ঈদের পোশাকের নকশা আর কাট দুটোতেই আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ঈদের পোশাকের নকশা আর কাট দুটোতেই আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে।

ঈদের চলতি ধারার পোশাকে অভিনেত্রী চমক, দেখুন ছবিতে

ঈদপোশাকে এবার আরামটাই প্রাধান্য পাচ্ছে। এ কারণে ঢিলেঢালা কাটের পোশাকের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে কাফতান। নকশায় হালকা, জমকালো—দুই ধরনই চলছে।

প্রতিবছরই ঈদের পোশাকের একটা বিশেষ ধারা দেখা যায়। এ বছর একটি নয়, বেশ কয়েকটি ধারা পাশাপাশি চলছে। ঈদপোশাকের ভাবনায় পার্শ্ববর্তী দেশগুলোর একটা প্রভাব আগে থেকেই আছে। তবে দেশীয় ব্র্যান্ডগুলো কাটে নিজস্ব একটা ধারাও এবার নিয়ে এসেছে।

২০২৬ সালের ঈদে আনারকলি ও সারারা যেমন আছে, খাটো কামিজ ফারসি সালোয়ারও আছে। থাকবে কাফতান, গোড়ালি পর্যন্ত লম্বা কামিজ, শাড়ি, হাঁটুর নিচ পর্যন্ত কামিজ, প্যান্টের সঙ্গে ক্রপ টপ, শাড়ি, স্কার্ট, কো-অর্ড সেট, কোটিসহ কামিজ সেট। সব ধরনের পোশাকের কাটের মধ্যে একটাই মিল—ঢিলেঢালা ভাব।

এ বছর ঈদে একটি নয়, বেশ কয়েকটি ধারা পাশাপাশি চলছে

পোশাকের কাপড়ের মধ্যে এগিয়ে আছে সিল্ক। পাশাপাশি জ্যাকার্ড কটন, জর্জেট, ক্র্যাশ ফেব্রিক, শিফন-জর্জেট, সুতি, খাদির মতো কাপড়ও থাকছে। কিছু পোশাকে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব ও আরামদায়ক হ্যান্ডলুম কটন ও রেমি কটন। জারদৌসি, কাচের কাজ, সুতা, ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, অ্যাপলিক, লেসের ব্যবহার চোখে পড়ছে।

ঈদে, দিন-রাতের দাওয়াতে ভারী নকশার পোশাক, জমকালো সাজগুলোই প্রাধান্য পাবে।

ঈদপোশাক ও সাজের এসব ধারাই ‘নকশা’র পাঠকদের জন্য তুলে ধরলেন রুকাইয়া জাহান চমক। ‘নকশা’ পড়ে বড় হয়েছেন এই অভিনয়শিল্পী। নকশার মডেল হবেন—কখনো ভাবেননি। এই সুযোগে সেটাও হয়ে গেল!

শাড়িতে স্নিগ্ধতা

ঈদে শাড়ির সাজ

পেস্টাল রঙের আর্টিফিশিয়াল সিল্কের শাড়িতে ফয়েল প্রিন্টের কাজ করা হয়েছে। পুরো শাড়ির চারপাশজুড়ে আছে সিকোয়েন্সের কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে পরা হয়েছে গয়না।

ক্রেপ সিল্কের শাড়িতে

রাতের সাজে চমক

ক্রেপ সিল্কের শাড়ির সঙ্গে ফোক আর্টের ব্লাউজ। শাড়িতে যেহেতু তেমন কোনো কাজ নেই, গয়না ভারী রাখা হয়েছে। গলায় দুটি মালা না পরতে চাইলে শুধু চোকারেই সাজ হবে সম্পূর্ণ।

কাফতানে আরাম

ঢিলেঢালা কাটের পোশাকের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে কাফতান

গরমের কারণে কাফতান নিঃসন্দেহে অন্যতম আরামের পোশাক হবে ঈদের সময়। মডেল সিল্কের এই কাফতানের ওপর জারদৌসির কাজ প্রাধান্য পেয়েছে। হালকা গয়নাতেই সাজে এসেছে স্নিগ্ধতা।

কো-অর্ডে সাজ

কো–অর্ডে স্টাইলিশ ধারা

কমলা রঙের কো-অর্ড সেটটি নরম সিল্ক দিয়ে বানানো। এবারের ঈদে কো-অর্ডের ধারাও থাকবে।

লম্বা কামিজ

ঈদে এবার গোড়ালি পর্যন্ত লম্বা কামিজের ধারা দেখা যাবে

ঈদে এবার গোড়ালি পর্যন্ত লম্বা কামিজের ধারা দেখা যাবে। আনারকলি ও এ লাইন—দুই কাটই বেশ চলছে। এ ধরনের লম্বা ধাঁচের কামিজের সঙ্গে সোজা কাটের প্যান্টই মূলত বেছে নেওয়া হচ্ছে। বিচিত্রা সিল্কের ওপর জারদৌসির প্যাচওয়ার্কের কাজ করা হয়েছে। দুপুরে বা রাতের দাওয়াতে সহজেই এটি মানিয়ে যাবে।

চমক এবার ঈদে লম্বা কামিজ পরবেন

সাজের সময় আইলাইনারকে প্রাধান্য দেন রুকাইয়া জাহান চমক

সচেতনভাবেই এখন দেশীয় ব্র্যান্ডগুলো থেকে কেনাকাটা করেন রুকাইয়া জাহান চমক। ঈদের দিন সকালে হালকা সাজেই থাকেন অভিনয়শিল্পী। সন্ধ্যার পর দাওয়াতে গেলে সাজটা হয়ে যায় ভারী। স্মোকি আই, ঐতিহ্যবাহী নকশার গয়না পরে নেন। শাড়ি পরলে চুল খোঁপা করেন। এবারের ঈদে লম্বা কাটের কামিজ কিনেছেন।

সাজের সময় আইলাইনারকে প্রাধান্য দেন রুকাইয়া জাহান। চোখে আইলাইনারের হালকা টান তো থাকবেই। এমনকি ঘুমের সময়ও আইলাইনার ও লিপ টিন্ট লাগানো থাকে। যেন ঘুম থেকে উঠে চেহারা দেখে ফ্যাকাশে না লাগে।

চাঁদরাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। চলে মেহেদি লাগানো ও কেনাকাটা।

ঈদের দিন সকালটা পরিবারের সঙ্গে আর রাতে বন্ধুদের সময় দেন।