৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে রেকর্ড ৬টির পরিচালক নারী। আজ বাংলাদেশ সময় বিকেলে এবারের উৎসবের অফিশিয়াল লাইনআপ ঘোষণা করে কর্তৃপক্ষ। উৎসবের নতুন প্রেসিডেন্ট ইরিস নবলক বলেন, কান সিনেমা ভবিষ্যতের দিকেই হাঁটছে। খবর এএফপির, হলিউড রিপোর্টারের।
প্রতিযোগিতা বিভাগে আছে নন্দিত মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা ‘অ্যাসটেরয়েড সিটি’।
এতে আছেন টম হ্যাংকস, মার্গট রবি, স্কারলেট জোহানসন। স্বর্ণপামের জন্য লড়বে নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর অভিনীত টড হেইনসের সিনেমা ‘মে ডিসেম্বর’। ২০১৮ সালে ‘শপলিফটারস’ দিয়ে স্বর্ণপাম জিতেছিলেন জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এডা, এবার তিনি লড়বেন ‘মনস্টার’ দিয়ে। ছবিটির আবহ সংগীত পরিচালনা করেছেন গত মাসে প্রয়াত অস্কারজয়ী রিউইচি সাকামোতো। দুইবার স্বর্ণপামজয়ী নির্মাতা কেন লোচ এবার ফিরেছেন ‘দ্য ওল্ড ওক নিয়ে’, ‘আইএল সোল ডেল’অ্যাভেনিরে’ দিয়ে ফিরছেন আরেক স্বর্ণপামজয়ী নানি মোরেত্তিও। নানির মতো আছেন আরেক ইতালীয় পরিচালক মার্কো বেল্লোকজো (‘র্যাপিটো’)।
প্রখ্যাত পরিচালকদের মধ্যে আরও আছেন ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি, ছয় বছর পর ডেড লিভস নিয়ে ফিরছেন তিনি। তেমনই স্বর্ণপামজয়ী তুর্কি নির্মাতা নুরি বিলগে জিলান ফিরছেন ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ নিয়ে।
এবার আউট অব কমপিটিশনে আছে মার্টিন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমা জানান, ছবিটি প্রতিযোগিতা বিভাগেও আসতে পারে। কীভাবে, সে ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। উৎসব শুরু হবে জনি ডেপের জন দ্যু ব্যারি দিয়ে, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এ ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। কানে জনি ডেপের সঙ্গে দেখা হবে তাঁর মেয়ে লিলি রোজ ডেপের। লিলি অভিনীত টিভি সিরিজ ‘দ্য আইডল’ও আছে আউট অব কমপিটিশনে। চমক আছে মিডনাইট স্ক্রিনিংয়ের স্বল্পদৈর্ঘ্য বিভাগে। এই বিভাগে মনোনীত হয়েছে পেদ্রো অলমোদোভারের ‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’ ও জঁ-লুক গদারের ‘ফানি ওয়ারস’।
প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন গত বছর স্বর্ণপামজয়ী সিনেমা ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ছবির পরিচালক রবেন ‘ওস্টল্যান্ড’। আগমী ১৬ মে শুরু হবে কান উৎসব, পর্দা নামবে ২৭ মে।