রসালাপ

মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহিদ

আজকের রসালাপের অতিথি যিনি, আমরা তাঁর খবর নিয়ে দেখলাম, তিনি আগেই সব জানতেন! তবে সব জেনেও মন ফিরে চাননি। কারণ, মন ফিরে চাইলে গানটা এত সুন্দর হতো না। তিনি বাংলাদেশের কিংবদন্তি পপস্টার ফেরদৌস ওয়াহিদ। সাক্ষাৎকার নিয়েছেন কবির বকুল।

আপনার বিখ্যাত গান ‘আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম’। এখন ২০২৬ সালে এসে আপনার কী মনে হয়, মন না দিয়ে আসলে কী দেওয়া উচিত ছিল?

এখনকার যুগ দেখে মনে হয়, তখন মন না দিয়ে একটা ‘ইউটিউব চ্যানেল’ বা ‘টিকটক অ্যাকাউন্ট’ খোলা উচিত ছিল! মন দিলে তো শুধু ব্রেকআপ হয়, আর পেজ খুললে অন্তত ভিউ আর স্পনসরশিপ পাওয়া যেত!

শুনলাম, আপনি সপ্তাহে দুই দিন নৌকায় ঘুমান। মশার কামড় খেতে খেতে পপ গানের নতুন কোনো সুর মাথায় আসে নাকি?

আরে না, মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে! ওটা হলো ন্যাচারাল অটোটিউন! তবে নৌকায় ঘুমানোর আসল কারণ হলো ঢাকার ট্রাফিক জ্যাম আর ফেসবুকের নোটিফিকেশন থেকে দূরে থাকা। নদীতে তো আর জ্যাম নেই, আর নেটওয়ার্ক না থাকলে সাইবার যুদ্ধ থেকেও শান্তি!

আপনি তো ‘ডিজিটাল নবাব’। তা রিয়েল লাইফে ডিজিটাল যুগের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ‘নবাবি’ বা অদ্ভুত লাগে?

এই যে মানুষ এখন সামনাসামনি কথা না বলে ইনবক্সে ‘হাই-হ্যালো’ করে, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আগে খাবারের ছবি তুলে ফেসবুকে ডিজিটাল ক্রিয়েটরদের মতো উৎসর্গ করে—এটাই তো আধুনিক নবাবি! আমরা নবাবরা আগে প্রজা দেখতাম, আর এখনকার ডিজিটাল নবাবরা শুধু ‘রিঅ্যাক্ট’ আর ‘শেয়ার’ গোনে!

আপনার গানে তো বলেছেন—‘এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে’। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে মায়েরা তো তাঁদের সন্তানদের ট্রোল ভিডিও দেখে হাসতে আর ফোনের ডেটা বা ওয়াই–ফাই শেষ হলে কাঁদতে দেখেন! আপনার কী মনে হয়, ডিজিটাল মায়েরা সন্তানদের এই হাসা-কাঁদার রহস্য উদ্ধার করতে পেরেছেন?

আরে না! এখনকার মায়েরা অনেক স্মার্ট। তাঁরা ভালো করেই জানেন, সন্তান যখন একা একা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ‘হাসে’, তখন বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্যায়—হয় সে প্রেম করছে, না হলে ফেসবুকে মিম দেখছে! আর যখন সন্তান ‘কাঁদে’, তখন বুঝতে হবে, সিজিপিএ খারাপ এসেছে কিংবা ফোনের চার্জ শেষ হয়ে গেছে! তবে আসল কথা হলো, মায়ের একটা ধমক বা স্নেহের হাসির সামনে এই যুগের সব কৃত্রিম ইমোজি একদম ফ্লপ!

আপনার এভারগ্রিন বা চিরসবুজ থাকার রহস্য কী?

রহস্য খুবই সিম্পল—মিথ্যা কথা কম বলা, গ্রামের খাঁটি বাতাস খাওয়া আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ‘মামুনিয়া’ গানটা গাওয়া! আর হ্যাঁ, সব সময় চোখে একটা কালো সানগ্লাস রাখা, যাতে চারপাশের দুনিয়ার ভেজালগুলো একটু কম চোখে পড়ে।

যদি আলাদিনের চেরাগ পান, তবে এই ২০২৬ সালের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কী বর চাইবেন?

আমি জিনকে বলব, ‘বাবা জিন, এমন একটা ফিল্টার বানিয়ে দাও, যাতে গান গাওয়ার সময় যারা বেশি অটোটিউন ব্যবহার করবে, তাদের মাইক থেকে কারেন্ট শক করবে!’ তাহলে আসল শিল্পীরা বাঁচবে, আর শ্রোতাদের কানও রক্ষা পাবে।

রস+আলোর পাঠকদের উদ্দেশে শেষ কিছু বলুন।

সবাই চোখ-কান খোলা রাখবেন, চারদিকে সাইবার যুদ্ধ চলছে! বেশি রিলস দেখে মাথা নষ্ট করবেন না, মাঝেমধ্যে নিজের মনের ভেতরের ‘মামুনিয়া’কে জাগিয়ে তুলবেন আর রস+আলো পড়বেন। সবার জন্য ভালোবাসা!