মতামত

একটি পানি-পানি ঈদ

রাজশাহীর কোনো কোনো গ্রামে হস্তচালিত নলকূপে আর পানি ওঠে না। এক হর্স পাওয়ারের মোটরও আর পানি পাচ্ছে না।
ছবি: প্রথম আলো

ঈদে বাড়ি ফেরা কী যে আনন্দের! মনে হয়, বাড়ির জানালাগুলো আমার ফেরার পথে হাঁ করে তাকিয়ে আছে। বাবার হাতের লাগানো গাছগুলোর পাতা নড়লেই মনে হয়, সে যেন হাত নেড়ে আমাকে ডাকছে—আয় আয়।

এসব গাছগাছালিতে ঘেরা বাড়িটা তালাবদ্ধ রেখে নিষ্ঠুর আমি শহরে বছর কাটাই। আর ঈদের সময় এসব ভাবি। তবে এবার এসব ভাবার আগেই চাচাতো ভাইকে ফোন দিলাম, সারা বছর তো বাড়ি বন্ধ থাকে, সব ঠিক আছে তো? সে খোঁজ নিয়ে জানাল, সবই ঠিক আছে, তবে পানি তোলার মোটরটা চুরি হয়ে গেছে। মন খারাপ হলো। মোটরটার জন্য নয়, বাড়ির দিকে চোরের নজর পড়েছে তাই ভেবে।

অবশ্য দুই দিন পরে সে আমাকে আশ্বস্ত করল, চুরি যাওয়া মোটরটি সে উদ্ধার করেছে। তবে যার বাড়িতে মোটরটা পাওয়া গেছে, তিনি চোরের কাছ থেকে এক হাজার টাকায় মোটরটা কিনেছেন, তাঁকে ওই টাকাটা দিতে হবে। যাহোক, এটা তুচ্ছ দাবি। মেনে নেওয়াই যায়। কারণ, পানি ছাড়া তো বাড়িতে থাকা যাবে না!

ঈদের এক দিন আগে থেকে পত্রিকা অফিস ছুটি। বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। এরই মধ্যে চাচাতো ভাইয়ের ফোন। মোটর লাগানো হয়েছিল, কিন্তু পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে গেছে। গ্রামের সবাই সাবমারসিবল পাম্প বসিয়ে নিচ্ছে। গ্রামে হস্তচালিত নলকূপে আর পানি ওঠে না। এক হর্স পাওয়ারের মোটরও আর পানি পাচ্ছে না। সরকার থেকে কয়েকটা বাড়ি মিলে একটা করে জলমোটর বসিয়ে দিচ্ছে। সত্যিই কি এই অবস্থা!

বরেন্দ্র অঞ্চলে তো পানির স্তর অনেক নিচে নেমে গেছে। অনেক জায়গায় গভীর নলকূপেও আর পানি পাওয়া যায় না। মাটির নিচে যে জলধারক স্তর বা অ্যাকুইফার থাকে, সেটা নাকি মরে যাচ্ছে। মরে যাওয়া মনে জলধারক স্তরে সাধারণত মোটা বালু থাকে। উপর্যুপরি ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সেই স্তর পানিশূন্য হয়ে যায়।

পরের বছর বৃষ্টি পর্যাপ্ত হলে সেই স্তর পুনর্ভরণ বা রিচার্জ হয়। সম্প্রতি বরেন্দ্র অঞ্চলে সেই রিচার্জ আর হচ্ছে না। প্রতিবছর এক ফুট করে পানির স্তর নাকি নিচে নেমে যাচ্ছে। বর্ষার পরও তা আর উঠছে না। তখন জলধারক স্তরের মোটা বালু মরে গিয়ে ধূলিতে পরিণত হয়। তারপর যতই বৃষ্টি হোক ওই স্তর আর পানি ধারণ করতে পারে না। তখন বুঝতে হয়, জলধারক স্তরটি মারা গেছে। তার মানে, মায়ের মতো যে স্তরটি এত দিন মানুষের জন্য পানীয় জল দিয়েছে, তার মৃত্যু হয়েছে।

সম্প্রতি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) এক গবেষণাসূত্রে জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় প্রায় ২০টি পানিধারক স্তরের মৃত্যু হয়েছে।
আমার বাড়ি রাজশাহীর বাঘায়। সেখানে কী হলো জানার জন্য ফোন দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে।

তিনি ওয়ারপো পরিচালিত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ভূগর্ভস্থ পানিসম্পদের প্রাপ্যতা যাচাই কমিটির সদস্য। তিনি বললেন, প্রতিবছর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর এক ফুট করে নিচে নেমে যায়। পরের বছর তা আর ওঠে না। গত বছর বরেন্দ্র অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। এ জন্য পানির স্তর দুই ফুট নেমে গেছে। এ জন্য বাঘায় মানুষ যে স্তরে আগের বছর পানি পেয়েছে, সেই স্তরে এবার পানি পাচ্ছে না। তাদের পানি পেতে হলে আরও নিচের স্তরে যেতে হবে।

তাঁর সঙ্গে কথা শেষ করে মনে হলো বুকের পানিটাই যেন শুকিয়ে গেল। মনে পড়ল, গত বছর মার্চ মাসে সেচের পানি না পেয়ে গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষক বিষপান করে আত্মহত্যা করেছেন।
এসব ভাবতে ভাবতে আমি ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ভুলে গেলাম। ছেলেমেয়েদের বোঝালাম, আর যা-ই হোক, বাড়িতে পানি না থাকলে তো আর সেখানে দুই দিন হলেও থাকা যায় না। তাদের মন খারাপ হলো।
সাবমারসিবল পাম্প বসানো গেল না কেন। একেবারে ঈদের দুই দিন আগে তো আর এত কিছু আয়োজন করা যায় না। শুনে চাচাতো ভাইটা বলল, পাশের বাড়ি থেকে তারা পানি এনে ড্রাম ভরে দিয়ে যাবে। আমি ভাবলাম, পানির জন্য আমি আমার ভাইদের ঈদের আনন্দটা কি পানি-পানি করে ফেলব? তা হয় না। আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করলাম।

মনকে সান্ত্বনা দিই, বড় মানুষের আর ঈদের আনন্দ কী—প্রিয়জনের মুখ দেখা, এই তো! সেটা এবার আর হলো না। বাড়ির পাশের সাঁকোটার ওপরে ঈদের দিন সন্ধ্যায় গিয়ে বসতাম। বছরপর কত মানুষের সঙ্গে দেখা হতো। রাত একটু গভীর হলে হাজার কণ্ঠে ঝিঁঝি পোকা ডাকে। আহা জন্মভূমি! তার ডাক উপেক্ষা করা যায় না।

মনে হতে লাগল, আমার গ্রাম সে এক পানির দেশ। গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে একটি বিরাট বিল। আমার দাদা আহাম্মদ প্রামাণিককে বলতে শুনেছি, তিনি তাঁর ছোটবেলায় নাকি এই বিলের ধারে দাঁড়িয়ে বিলের তলায় দাঁড়ানো মানুষের মাথা দেখতে পেতেন না। অর্থাৎ, বিলটা এতটাই গভীর ছিল। আমরাও এই বিলে বর্ষায় পানির ঢেউ দেখেছি। স্রোত দেখেছি। সেই পানির দেশে পানির এত আকাল হলো!

মনকে সান্ত্বনা দিই, বড় মানুষের আর ঈদের আনন্দ কী—প্রিয়জনের মুখ দেখা, এই তো! সেটা এবার আর হলো না। বাড়ির পাশের সাঁকোটার ওপরে ঈদের দিন সন্ধ্যায় গিয়ে বসতাম। বছরপর কত মানুষের সঙ্গে দেখা হতো। রাত একটু গভীর হলে হাজার কণ্ঠে ঝিঁঝি পোকা ডাকে। আহা জন্মভূমি! তার ডাক উপেক্ষা করা যায় না। আগামী ঈদে অবশ্যই যাব। তার আগে যেন প্রচুর বৃষ্টি হয়। পানির স্তরে ওপরে উঠে আসে। সেই ঈদটা যেন এবারের মতো পানি-পানি না হয়।

  • আবুল কালাম মুহম্মদ আজাদ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক
    akm.azad@prothomalo.com