সালে ‘টেস্ট অব চেরি’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র পুরস্কার পান।

তথ্যসূত্র: আল–জাজিরা ও ডেডলাইন