মতামত

চীন–দক্ষিণ কোরিয়া সম্পর্ক: সন্দেহের ছায়ায় ঢাকা পড়েছে কূটনীতি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল (বঁায়ে) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি সন্দেহ ও রেষারেষির এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই পক্ষই এমন কর্মকাণ্ড করছে আর এমন সব বিবৃতি দিচ্ছে, যেটাকে অপর পক্ষ ‘কূটনৈতিকভাবে অশোভন’ বলছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ন্যাটোর সঙ্গে বন্ধন জোরালো করতে এবং জাপানের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তিনি উত্তর কোরিয়া যাতে পারমাণবিক শক্তির বিকাশ ঘটাতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগ জোরালো করেছেন। প্রেসিডেন্ট ইউনের এসব পদক্ষেপকে চীনের সমালোচকেরা অশুভ বলে মনে করছেন।

গত ১৯ এপ্রিল রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউন বলেন, চীনের মূল ভূমির সঙ্গে তাইওয়ানের সম্ভাব্য সংঘাত বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁর এই মন্তব্যের পরই চীনের কূটনৈতিক প্রতিক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। সতর্কতা ও আশঙ্কা বিবেচনায় নিয়ে উন প্রশাসনকে যে সমালোচনা করছে চীন, তা শেষ পর্যন্ত ব্যক্তিগত সমালোচনার স্তরে গিয়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকার আগুনে যেন ঘি ঢেলে দেয়। তাইওয়ান বিষয়ে এক প্রশ্নের উত্তরে খুব স্বাভাবিকভাবেই ইউন বলেন, ‘তাইওয়ান কেবল চীন ও তাইওয়ানের মধ্যকার বিষয় নয়, উত্তর কোরিয়ার মতো এটাও বৈশ্বিক বিষয়।’

যদিও ইউন মনে করতে পারেন যে তাইওয়ান প্রণালির অনিবার্য বৈশ্বিক ঝুঁকি নিয়েই তিনি বলেছেন। কিন্তু তাঁর এই মন্তব্য তাইওয়ান প্রশ্নে চীনের যে নীতির সঙ্গে দীর্ঘকাল ধরে দক্ষিণ কোরিয়া একমত পোষণ করে আসছে, সেটার বিচ্যুতি। এক চীন নীতির ওপর ভিত্তি করে বেইজিং মনে করে, তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয়। ফলে উনের মন্তব্যে চীন শক্ত প্রতিক্রিয়া জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘তাইওয়ান প্রশ্নটি একেবারে নির্ভেজালভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এটা চীনের অস্তিত্বগত স্বার্থের সঙ্গে জড়িত। আমরা মনে করি, চীন-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকালে যে যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছিল, সিউল সেটা মেনে চলবে এবং এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্মেলনের পর চীনাদের সমালোচনার বাঁধ ভেঙে পড়ে। কোনো কোনো বিশ্লেষক এমন মন্তব্যও করে বসেন যে এই নির্বুদ্ধিতার নীতি টেকসই হবে না। কেননা, এটা দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী। যদিও প্রেসিডেন্ট ইউন অব্যাহতভাবে বলে আসছেন, চীনের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক একটা ইতিবাচক অর্জনের মধ্য দিয়ে এগোচ্ছে, যার ভিত্তি হলো দুই দেশের পারস্পরিক স্বার্থ। তা সত্ত্বেও ইউনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে চীন ‘অশুভ ছায়া’ বলেই বিবেচনা করছে।

এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন কূটনৈতিক সৌজন্য গুরুতরভাবে লঙ্ঘন করেছে। দুই দেশের সরকারই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করা হয়, অন্যদিকে চীনে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত চীনের দূতাবাস থেকে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে ব্যাখ্যা করা হয় তাইওয়ান প্রণালি কেন কোরীয় উপদ্বীপ থেকে পুরোপুরি ভিন্ন একটি বিষয়।

চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এ দীর্ঘ একটি সম্পাদকীয় ছাপা হয়। সেখানে সমালোচনা করে বলা হয়, ইউনের পররাষ্ট্রনীতি জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ছায়া। সেখানে ইউনের মন্তব্যে চীনের আপত্তি ও ক্ষোভের কারণ তুলে ধরা হয় এবং বলা হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ওপর গোয়েন্দাগিরি করছে। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে চীন প্রকৃত এবং এমনকি অতিরিক্ত কূটনৈতিক সম্মান প্রত্যাশা করে।

এর প্রতিক্রিয়ায় বেইজিংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস পিপলস ডেইলি ও গ্লোবাল টাইমস-এর সম্পাদকের কাছে চিঠি লেখে। সেই চিঠিতে অভিযোগ করা হয়, ‘আপনার পত্রিকায় উত্তেজনাকর, প্ররোচনাপূর্ণ ও অসংগত ভাষা ব্যবহার করে আমাদের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রনীতিকে খাটো করা হয়েছে। কোনো ধরনের বাস্তব তথ্য-প্রমাণ ছাড়াই চরম পক্ষপাতমূলক দৃষ্টিকোণ থেকেই তা করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্মেলনের পর চীনাদের সমালোচনার বাঁধ ভেঙে পড়ে। কোনো কোনো বিশ্লেষক এমন মন্তব্যও করে বসেন যে এই নির্বুদ্ধিতার নীতি টেকসই হবে না। কেননা, এটা দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী। যদিও প্রেসিডেন্ট ইউন অব্যাহতভাবে বলে আসছেন, চীনের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক একটা ইতিবাচক অর্জনের মধ্য দিয়ে এগোচ্ছে, যার ভিত্তি হলো দুই দেশের পারস্পরিক স্বার্থ। তা সত্ত্বেও ইউনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে চীন ‘অশুভ ছায়া’ বলেই বিবেচনা করছে।

চীন ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক রেষারেষিতে একমাত্র আশার বিষয় হলো, বেইজিংয়ে দেশটির সদ্য বিদায়ী রাষ্ট্রদূত প্রেসিডেন্ট সি চিন পিংকে সিউল সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বেইজিং-সিউল সম্পর্কে যে অচলাবস্থা তাতে মনে হচ্ছে, দুই দেশের মধ্যে পুনর্মিলনের চেয়ে বড় কিছু প্রয়োজন। আর সেটা প্রেসিডেন্ট ইউনের আমলেই হওয়া দরকার।

  • স্কট স্নাইডের কাউন্সিল অন ফরেন রিলেশনসের যুক্তরাষ্ট্র-কোরিয়া নীতি বিষয়ে কর্মসূচির পরিচালক

  • সি-ওন বায়েন সহকারী অধ্যাপক, সান ফ্রান্সিসকো স্টেট বিশ্ববিদ্যালয়