‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে’ তরুণদের অংশ নেওয়ার সুযোগ

১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণেরা আবেদন করতে পারবেন।
ছবি: সাদ্দাম হোসেন

মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান মনের বন্ধু তরুণদের বুদ্ধিবৃত্তিক ও পেশাগত দক্ষতা বিকাশের জন্য নেক্সট নামের একটি ‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণেরা আবেদন করতে পারবেন।

অংশগ্রহণকারীরা নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল, পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ ও সনদ, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ, মেন্টরশিপ ও নেটওয়ার্কিংয়ের মতো নানা সুবিধা পাবেন।

মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা জানান, তরুণদের ভবিষ্যতের কর্মজীবনের চ্যালেঞ্জ ও ব্যক্তিগত উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ ও পাঠ্যক্রম সাজানো হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে আলোচিত পেশাজীবী, মনোবিদ, প্রশিক্ষক, শিক্ষক ও গবেষকেরা এই কার্যক্রমে যুক্ত আছেন। সৃজনশীলভাবে সমস্যা সমাধানের উপায় খোঁজা, আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবনে সিদ্ধান্ত গ্রহণ করার মতো বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ থাকছে কর্মসূচিতে।

আগামী ৪ মে-এর মধ্যে নিবন্ধন করতে হবে এই লিংকে । বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭৭৬৬৩২৩৪৪