সাবুদানার ডোনাট
সাবুদানার ডোনাট

সাবুদানা দিয়েও বানাতে পারবেন ডোনাট, দেখুন রেসিপি

একটা সময় ছিল আমাদের এখানে সাবুদানাকে মনে করা হতো শুধু রোগীর পথ্য। অথচ এই সাবুদানা দিয়েই কিন্তু বানানো যায় মজাদার নানা পদ। বানাতে পারেন ডোনাটও।

উপকরণ

  • সাবুদানা ১ কাপ

  • মাঝারি আকারের আলু ২টি (সেদ্ধ করে চটকে নেওয়া)

  • ভাজা চিনাবাদামগুঁড়া ৩-৪ টেবিল চামচ (আধা ভাঙা)

  • কুচানো কাঁচা মরিচ ২-৩টি

  • আদাকুচি বা বাটা আধা চা-চামচ

  • ধনেপাতাকুচি ২-৩ টেবিল চামচ

  • গোটা জিরা আধা চা-চামচ

  • লেবুর রস ১ চা-চামচ

  • মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • চিনির গুঁড়া সিকি চা-চামচ

  • সাদা তেল বা ঘি ডোনাট ভাজার জন্য

প্রণালি

  • সাবুদানা ভালো করে ধুয়ে ৩-৪ ঘণ্টা অল্প পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি শুষে দানাগুলো হয়ে উঠবে ঝরঝরে।

  • একটি বড় পাত্রে পানিঝরানো ঝরঝরে সাবুদানা, আলু, চিনাবাদামগুঁড়া, আদা, কাঁচা মরিচ, ধনেপাতাকুচি, গোটা জিরা, মরিচের গুঁড়া, লেবুর রস, লবণ ও চিনি একসঙ্গে নিন।

  • হাত দিয়ে চেপে চেপে সব উপকরণ খুব ভালো করে মেখে একটি মণ্ড বা ডো তৈরি করে নিন।

  • এবার হাতে সামান্য তেল বা ঘি মাখিয়ে নিন। মিশ্রণটি থেকে লেচি কেটে প্রথমে গোল বলের মতো করুন। তারপর হাতের তালু দিয়ে হালকা চ্যাপটা করে নিন।

  • এবার আঙুলের সাহায্যে মাঝখানে একটি ফুটো তৈরি করুন। একদম ডোনাটের আকার দিন।

  • কড়াইতে পর্যাপ্ত তেল মাঝারি আঁচে ভালো করে গরম করে নিন। তেল যেন খুব বেশি ধোঁয়া ওঠা গরম না হয়, আবার ঠান্ডাও না থাকে।

  • এবার ডোনাটগুলো সাবধানে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে দুই পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।

  • আঁচ খুব বেশি বাড়ালে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে।

  • ভাজা হয়ে গেলে তেল ছেঁকে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন।

  • গরম গরম সাবুদানার ডোনাট ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।