
বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল ফাটানো হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ককটেল ফাটানোর বিষয়টি নিয়ে দেশের মানুষের চেয়ে ককটেল নিজেই খুব বিরক্ত। তাই দেরি না করে ককটেল এর সাথে এক বৈঠকে তার সাক্ষাৎকার নিয়েছেন সাবরিন জাওয়াদ।
কেমন আছেন ককটেল ভাই?
আমার আর থাকা! আমাকে নিয়ে যা শুরু করেছে, ভালো থাকার উপায় আছে!
অনেক দিন তো আপনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন, এখন আবার আলোচনায় এসে কেমন লাগছে?
আগেই ভালো ছিলাম ভাই, এখন দুই দিন পরপর আমাকে যারা ফাটাচ্ছে, তাদের নাম তো আর খারাপ হচ্ছে না, আমার নামই খারাপ হয়।
আপনি তো এখন খুব ভাইরাল, আপনি খুশি নিশ্চয়ই?
খুশি মানে? এমনিই মনমেজাজ ভালো নাই। আমাকে রাগায়েন না, এখনই ফেটে যাব কিন্তু, বলে দিলাম!
না না, রেগে যাবেন না প্লিজ। আচ্ছা, বিভিন্ন ভিডিওতে দেখি যে আপনি ফাটলেও মানুষ এখন আর দৌড়ে পালায় না, বিষয়টা কীভাবে দেখছেন?
এটাই তো সমস্যা! বাড়াবাড়ি করে তো আমার প্রতি মানুষের ভয় কমিয়ে ফেলেছে। এটা আমার জন্য খুবই অসম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
অভয় দিলে আরেকটা প্রশ্ন করতে চাই, আজকাল আপনি ফাটলে তেমন কোনো কাজ হয় না কেন?
কী আর বলব ভাই! আগে আমাকে বানানোর কাঁচামাল ভালো ছিল। এখন বাজেট কাটিংয়ের জন্য আমার ভেতরেও ভেজাল দিয়ে দেয়।
সেকি! তো আপনারা কী করবেন ভাবছেন এ বিষয়ে?
ভেবেছি, আমাকে বানানোর সময় একদিন দুম করে ফেটে যাব, ব্যাটাদের উচিত শিক্ষা হবে।
আপনার তো রাজনৈতিক ব্যক্তিদের সাথে ভালোই ওঠা-বসা! এখন আসলে আপনাকে কারা ফাটাচ্ছে?
নো কমেন্টস! এ বিষয়ে কথা বলে কি এই বয়সে জেল খাটব! পাগল নাকি!
আপনার কি অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে?
পরিকল্পনা তো ছিলই। দেখেন, আমার বয়স হয়েছে, এক পা কবরে। ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না।
দেশের জনগণের উদ্দেশে আপনার কোনো বার্তা আছে?
আমি শুধু এটাই বলব যে আমাকে একটু ভয় পান আপনারা। আমাকে হেলাফেলা করবেন না। আর সাংবাদিক ভাইদের বলতে চাই, ভাইয়েরা আমার, আমাকে নিয়ে নিউজ করার সময় আমার ভয়াবহতা নিয়ে লিখুন, মানুষকে বোঝান যে আমি আলফা-মেল।
শেষ প্রশ্ন, আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে হতে পারে বলে আপনি মনে করেন?
সেদিন দেখলাম, একটা পটকা ফেটেছে, মানুষ ককটেল বলে চিৎকার করল। তারপর সেটা নিয়ে আবার হাসাহাসি করল! আরে ভাই, ও একটা পটকা। ও আর আমি কি এক হলাম। কিন্তু কি আর করার। কী ছিলাম আর কী হয়ে গেলাম। বাকি জীবন সামান্য একটা পটকাকেই প্রতিদ্বন্দ্বী ভেবে কাটাতে হবে ভেবে বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে।