
বেসরকারি উদ্যোক্তা ও আমানতকারীদের ধৈর্যে গড়ে ওঠা দেশের সবচেয়ে সফল ইসলামি ব্যাংকটি রাষ্ট্রীয় নকশায় দখল হয়েছিল।
সরকারকে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা দিয়ে ৬ হাজার কোটি টাকার শেয়ার ছাড়লে পুরোনো ভুলই নতুন রূপে ফিরে আসবে।
এ বছর অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে আমি বেশি লিখেছি।
মে মাসে বলেছিলাম, দেশের সামনে এখন সংস্কার অথবা আত্মসমর্পণের পথ। জুনে লিখেছিলাম, এই সংকট ইসলামি ব্যাংকিংয়ের ব্যর্থতা নয়; এটি সুশাসনের ব্যর্থতা।
সেপ্টেম্বরে সতর্ক করেছিলাম, তারল্য আর মূলধন এক নয়; ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে কোনো ব্যাংকে নতুন মূলধন জোগানো মানে পুরোনো ক্ষতিকে নতুন করে অর্থায়ন করা।
প্রতিবারই আশা করেছি, পরের পদক্ষেপটি হবে বিশ্বাসযোগ্য পুনর্গঠন। কিন্তু এখন ব্যাংকটি সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চেয়েছে।
প্রস্তাবটি সহজ। সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ১০ টাকা অভিহিত মূল্যে ৬০০ কোটি নতুন শেয়ার দেবে ব্যাংকটি।
পরিশোধিত মূলধন প্রায় ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বেড়ে হবে প্রায় ৭ হাজার ৬১০ কোটি টাকা।
দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিক হবে রাষ্ট্র। বাংলাদেশ ব্যাংক প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে; সিদ্ধান্ত এখন সরকারের হাতে।
ব্যাংকটির মূলধন দরকার, এবং দ্রুতই দরকার—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপত্তি প্রস্তাবটির ধরনে।
রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মালিকানা ব্যাংকের সমস্যার সমাধান করবে না। শুধু নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা বদলাবে। আর গত এক দশকে ইসলামী ব্যাংকের সমস্যার কেন্দ্রে ছিল সেই নিয়ন্ত্রণই।
কী ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছি, তা বুঝতে হলে ব্যাংকটির অতীত মনে করা দরকার। ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালে।
জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের উদ্যোক্তাদের অংশগ্রহণে এর প্রতিষ্ঠা।
ইতিহাসের বড় অংশে বিদেশি বিনিয়োগকারীরাই ব্যাংকটির অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন।
ব্যাংকটির রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে যে যার মতো মত পোষণ করতে পারেন—আমি জানি, অনেক বাংলাদেশিই তা সমালোচনার চোখে দেখেন। কিন্তু প্রতিষ্ঠাতারা যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেটি ছিল সত্যিকারের অর্জন।
ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকে পরিণত হয় এবং প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের সবচেয়ে বড় মাধ্যম হয়ে ওঠে।
২০১২ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ‘দ্য ব্যাংকার’ সাময়িকীর বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের তালিকায় জায়গা পায়।
এরপর বছরের পর বছর ওই তালিকায় একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে ছিল এটি। ২০১৬ সালে সাময়িকীটি ইসলামী ব্যাংককে ‘ব্যাংক অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জেনারেল কাউন্সিলও একে বিশ্বের সেরা ইসলামি ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়।
লাখ লাখ সাধারণ আমানতকারী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসী কর্মী এই ব্যাংকে তাঁদের সঞ্চয় রেখেছেন।
কোনো দলকে সমর্থন করার জন্য আমি এসব বলছি না; অতীতের রেকর্ডটি গুরুত্বপূর্ণ বলেই বলছি। বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যর্থ হয়নি ইসলামি হওয়ার কারণে।
বহু বছর ধরে এর প্রধান প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার সেরা পরিচালিত ব্যাংকগুলোর একটি ছিল। যে কারণে ব্যাংকটি ধ্বংস হয়েছে, তা এর ধর্মীয় ভিত্তির মডেল নয়; বরং পরিকল্পিতভাবে এর নিয়ন্ত্রণ হস্তান্তর।
আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংকের জামায়াত-সংশ্লিষ্টতাকে জোর করে সমাধান করার মতো রাজনৈতিক সমস্যা হিসেবে দেখেছিল।
২০১৫ সালে অর্থ মন্ত্রণালয় ব্যাংকটিকে জামায়াতের নিয়ন্ত্রণমুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চায়।
পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বারবার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদর দপ্তরে তলব করা হয়। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক বোর্ডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে, আর নতুন গঠিত কিছু কোম্পানি বড় অঙ্কের শেয়ার কিনতে শুরু করে।
নির্ণায়ক ঘটনা ঘটে ২০১৭ সালের ৫ জানুয়ারি। সাবেক কর্মকর্তারা পরে যে বিবরণ দিয়েছেন, তাতে সেদিন সকালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ডিজিএফআই সদর দপ্তরে নিয়ে পদত্যাগে বাধ্য করা হয়।
শেষ মুহূর্তে বোর্ড সভার স্থান ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বদলে সেনাবাহিনীর কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন একটি হোটেলে নেওয়া হয়।
ফোন জমা নেওয়া হয়েছিল, বাইরে থেকে লোকজন উপস্থিত ছিল, আর এস আলম গ্রুপের পছন্দের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক পরিবর্তনগুলো অনুমোদন করে।
একটি তালিকাভুক্ত ব্যাংকের মালিকানা পরিবর্তনে কোনো গোয়েন্দা সংস্থার সরাসরি ভূমিকা আমাদের ইতিহাসে ছিল নজিরবিহীন।
ব্যাংকটির সুনাম গড়ে তোলা বিদেশি উদ্যোক্তারা নিজেদের মতো করে সিদ্ধান্তে পৌঁছেছিলেন।
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ২০১৭ সালে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেন, বিদেশি শেয়ারধারীদের উপেক্ষা করা হচ্ছে।
একে একে তাঁরা শেয়ার বিক্রি করে চলে যান। একসময় বিদেশি মালিকানাধীন সংখ্যাগরিষ্ঠ শেয়ারের ব্যাংকটির প্রায় ৮২ শতাংশ শেয়ার শেষ পর্যন্ত এস আলম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে যায়। আদালতের আদেশে সেই শেয়ার এখন জব্দ।
এরপর যা ঘটেছে, তা নথিবদ্ধ: সংশ্লিষ্ট কোম্পানিকে আগ্রাসী ঋণ দেওয়া, চট্টগ্রামের একটি উপজেলায় কেন্দ্রীভূত নিয়োগের ঢল, আর তিন দশকে গড়ে ওঠা ব্যালান্স শিটের ধীরে ধীরে শূন্য হয়ে যাওয়া।
মে মাসের লেখায় নিয়োগবিধি বদলে ফেলা এবং পরীক্ষায় পাসের নম্বর কমিয়ে দেওয়ার কথা বলেছিলাম। এগুলো ছিল উপসর্গ। রোগটি ছিল দখলদারত্ব।
আমার শিক্ষা হলো, বেসরকারি মালিকেরা ব্যাংকটি চালিয়েছিলেন বলে এটি ধ্বংস হয়নি; রাষ্ট্র মালিক কে হবে তা ঠিক করতে চেয়েছিল বলেই ধ্বংস হয়েছে।
এক দলের হাত থেকে ব্যাংককে “মুক্ত” করার রাজনৈতিক প্রকল্প সেটিকে আরেক দলের ঘনিষ্ঠ ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। এখন সেই ব্যাংক রাষ্ট্রের হাতে তুলে দেওয়াকে চিকিৎসা বলা অদ্ভুত হবে।
ফেব্রুয়ারির নির্বাচনের পর ব্যাংকটি আবার রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। মে মাসে বাংলাদেশ ব্যাংক নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়।
আমানতকারী ও শেয়ারধারীরা প্রতিবাদ করেন, টাকা তোলার পরিমাণ বেড়ে যায় এবং ব্যাংকটি আমানত প্রত্যাহারের চাপের মুখে পড়ে।
জুনে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক প্রশাসক হিসেবে ব্যাংকটি চালাচ্ছেন। গভর্নর বলেছেন, ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংক ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল।
সংসদে দুই পক্ষ পরস্পরের কথা শুনছে না। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান শেয়ার বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, একটি গোষ্ঠী আবারও ব্যাংকটি দখলের চেষ্টা করছে; তিনি ব্যাংকটিকে জামায়াত-নিয়ন্ত্রিত বলার বর্ণনাও প্রত্যাখ্যান করেছেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে ব্যাংকটি নিরাপদ থাকবে; তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এর ভিত্তি স্থাপিত হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্যাংকটিকে ইসলামের সঙ্গে এক করে দেখা উচিত নয়; ব্যাংকটির পল্লী উন্নয়ন কর্মসূচিতে অনিয়মের অভিযোগও তুলেছেন তিনি।
প্রতিটি পক্ষই ব্যাংকটির ইতিহাসকে নিজেদের বলে দাবি করছে। কিন্তু ব্যাংকটির মূলধন কীভাবে পুনর্গঠন করা হবে, তা কেউ ব্যাখ্যা করেনি। দুই পক্ষের মাঝখানে আটকে আছেন আমানতকারীরা।
এ অবস্থায় সরকার ৭৯ শতাংশ শেয়ার কিনলে ইসলামী ব্যাংক রাজনীতির বাইরে যাবে না; বরং রাজনীতি স্থায়ীভাবে পরিচালনা পর্ষদে ঢুকে পড়বে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন, তারাই বোর্ড নিয়োগ করবেন; প্রতিটি নিয়োগকে দলীয় প্রতিযোগিতায় চাল হিসেবে দেখা হবে।
অর্থনীতিবিদ জাহিদ হোসেন জুনে যথার্থই বলেছিলেন: প্রশাসক আগুন নেভাতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান পুনর্গঠনে দরকার একজন স্থপতি।
ভবনটি যে দলের হাতে, সেই দলেরই হয়ে যাবে—এমন আশঙ্কা থাকলে যোগ্য স্থপতিরা এই দায়িত্ব নেবেন না।
ব্যাংকটির শেয়ার নিয়ে মামলায় কাজ করেছেন এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য—এমন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভিন্ন ধরনের উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, রাষ্ট্রকে নতুন শেয়ার দিয়ে মূলধন তোলার পথটি ভুল; এতে ব্যাংকের মালিকানা মৌলিকভাবে বদলে যাবে এবং একসময়ের সফল বেসরকারি ব্যাংক কার্যত জাতীয়করণ হবে।
প্রস্তাবটি নানা অবস্থানের বিশেষজ্ঞদের কাছ থেকেই কঠোর সমালোচনা পেয়েছে।
২০২৪ সালের আগস্টের পর ব্যাংক খাতের পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর একে ভুল পদক্ষেপ বলেছেন।
তাঁর বক্তব্য, সারা বিশ্বের সরকার যখন ব্যাংকিং খাত থেকে সরে যাচ্ছে, আমরা তখন উল্টো পথে হাঁটছি; আর আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই দেখায়, সরকারি মালিকানা কতটা অদক্ষ হতে পারে।
তিনি সতর্ক করেছেন, কয়েক বছরের মধ্যে ৬ হাজার কোটি টাকা হারিয়ে যেতে পারে, তারপর রাষ্ট্রকে আরও অর্থ দিতে হবে।
ব্যাংকটির শেয়ার নিয়ে মামলায় কাজ করেছেন এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য—এমন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভিন্ন ধরনের উদ্বেগ জানিয়েছেন।
তাঁর মতে, রাষ্ট্রকে নতুন শেয়ার দিয়ে মূলধন তোলার পথটি ভুল; এতে ব্যাংকের মালিকানা মৌলিকভাবে বদলে যাবে এবং একসময়ের সফল বেসরকারি ব্যাংক কার্যত জাতীয়করণ হবে।
নতুন মূলধন অতীতের অনিয়মের দায় মুছে দেয় না—এ কথাও তিনি জোর দিয়ে বলেছেন।
বিতর্কিত শেয়ার হস্তান্তর তদন্ত করতে হবে; জবরদস্তি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখতে হবে।
বেনামি ও রাজনৈতিক প্রভাবে দেওয়া ঋণের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। অতীতের অনিয়মের খরচ মেটাতে জনগণের অর্থ ব্যবহার না করার সতর্কতাও দিয়েছেন তিনি।
তাঁর প্রস্তাব—প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ইসলামী উন্নয়ন ব্যাংক, আল রাজি, কুয়েত ফাইন্যান্স হাউস, বাহরাইন ইসলামিক ব্যাংকসহ অন্যদের ফিরিয়ে এনে ব্যাংকে নতুন মূলধন জোগানো এবং আন্তর্জাতিক মানের নিরীক্ষা ও পরিপালনব্যবস্থা ফিরিয়ে আনা।
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে অ্যাডভোকেট মনিরের উদ্বেগের অনেকটাই আমি ভাগ করি; নতুন মূলধন যেন ক্ষমা হয়ে না দাঁড়ায়—এ কথার সঙ্গে পুরোপুরি একমত। তবে একটি সতর্কতা যোগ করতে চাই।
প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা যথেষ্ট কারণেই চলে গিয়েছিলেন। এ বছরের শুরুতে কৌশলগত বিনিয়োগকারীরা দ্রুত ফিরবেন—এ বিষয়ে আমি অতিরিক্ত আশাবাদী ছিলাম।
তাঁদের ফেরার জন্য সক্রিয়ভাবে উদ্যোগ নিতে হবে, কিন্তু পুরো পরিকল্পনাটি তাঁদের ফেরার ওপর নির্ভর করে থাকতে পারে না। উন্মুক্ত প্রক্রিয়ায় বিষয়টি যাচাই করতে হবে, ধরে নেওয়া যাবে না।
রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মালিকানার বিরোধিতা শুধু রাজনীতির যুক্তিতে নয়; অঙ্কেও এর ভিত্তি আছে।
২০২৬ সালের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা।
২০২৫ সালের নিরীক্ষিত হিসাবে শ্রেণীকৃত বিনিয়োগের পরিমাণ ৯৪ হাজার ৩২২ কোটি টাকা। এর বিপরীতে প্রভিশন ঘাটতি ৮৪ হাজার ৬১৫ কোটি টাকা; বাংলাদেশ ব্যাংক এই ঘাটতি পূরণ পিছিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে।
ব্যাংকটির ঘোষিত ইকুইটি প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা। ঘাটতি স্বীকার করে নিলে ব্যাংকের ইকুইটি গভীর ঋণাত্মক হয়ে যাবে।
এই পরিস্থিতিতে ৬ হাজার কোটি টাকা ঘাটতির মাত্র প্রায় ৭ শতাংশ পূরণ করবে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যে হারে ব্যাংক লোকসান করেছে, তাতে এ অর্থ প্রায় নয় মাসে শেষ হয়ে যাবে। রাষ্ট্র ব্যাংকটির নিয়ন্ত্রণ পাবে, কিন্তু ব্যাংকটি ঋণ পরিশোধে সক্ষম হবে না।
আরেকটি সমস্যা আছে। নতুন শেয়ার ছাড়লে জব্দ থাকা এস আলমের শেয়ার উঠে যাবে না; বরং তাদের মালিকানা কমে প্রায় ১৭ শতাংশে দাঁড়াবে।
আদালত কখনো এসব শেয়ার ছেড়ে দিলে, করদাতার অর্থে উদ্ধার করা ব্যাংকটির দ্বিতীয় বৃহত্তম মালিক হবে এই সংকটের কেন্দ্রে থাকা গোষ্ঠীটি।
আর লোকসানের পর প্রকৃত মূল্য ঋণাত্মক—এমন ইকুইটির জন্য রাষ্ট্র শেয়ারপ্রতি ১০ টাকা দেবে। এটি বিনিয়োগ নয়; পুরোনো শেয়ারধারীদের ভর্তুকি।
আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দেখায়, এই পথে কোথায় গিয়ে পৌঁছাতে হয়। জুনে তাদের সম্মিলিত মূলধন পর্যাপ্ততার অনুপাত ছিল শূন্য দশমিক ৮২ শতাংশ; ন্যূনতম শর্ত ১০ শতাংশ। আর তাদের ঋণের ৪৩ দশমিক ২ শতাংশ খেলাপি।
২০১৯ সালে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহায়তায় উদ্ধার করা পদ্মা ব্যাংকের ঋণের ৯১ শতাংশের বেশি ছয় বছর পরও খেলাপি ছিল।
গত মাসে ব্যাংকটির আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের বাইরে প্রতিবাদ করেছেন। পদ্মা ব্যাংকের সমস্যা রাষ্ট্রীয় মালিকানার কারণে তৈরি হয়নি।
কিন্তু রাষ্ট্রীয় মালিকানা সমস্যার সমাধানও করতে পারেনি—কারণ কোনো লোকসান স্বীকার করা হয়নি, কাউকে জবাবদিহির মুখোমুখি করা হয়নি, আর রাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না।
সেপ্টেম্বরে আমি বলেছিলাম, খেলাপি ঋণের ক্ষতি কোন ক্রমে বহন করা উচিত। প্রথমে ব্যাংক তার আয় ও মূলধন দিয়ে ক্ষতি সামলাবে।
এরপর শেয়ারধারীদের মালিকানা কমবে, প্রয়োজনে শেয়ার শূন্য হবে। দায়ী ভেতরের লোকদের কাছ থেকে অর্থ ফেরত নেওয়া হবে। ঋণগ্রহীতা ও জামানত থেকে আদায় ক্ষতির বাকি অংশ কমাবে।
টিকে থাকার সক্ষমতা আছে—এমন ব্যাংক এরপর বেসরকারি মূলধন চাইবে। সবশেষে, পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংকের ক্ষেত্রে করদাতার অর্থ দিয়ে অবশিষ্ট মূলধন জোগানো যেতে পারে।
তখনও রাষ্ট্রীয় সহায়তার বিনিময়ে ইকুইটি বা আদায়যোগ্য অন্য কোনো দাবি, ব্যবস্থাপনায় পরিবর্তন, অর্থ উদ্ধারের লক্ষ্য এবং রাষ্ট্রের সরে যাওয়ার সময়সীমা থাকতে হবে।
ইসলামী ব্যাংক পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ; তাই এখানে সরকারি অর্থ লাগতে পারে। কিন্তু বর্তমান প্রস্তাবে আমার বলা ক্রম উল্টে দেওয়া হয়েছে।
করদাতাকে সবার আগে আনা হচ্ছে, পুরোনো ইকুইটি বহাল থাকছে, অর্থ উদ্ধারের বিষয়ে কিছু বলা হচ্ছে না, আর রাষ্ট্রের প্রস্থানের কোনো পরিকল্পনাও নেই।
এই পত্রিকায় এবং বাংলায় প্রথম আলো, আমার দেশ ও নয়া দিগন্তে আমি আরও লিখেছি—আমাদের ইসলামি ব্যাংকগুলোর সংকটের মূলে আছে রাজনৈতিক অর্থনীতি, ইসলামি অর্থায়ন নয়।
কোনো ব্যাংক ব্যবসায়িক গোষ্ঠী কিংবা রাজনৈতিক নেটওয়ার্কের ব্যক্তিগত কোষাগার হতে পারে না। এই নীতি রাষ্ট্রের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, এস আলমের ক্ষেত্রেও তেমনই।
আমার বিবেচনায়, ধারাবাহিকভাবে যা করতে হবে তা হলো—
প্রথমত, ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে। তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রেজোল্যুশন বিভাগকে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রতিষ্ঠান দিয়ে স্বাধীন সম্পদ-মান পর্যালোচনা ও মূল্যায়ন করাতে হবে এবং তার সারসংক্ষেপ প্রকাশ করতে হবে।
এখন যেসব সংখ্যার ওপর কেউ পুরোপুরি আস্থা রাখতে পারছেন না, সেগুলো নির্ভরযোগ্য না হলে পরের কোনো সিদ্ধান্তই কার্যকর হবে না।
দ্বিতীয়ত, লোকসান যার যেখানে বহন করা উচিত, সেখানেই দিতে হবে। ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬ বাংলাদেশ ব্যাংককে শেয়ারধারীদের অধিকার সীমিত করা, শেয়ার হস্তান্তর এবং বিদ্যমান বা নতুন শেয়ারধারীর মাধ্যমে পুনঃমূলধনীকরণের ক্ষমতা দিয়েছে।
সরকারি অর্থ ঢোকার আগেই পুরোনো ইকুইটি অবলোপন করতে এই ক্ষমতা ব্যবহার করা উচিত। আদালতের আদেশে জব্দ শেয়ারগুলোকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনতে হবে; শুধু নতুন শেয়ারের মাধ্যমে তাদের মালিকানা কমিয়ে দিলেই চলবে না।
যারা ব্যাংকটি দখল করেননি, সেই সংখ্যালঘু শেয়ারধারীদের পর্যালোচনার পর নির্ধারিত ন্যায্য দামে রাইটস শেয়ারের সুযোগ দিতে হবে।
তৃতীয়ত, ২০১৭ সালের শেয়ার হস্তান্তর তদন্ত করতে হবে। এ বিষয়ে অ্যাডভোকেট মনির ঠিকই বলেছেন। নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তে নির্ধারণ করতে হবে, কীভাবে শেয়ারের হাতবদল হয়েছে, জবরদস্তি হয়েছিল কি না এবং কারা লাভবান হয়েছেন।
অপরাধ প্রমাণিত হলে আইনে প্রতিকার থাকতে হবে। কোন দল লাভবান হবে, সেটি এখানে বিবেচ্য নয়; বিষয়টি বিনিয়োগকারীর অধিকার ও আইনের শাসনের।
বেসরকারি বিনিয়োগকারীরা যে মূলধন জোগাবে না, রাষ্ট্র বাকি অংশ এমন শরিয়াহসম্মত কাঠামোয় দিতে পারে, যাতে করদাতার স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু স্থায়ী নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে না যায়। সাধারণ শেয়ারের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত চিরস্থায়ী মুদারাবা সনদ এ কাজে ব্যবহার করা যেতে পারে।
চতুর্থত, খারাপ সম্পদ আলাদা করে অর্থ উদ্ধারে নামতে হবে। এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যুক্ত অর্থায়নকে বাস্তবসম্মত মূল্যায়নের ভিত্তিতে আলাদা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে স্থানান্তর করতে হবে।
মে মাসে আমি লিখেছিলাম, ১৯৯৭-পরবর্তী ইন্দোনেশিয়ার পুনর্গঠন দেখায়, এটি কীভাবে করা যায়।
বিদেশে শনাক্ত সম্পদসহ যাবতীয় আদায় জনগণের অর্থে ফেরত আসতে হবে। ঋণগ্রহীতাদের ন্যায়বিচারের সুযোগ দিতে হবে, তবে উদ্ধার তহবিল জোগানোর মতোই জোরালোভাবে অর্থ উদ্ধারের চেষ্টা চালাতে হবে।
পঞ্চমত, আগে বেসরকারি মূলধন আহ্বান করতে হবে। পুনর্গঠিত ব্যাংকটিকে উন্মুক্ত আন্তর্জাতিক প্রক্রিয়ায় কৌশলগত বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব করতে হবে।
শুরুতেই থাকতে পারে প্রতিষ্ঠাতা ইসলামী উন্নয়ন ব্যাংক ও উপসাগরীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো; পাশাপাশি বিশ্বাসযোগ্য দেশীয় বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানাতে হবে। তারা না এলে কেন আসছে না, তা জানা যাবে—এ তথ্যও মূল্যবান।
ষষ্ঠত, সরকারি অর্থকে অধিগ্রহণের উপায় নয়, শেষ ভরসা হিসেবে ব্যবহার করতে হবে।
বেসরকারি বিনিয়োগকারীরা যে মূলধন জোগাবে না, রাষ্ট্র বাকি অংশ এমন শরিয়াহসম্মত কাঠামোয় দিতে পারে, যাতে করদাতার স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু স্থায়ী নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে না যায়।
সাধারণ শেয়ারের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত চিরস্থায়ী মুদারাবা সনদ এ কাজে ব্যবহার করা যেতে পারে।
এতে ক্রমবর্ধমান মুনাফার অংশ থাকবে; সম্মত আদায়-লক্ষ্য পূরণ না হলেই কেবল এটি সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।
ভোটাধিকারসহ নিয়ন্ত্রণ যদি রাষ্ট্রের হাতে যায়, তাহলে শেয়ার অর্থ মন্ত্রণালয়ের কাছে না রেখে পেশাদার পর্ষদ পরিচালিত স্বতন্ত্র হোল্ডিং কোম্পানির কাছে রাখতে হবে।
সপ্তমত, আমানতকারীদের পুরোপুরি সুরক্ষা দিতে হবে। রেজোল্যুশন চলাকালে খুচরা আমানতকারীদের আমানত নিশ্চয়তা দিতে হবে।
ইসলামি চুক্তি আইনে ব্যাংকের নিজের অনিয়ম বা অবহেলার কারণে যে ক্ষতি হয়, তার দায় ব্যাংকের—মুদারাবা আমানতকারীদের নয়।
অষ্টমত, আইনেই রাষ্ট্রের প্রস্থানের পরিকল্পনা লিখে দিতে হবে। স্বীকৃত লোকসান হিসাব করার পর মূলধন নিয়ন্ত্রক শর্ত পূরণ না করা পর্যন্ত লভ্যাংশ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনে কঠোর সীমা থাকতে হবে।
স্বচ্ছ ও যোগ্যতা-যাচাই প্রক্রিয়ায় নির্বাচিত স্বাধীন পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতা বোর্ডে নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রের প্রস্থান শেষে কোনো একক গোষ্ঠী ১০ শতাংশের বেশি শেয়ার রাখতে পারবে না—মে মাসে আমি যে সীমার প্রস্তাব দিয়েছিলাম, এখন তার গুরুত্ব আরও বেড়েছে।
আর পাঁচ থেকে সাত বছরের মধ্যে সরকারি শেয়ার জনসাধারণের কাছে বিক্রির বিধিবদ্ধ সময়সীমা থাকতে হবে; সংসদ ছাড়া এ সময় বাড়ানো যাবে না।
মে মাসে আমি লিখেছিলাম, এই সংকটের স্থপতিদের ক্ষতির তুলনায় সামান্য অর্থ দিয়ে আবার মালিক হওয়ার সুযোগ দেওয়া সংস্কার নয়, আত্মসমর্পণ।
পরে সংসদ ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮ক ধারা বাতিল করে সেই পথ বন্ধ করেছে। এখন আমি দ্বিতীয় সতর্কবার্তা দিচ্ছি: রাজনৈতিকভাবে বেছে নেওয়া এক মালিকের জায়গায় আরেক মালিককে—এবার রাষ্ট্রকে—বসানোও সংস্কার নয়।
ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল বেসরকারি উদ্যোগ, আন্তর্জাতিক অংশীদারত্ব ও সাধারণ মানুষের আস্থায়। রাষ্ট্রের বলপ্রয়োগে তা কেড়ে নিয়ে পছন্দের একটি গোষ্ঠীর হাতে দেওয়া হয়েছিল।
সেই অন্যায়ের প্রতিকার জাতীয়করণের মাধ্যমে তা সম্পূর্ণ করা নয়। ক্ষতি সৎভাবে নিরূপণ করতে হবে, দায়ীদের মূল্য দিতে হবে, আমানতকারীদের সুরক্ষা দিতে হবে, বিশ্বাসযোগ্য মালিকদের ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এবং সরকার কবে সরে যাবে, তা নির্ধারণ করতে হবে।
এই সরকারের পরীক্ষা ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারে কি না, তা নয়। যেকোনো সরকারই তা পারে। পরীক্ষা হলো—ব্যাংকটিকে পুনরুদ্ধার করে পরে ছেড়ে দিতে পারে কি না।
ড. এম কবির হাসান যুক্তরাষ্ট্রের এলএসইউ–নিউ অরলিন্সের অর্থনীতি ও অর্থ বিভাগে অর্থনীতির অধ্যাপক এবং মোফেট চেয়ার।
* মতামত লেখকের নিজস্ব।