চি ঠি প ত্র

বনানী-কাকলীর দুরবস্থা

অভিজাত এলাকা বলে পরিচিত হলেও বনানীর কাকলীর তেমন উন্নতি হয়নি। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বিরক্তিকর যানজট নিরসনে উদ্যোগ নেই। এ জন্য বনানী হয়ে কমলাপুর পর্যন্ত ঘন ঘন ট্রেন সার্ভিস চালু করা হলে অন্তত এই এলাকায় অনেকাংশে যানজট কমবে। বনানী-কাকলী এলাকার চারদিক অপরিচ্ছন্ন। বনানী রেলস্টেশনকে আরও আধুনিকীকরণ করা দরকার।
কাকলীর মোড়ে অবস্থিত আবাসিক হোটেলগুলোর বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে। মহাখালী-বনানী রেলস্টেশনের পাশের বস্তিগুলোতে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই এলাকার জনগণ চরম ক্ষুব্ধ। কারণ, পুলিশ প্রশাসনের অবহেলার জন্য বস্তিগুলোতে মাদক সেবন, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধেরমাত্রা বেড়েই চলছে। প্রায় সময় কাকলীর মোড়ে ওয়াসার সুয়ারেজের ময়লা পানি উপচে পড়তে দেখা যায়।
বনানী ও কাকলী এলাকার সমস্যা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, পুলিশ-র‌্যাব প্রশাসন ও বনানীর ওল্ড ডিওএইচএস সোসাইটির দায়িত্ব রয়েছে।
মাহবুব উদ্দিন চৌধুরী
বনানী ডিওএইচএস, ঢাকা।