বিয়ের পর প্রথম ফ্যাশন শো দিয়ে সামনে এলেন জেনডায়া

‘ওদের তো বিয়ে হয়ে গেছে’—এক লাইনের এ বক্তব্য দিয়ে পুরো হলিউডকে চমকে দিয়েছিলেন স্টাইলিস্ট ল রোচ। জেনডায়া ও টম হল্যান্ডের দীর্ঘদিনের প্রেম কারও অজানা নয়। তবে সেই প্রেম যে পরিণয়ে গড়িয়েছে, সে কথা প্রথম জানা যায় জেনডায়ার দীর্ঘদিনের বন্ধু ও স্টাইলিস্ট ল রোচের কাছ থেকে।
জেনডায়া ও টম হল্যান্ড
হলিউডে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের সিনেমা হবে আর সেখানকার দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন না, এমনটা যেন অসম্ভব। তাই ‘স্পাইডার-ম্যান’–এর পর জেনডায়া ও টম হল্যান্ড নিজেদের সম্পর্কটাকে পাকাপাকি করবেন কবে, তা নিয়েই ছিল যত জল্পনা। জেনডায়ার দীর্ঘদিনের বন্ধু ও স্টাইলিস্ট ল রোচ সেটা খোলাখুলি বলে দিয়েছেন সবার সামনে। আর এ ঘটনার পর এই প্রথম জেনডায়া এলেন প্রকাশ্যে। এই জুটির বিয়ের খবর ফাঁস হওয়ার পর এআই দিয়ে তৈরি এমন কিছু বিয়ের ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। যা মিলিয়ন মিলিয়ন রিঅ্যাকশন পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্যারিস ফ্যাশন উইক শুরু হয়েছে ২ মার্চ। জেনডায়ার এখানে আসার খবরটাও চাউর করেছেন ল রোচ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, শেষ দিন প্যারিসে হাজির হচ্ছেন জেনডায়া। ব্যস, এর পর থেকে সব আলো আর ক্যামেরার লেন্স ঘুরে গেছে জেনডায়ার দিকেই।
প্যারিসে জেনডায়া হাজির হয়েছিলেন ব্রাইডাল পোশাকে। পরনে ছিল ধবধবে সাদা পপলিন শার্ট। ড্যাগার-শার্ট কলারের সঙ্গে ছিল সাদা হাই-লো স্কার্ট। কালো হাই হিলের সঙ্গে মিলিয়ে পরেছিলেন বেল্ট। লুই ভুতোঁর শুভেচ্ছাদূত হিসেবে তাদের ২০২৬ সালের শীতকালীন সংগ্রহ থেকে পোশাকটি বেছে নিয়েছেন এই তারকা।
পোশাকের বাইরে ক্যামেরার চোখ ছিল জেনডায়ার অনামিকায়। বিয়ের আংটি দেখার জন্য তর সইছিল না ভক্তদের। প্যারিসে জেনডায়ার বাঁ হাতের অনামিকায় দেখা যায় সোনার আংটি। ধারণা করা হচ্ছে, এটিই তাঁদের বিয়ের আংটি।
এর আগে যেবার প্রকাশ্যে এসেছিলেন জেনডায়া, সেবার তাঁর অনামিকায় দেখা গিয়েছিল ৫ ক্যারেটের একটি ‘বাগ্‌দানের আংটি’। তবে এবার সেটা দেখা যায়নি। কিছুদিন আগে রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘দ্য ড্রামা’ সিনেমার ফটোশুটেও সেই আংটি হাতে ছিল জেনডায়ার।
এবার সবচেয়ে অবাক করেছে জেনডায়ার হেয়ারস্টাইল। ষাটের দশকের হলিউড অভিনেত্রীদের মতো কার্লি বব কাটে হাজির হন তিনি। এ ধরনের চুলের কাটকে অনেকে ‘বিক্সি’ও বলেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজিও একই ধরনের হেয়ারস্টাইল করেন।
এ বছর বেশ ব্যস্ততায় কাটবে জেনডায়ার। আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘দ্য ড্রামা’। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ হোম’, ‘ডুন: পার্ট থ্রি’—সবই মুক্তি পাচ্ছে এ বছর। এ ছাড়া বিখ্যাত সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুমও দেখা যাবে ২০২৬ সালে।
নতুন বছরের তৃতীয় মাসে প্রথমবারের মতো হাল আমলের ‘ফ্যাশনের রানি’কে দেখা গেল সামনাসামনি। ব্যস্ত বছরে সামনে আর কী কী চমক দেখাবেন, সেটারই অপেক্ষায় ভক্তকুল।

সূত্র: পিপল ও ভোগ