
ছন্দা (ছদ্মনাম)। বয়স ১৫ বছর। প্রতিদিন তাকে একা গণপরিবহনে চড়ে স্কুল ও কোচিং সেন্টারে আসা-যাওয়া করতে হয়। সেদিনও স্কুল শেষে কোচিং থেকে ফিরছিল ছন্দা। বাসে প্রচণ্ড ভিড়; বসার জায়গা ছিল না। তাই দাঁড়িয়েই বাড়ি ফিরতে হচ্ছিল তাকে। হঠাৎ ছন্দা অনুভব করল তার শরীরে অনাকাঙ্ক্ষিত একটি হাতের স্পর্শ। কুঁকড়ে গেল সে। পাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী পুরুষটির দিকে তাকাল। কিন্তু লোকটির মধ্যে কোনো ভাবান্তর আছে বলে মনে হলো না। যেন কিছুই ঘটেনি।
বাড়ি ফিরে ছন্দা তার এই অনভিপ্রেত অভিজ্ঞতার কথা মাকে জানাল। মা বিষয়টি ছন্দার বাবা ও দাদিকে জানালেন। ছন্দারা যৌথ পরিবারে থাকে বলে খুব দ্রুত পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি জেনে গেলেন। ছড়িয়ে পড়ল দুশ্চিন্তা। সন্ধ্যায় রীতিমতো পারিবারিক বৈঠক বসল। প্রথমেই ছন্দার দাদির আপত্তি ছন্দার পোশাক নিয়ে। ছন্দার বাবা সাফ জানিয়ে দিল, সন্ধ্যার পর কোনোভাবেই ছন্দা বাসার বাইরে থাকতে পারবে না; বাসেও উঠতে পারবে না। প্রয়োজনে তাকে কাছের কোনো কোচিং সেন্টারে ভর্তি করা হবে। দরকার হলে ছন্দার ভাই তাকে আনা-নেওয়া করবে।
ছন্দার মা বলল, ‘তোমাকে অনেক আগেই বলেছিলাম মেয়েকে মার্শাল আর্টের স্কুলে দিতে। কথা শোনোনি। আজ মেয়ে মার্শাল আর্ট জানলে কষে একটা লাথি মারতে পারত বেয়াদবটাকে। আমি কালই ছন্দাকে মার্শাল আর্টের স্কুলে ভর্তি করে দেব।’
ছন্দার গল্পটি কাল্পনিক। কিন্তু তার অভিজ্ঞতাটি প্রায় শতভাগ মেয়ের জন্য খুবই বাস্তব। মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে সমাজের নানা ধরনের পরামর্শ দেওয়ার প্রবণতা নতুন নয়। মেয়েদের নিরাপত্তার প্রসঙ্গ এলেই শুরু হয় তাদের পোশাক, আচরণ, চলাফেরা, সময়জ্ঞান, এমনকি ব্যক্তিগত পছন্দেরও চুলচেরা বিশ্লেষণ।
সম্প্রতি মেয়েদের নিরাপত্তায় মার্শাল আর্ট শেখার গুরুত্বও নানাভাবে আলোচিত হচ্ছে এবং কিছু ক্ষেত্রে তা যথেষ্ট গ্রহণযোগ্যতাও পাচ্ছে। পরামর্শ দেওয়ার এই তালিকায় যেমন সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা রয়েছেন, তেমনি রয়েছেন নানা শ্রেণি–পেশার মানুষ।
মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর এ বিষয় নিঃসন্দেহে ইতিবাচক। আত্মরক্ষার প্রশিক্ষণ বস্তুতপক্ষে যেকোনো মানুষেরই আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও বিপদ মোকাবিলার প্রস্তুতি বাড়াতে পারে। কিন্তু বিষয়টি যখন মেয়েদের নিরাপত্তাহীনতার সমাধান হিসেবে মেয়েদের কাঁধেই চাপিয়ে দেওয়া হয়, তখন সেটি নিয়ে ভাবার অবকাশ আছে।
প্রশ্ন হলো, মেয়েদের নিরাপত্তার সমাধান হিসেবে আমরা কেন বারবার মেয়েদের পরিবর্তিত হতে বলি? কেন বারবার তাদেরই আরও যোগ্য, আরও সতর্ক, আরও প্রস্তুত হয়ে উঠতে বলি আমরা? সহিংসতার উৎস হয়ে দাপিয়ে বেড়ানো মানুষগুলোর দিকে আঙুল না তুলে কেন আমরা বারবার সহিংসতার শিকার হওয়া নারীদের আরও প্রস্তুত হতে বলি?
একটি মেয়ের জন্য আত্মরক্ষার কৌশল জানা তার ক্ষমতায়নের সহায়ক হতে পারে। কিন্তু ক্ষমতায়নের নামে নিজেদের নিরাপত্তার দায়ভার নারীর কাঁধে চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
আমার উপলব্ধি হলো, সামাজিক শিক্ষার জায়গাটিতেই বড় একটি অসংগতি রয়ে গেছে আমাদের। এখানে মেয়েদের শেখানো হয় কীভাবে বিপদ এড়াতে হবে; কিন্তু ছেলেদের শেখানো হয় না মেয়েদের প্রতি সহিংস না হতে এবং তাদের ব্যক্তিগত পরিসর, সম্মতি ও মর্যাদাকে সম্মান করতে। মেয়েদের বলা হয় নিজের শরীরকে রক্ষা করতে শিখতে; কিন্তু ছেলেদের শেখানো হয় না যে কোনো নারীর শরীর ও সম্মতির ওপর তার কোনো অধিকার নেই। শেখানো হয় না যে একটি মেয়ের ‘না’ মানে ‘না’; তার সিদ্ধান্ত ও ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করতে হয়।
এবার আসা যাক মেয়েদের আত্মরক্ষার প্রসঙ্গে। আত্মরক্ষার প্রশিক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু এটি কখনোই সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প হতে পারে না। মনে রাখতে হবে, একজন প্রশিক্ষিত নারীও সহিংসতার শিকার হতে পারেন। আক্রমণটি হতে পারে সুপরিকল্পিত, দলবদ্ধ, যেখানে শারীরিকভাবে প্রতিরোধ করার সুযোগ না–ও থাকতে পারে। আবার নারীর প্রতি সহিংসতার একটি বড় অংশ ঘটে পরিচিত মানুষের মাধ্যমে পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের ভেতরে।
এসব পরিস্থিতিতে মার্শাল আর্ট কতটা কার্যকর সমাধান, সেটিও আমাদের ভাবতে হবে। বিশেষ করে শিশু ও কিশোরীদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। তাদের আত্মরক্ষার কৌশল শেখানো যেতেই পারে, কিন্তু কখনোই তাদের এমন ধারণা দেওয়া উচিত নয় যে মার্শাল আর্টই হতে পারে তার রক্ষাকবচ।
কোনো নারী বা কিশোরী সহিংসতার শিকার হলে ‘সে নিজেকে রক্ষা করতে পারল না কেন?’, এ ধরনের প্রশ্ন না করে বরং প্রশ্ন করতে হবে, ‘কেউ তাকে আক্রমণ করার সাহস পেল কেন? সেই সহিংসতা প্রতিরোধে আমাদের প্রতিষ্ঠান ও রাষ্ট্র ব্যর্থ হলো কেন?’
ইচ্ছায় কিংবা প্রয়োজনে দিনে-রাতে যেকোনো সময় একটি মেয়ের নিরাপদে রাস্তায় চলাফেরা করার অধিকার রয়েছে। সে গণপরিবহনে উঠবে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে, কর্মক্ষেত্রে কাজ করবে, রাজনৈতিক ও নাগরিক পরিসরে অংশ নেবে হয়রানিমুক্ত পরিবেশে।
মনে রাখতে হবে নিরাপত্তা নারীর জন্য বিশেষ কোনো বাড়তি সুবিধা নয়; বরং এটি তার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহনব্যবস্থা, কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের।
তাই প্রয়োজন নিরাপদ প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসর, কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা, অভিযোগের যথাযথ তদন্ত, অপরাধীর জবাবদিহি এবং ভুক্তভোগীর জন্য সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ছোটবেলা থেকেই সমতা, সম্মতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সহিংসতামুক্ত আচরণের শিক্ষা দিতে হবে।
স্কুল, কলেজ ও কমিউনিটি পর্যায়ে সবার জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ সহজলভ্য করা হোক। মেয়েরা মার্শাল আর্ট শিখুক, মার্শাল আর্ট শিখুক ছেলেরাও। তারা নিজেদের শরীর সম্পর্কে সচেতন হোক, আত্মবিশ্বাস অর্জন করুক, বিপদ মোকাবিলার প্রয়োজনীয় কৌশল জানুক। কিন্তু একই সঙ্গে সবাইকে গুরুত্বের সঙ্গে শেখাতে হবে সম্মতি, সমতা ও শ্রদ্ধার ভাষা। সহিংসতাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে, প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করতে হবে, রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে।
একটি মেয়ের জন্য আত্মরক্ষার কৌশল জানা তার ক্ষমতায়নের সহায়ক হতে পারে। কিন্তু ক্ষমতায়নের নামে নিজেদের নিরাপত্তার দায়ভার নারীর কাঁধে চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
মেয়েদের কাঁধে এমনিতেই অনেক দায়িত্বের বোঝা। এর সঙ্গে যদি নিজেদের নিরাপত্তার দায়িত্বটিও তাদের নিজেদের কাঁধে তুলে দিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই যে তাদের সুরক্ষায় রাষ্ট্রের দায় কোথায়? একই রাষ্ট্রে নারী আর পুরুষের জন্য পৃথক নিরাপত্তা আর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের মজ্জাগত ধারণাকে কোনোভাবেই উৎসাহিত করা যায় না।
নিশাত সুলতানা লেখক ও উন্নয়নকর্মী