মতামত

মাহিয়া মাহি ইস্যু: ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয়রানির হাতিয়ার

গাজীপুর আদালতে মাহিয়া মাহি
 প্রথম আলো ফাইল ছবি

ফেসবুক লাইভকে কেন্দ্র করে অভিনেত্রী মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। মাহিয়া মাহি বিদেশ থেকে ফেরার পর দ্রুততার সঙ্গে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। একই দিন কয়েক ঘণ্টা পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং তিনি কারাগার থেকে মুক্তি পান। মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা, তাঁকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন ও তাঁকে কারাগারে পাঠানো নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন খোদ ডিজিটাল নিরাপত্তা আইন ও এ আইনের যথেচ্ছ প্রয়োগ নিয়ে।

জমি নিয়ে বিরোধের সূত্র ধরে মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে গত শুক্রবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন সকালে ফেসবুক পেজ থেকে লাইভে এসে মাহি এ ঘটনা উল্লেখ করেন। সেই সময় তিনি গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখলে সহায়তা করার অভিযোগ করেন। গত শনিবার মাহিয়া মাহি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বাসন থানার একজন উপপরিদর্শক। তাতে অভিযোগ করা হয়, মাহি ও তাঁর স্বামী অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপরাধ করেছেন।

কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহৃত হচ্ছে। ২০১৮ সালে কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত বিচার শুরু হয়েছে ৫ শতাংশের কম। কিন্তু বিচার শুরুর আগেই মানুষকে হয়রানি করার জন্য আইনটি একটি মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করছে। যে পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল বা স্থগিত করা না হবে, মানুষের হয়রানির হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

মামলার তথ্য থেকে স্পষ্ট, মাহি ও তাঁর স্বামীর বিরুদ্ধে মূলত ‘মানহানিকর তথ্য প্রচার’ করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি অনুসারে মানহানির মামলা না করে কেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলো? এর একটি যুক্তি হতে পারে, তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ‘মানহানিকর তথ্য প্রচার’ করেছেন। লক্ষণীয় যে মানহানির মতো প্রায় একই ধরনের অপরাধের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অযৌক্তিকভাবে অনেক বেশি কঠোর। এই আইনে জামিন পাওয়া যেমন কঠিন, তেমনি সাজার পরিমাণও অনেক বেশি। তাই কাউকে ‘হেনস্তা’ বা ‘হয়রানি’ করার জন্য মানহানির চেয়ে ডিজিটাল নিরাপত্তা আইন অনেক বেশি কাজের। অবস্থাদৃষ্টে মনে হয়, এ রকম কোনো উদ্দেশ্য থেকেই মাহি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

শুধু মামলার মাধ্যমে নয়, মাহির প্রতি পুলিশের ব্যবহারেও ‘হেনস্তা’ করতে চাওয়ার বিষয়টি স্পষ্ট। জামিনে মুক্তির পর মাহি সাংবাদিকদের বলেন, ‘আমাকে এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে গাজীপুরের পুলিশ কারাগারে দিয়েছে—এ পর্যন্ত আমার অভিজ্ঞতা অনেক খারাপ।…গাড়িতে আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি পানি চেয়েছিলাম, তাঁরা আমাকে পানিও দিয়েছেন এক ঘণ্টা পর।’ (প্রথম আলো অনলাইন, ১৮ মার্চ)। তাঁকে ‘হেনস্তা’ করতে চাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়, যখন আদালতে পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড চায়। আদালত তাঁর রিমান্ড মঞ্জুর না করলেও অন্তঃসত্ত্বা মাহিকে কারাগারে পাঠিয়ে দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিকে কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। যে আদালত অন্তঃসত্ত্বা মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে একই আদালতে তাঁর জামিন মঞ্জুর হয় এবং সন্ধ্যায় তিনি মুক্তি পান। ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় মাহি ২ নম্বর আসামি, সেই মামলার ১ নম্বর আসামি তাঁর স্বামী রকিব সরকার। গত রোববার তিনি দেশে ফেরেন এবং সারা দিন গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান। তাঁকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। নারী ও অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাহিকে গ্রেপ্তারে পুলিশ ছিল ব্যাপক তৎপর, কিন্তু একই মামলার ১ নম্বর আসামির ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল ‘নমনীয়’। আদালতও মাহির স্বামী রকিব সরকারকে জামিন দিতে দেরি করেননি। মাহির মতো কারাগারে না পাঠিয়ে গত সোমবার প্রথমবার আবেদনেই তাঁকে জামিন দেন আদালত।

মাহিয়া মাহি ও তাঁর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা, মাহিকে গ্রেপ্তার ও তাঁদের জামিন পাওয়ার  বিষয়গুলো নিয়ে কথা হয় গাজীপুরের একজন স্থানীয় সংবাদিকের সঙ্গে। তিনি বলেন, যত দ্রুত তাঁদের বিরুদ্ধে মামলা হলো, মাহিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলো, ঠিক তত দ্রুততার সঙ্গেই তাঁদের জামিনও হয়েছে। ওই সাংবাদিকের ভাষায়, পুরো বিষয়টা যেন ম্যাজিকের মতো ঘটেছে। মাহি একজন সেলিব্রিটি ও তাঁর স্বামী রকিব সরকার একজন আওয়ামী লীগ নেতা। সেই কারণেই হয়তো তাঁদের ক্ষেত্রে কোনো ‘ম্যাজিক’ কাজ করেছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে এর আগে গ্রেপ্তার হওয়া বহু ভুক্তভোগী মাসের পর মাস জামিন না পেয়ে কারাগারে বন্দী থেকেছেন।

ওপরের এই ঘটনাক্রম থেকে স্পষ্ট যে মাহি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার মূল উদ্দেশ্য ছিল তাঁদের হয়রানি বা হেনস্তা করা। কিন্তু শুধু পুলিশ চেয়েছে বলেই নয়, এই হেনস্তা করার সুযোগটি খোদ ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যেই রয়েছে। অন্য আইনের তুলনায় প্রায় একই রকম অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা অনেক বেশি। এই আইনে সহজে জামিন পাওয়া যায় না। তা ছাড়া আইনটিতে এমন কিছু বিষয় রয়েছে, যার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এর ফলে আইনটিকে যথেচ্ছভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা ও তাঁকে গ্রেপ্তারের ঘটনাটি আবারও আমাদের সামনে ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহতা ও এর যথেচ্ছ ব্যবহারের বিষয়টি স্পষ্ট করল।

দেশি–বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় অভিযোগ করেছে, ভিন্নমত দমন ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের অন্যতম টার্গেট ভিন্নমতাবলম্বী রাজনৈতিক কর্মী, অ্যাকটিভিস্টদের পাশাপাশি সাংবাদিকেরাও। তবে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাতেও এই আইন ব্যবহৃত হচ্ছে। ২০১৮ সালে কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত বিচার শুরু হয়েছে ৫ শতাংশের কম। কিন্তু বিচার শুরুর আগেই মানুষকে হয়রানি করার জন্য আইনটি একটি মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করছে। যে পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল বা স্থগিত করা না হবে, মানুষের হয়রানির হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

  • মনজুরুল ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক