রংপুর ও বগুড়ায় ঘটে যাওয়া পরপর দুটি ঘটনার রেশ ধরে বেশ কিছু পুরোনো স্মৃতি ভর করেছে মনে। আমরা দুই বোন বড় হয়েছি উত্তরবঙ্গের একটি জেলা শহরে। পড়েছি স্থানীয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। স্থানীয় পর্যায়ের ভালো স্কুলগুলোর শিক্ষার্থীরাই একমাত্র জানেন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সন্তান সহপাঠী হিসেবে পাওয়ার অভিজ্ঞতার কথা।
ভাগ্য আমার প্রতি কিছুটা সুপ্রসন্ন হলেও আমার বড় বোন তাঁর পুরো স্কুলজীবনেই সহপাঠী হিসেবে পেয়েছেন অসংখ্য সরকারি কর্মকর্তার সন্তান। স্থানীয় পর্যায়ে ভিআইপি হিসেবে খ্যাত এসব কর্মকর্তার তারকা সন্তানদের সঙ্গে তাঁকে প্রায় পুরো স্কুল জীবনই মানিয়ে চলতে হয়েছে। আমার বড় বোন ছিলেন পড়ালেখায় সেরাদের একজন। সাহিত্য–সংস্কৃতিজগতেও অবাধ যাতায়াত ছিল তাঁর। পড়ালেখায় প্রচণ্ড সিরিয়াস আমার বোন কর্মকর্তাদের তারকা সন্তানদের প্রতি স্কুল কর্তৃপক্ষের অযাচিত পক্ষপাতিত্বের বিষয়টি প্রত্যক্ষ করে প্রায়ই বিষণ্ন হতেন স্কুলজীবনে।
এসব পক্ষপাতিত্ব যে শুধু লেখাপড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকত, তা কিন্তু নয়; বরং তা বিস্মৃত হতো সাহিত্য, সংস্কৃতি প্রতিযোগিতায় এবং স্কুল থেকে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব দানকারী যেকোনো আয়োজনে। স্কুলের জন্য নির্ধারিত আসনের অধিকাংশই এসব তারকা সন্তানের দ্বারা পূর্ণ হয়ে যেত। অবশিষ্ট আসনগুলোকে উন্মুক্ত করা হতো সাধারণদের জন্য।
অল্প সময়ের সরকারি চাকরির অভিজ্ঞতা থেকে বলতে পারি, লিখিত–অলিখিত নানা আমলাতান্ত্রিক চর্চায় পরিপূর্ণ ছিল সেই জীবন। বাতাসের মধ্যে বাস করে বাতাস গ্রহণ না করে যেমন থাকা যায় না, ঠিক একইভাবে আমলাতান্ত্রিক চর্চার মাঝখানে বসবাস করে এর প্রভাব থেকেও নিজেকে রক্ষা করা যায় না। আর দেশ যেভাবে প্রশাসকে ছেয়ে যাচ্ছে আর আমলারা যেভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন, তাতে ভয় হয়।
স্কুল ছাড়ার পর দুই যুগের বেশি পার হয়ে গেছে। তাই স্মৃতিগুলো ঝাপসা হয়ে এসেছিল। তবে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজের কন্যার শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আরেকবার সেই স্মৃতি জাগ্রত হয়েছে। জানতে পেরেছি, বাংলাদেশের স্থানীয় পর্যায়ের স্কুলগুলোতে ভিআইপির সন্তানদেরও ভিআইপি মর্যাদা পাওয়ার চর্চার তেমন কোনো পরিবর্তন হয়নি।
এবার আসি রংপুরের আলোচিত ‘স্যার’ ডাকা না–ডাকা প্রসঙ্গে। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি যোগ দিয়েছিলাম প্রশাসন ক্যাডারে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কিছুদিন কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে যোগদানের কিছুদিন পরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন বলেই বসলেন, ‘এত নীরবে শুধু কথা শুনলেই হবে? কথার মাঝেমধ্যেই ‘স্যার’ বলতে হবে।’ উত্তর দিলাম, ‘জি স্যার। একটু সময় লাগবে।’ কর্মকর্তা উত্তর দিলেন, ‘তাড়াতাড়ি অভ্যাস করেন।’ সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া ‘স্যার’–কাণ্ডের পর ভাবছিলাম, যেখানে নবীন কর্মকর্তাদের ‘স্যার’ শব্দটির সঙ্গে অভ্যস্ত করানোর জন্য রীতিমতো অলিখিত প্রশিক্ষণ চলে, সেখানে কর্মকর্তারা প্রয়োজনে–অপ্রয়োজনে সাধারণদের কাছ থেকে ‘স্যার’ ডাক শুনতে চাইবেন, এটিই তো স্বাভাবিক হওয়ার কথা।
মনে রাখা প্রয়োজন ‘স্যার’ সম্বোধনটি আমাদের সংস্কৃতিতে কিন্তু শুধু শ্রদ্ধা প্রকাশার্থে ব্যবহৃত হয় না। ব্রিটিশরা চলে গেলেও ঔপনিবেশিক সংস্কৃতি ও এর চর্চা এমনভাবে মজ্জাগত হয়ে গেছে। ‘স্যার’ শব্দটির সঙ্গে ক্ষমতার রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ‘স্যার’ শব্দটি একটি পুরুষবাচক শব্দ। শব্দটিতে ক্ষমতার ধারণা এমনভাবে কেন্দ্রীভূত করা হয়েছে যে স্যারের সমার্থক স্ত্রীবাচক শব্দ ‘ম্যাডাম’ একই পদে আসীন হয়েও নিজেরÿক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। ফলে সমান ক্ষমতাচর্চার আশায় ম্যাডামরাও ‘স্যার’ সম্বোধন গ্রহণ করেছেন। অথচ প্রয়োজন ছিল সম্বোধন নয়; বরং পদটিকে সবার জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হিসেবে চিত্রায়িত করা, যার ফলে কে স্যার বা ম্যাডাম ডাকল, কে ভাই বা আপা, আর কে নাম ধরে সেসব গুরুত্বপূর্ণ হবে না।
কিছুদিন পরপরই যেহেতু সরকারি কর্মকর্তাদের সম্বোধন করা নিয়ে নানা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাই এই ব্যাপারে সরকারের অবস্থান সব শ্রেণি–পেশার মানুষের সামনে স্পষ্ট করা প্রয়োজন। ‘স্যার’ শব্দটির প্রচলিত থাকার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা যদি সরকারের কাছে না থাকে, তবে এই সম্বোধনের দায় থেকে জনগণকে মুক্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। এতে সরকারি কর্মকর্তাদের সম্বোধনের জটিলতা থেকে মুক্তি লাভ করবে সবাই। এ ক্ষেত্রে পর্যবেক্ষণ করা যেতে পারে বিভিন্ন দেশে প্রচলিত রীতিগুলোকে; যেখানে সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক অনেক বেশি নিবিড়। জনগণের সেবক হিসেবে নিয়োজিত ব্যক্তিদের ‘স্যার’ হিসেবে সম্বোধন করার এই প্রবণতা উৎসাহিত করছে সেবকদের প্রভুর আসনে বসার মানসিকতা।
দাবি উঠেছে জনগণের সেবক সরকারি কর্মকর্তাদের ‘কর্মকর্তা’ নয়; বরং ‘কর্মচারী’ বলার। অষ্টম বেতনকাঠামোতে কিন্তু ‘কর্মকর্তা’ বলে কোনো শব্দ রাখা হয়নি। কর্তার শব্দটির মধ্যে লুকিয়ে থাকে প্রভুত্বের গন্ধ। সম্বোধনকে নিছক শব্দ ভাবার কোনো অবকাশ নেই। কারণ, শব্দের সঙ্গে জড়িয়ে থাকে ক্ষমতার রাজনীতি। মনে পড়ে ব্র্যাকের দূরদর্শী প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ অনেক আগেই ব্র্যাক থেকে কর্মকর্তা ও কর্মচারীর ধারণাটি অবলুপ্ত করেন। ব্র্যাকে কাজ করেন, এমন সবাই প্রতিষ্ঠানটিতে ব্র্যাককর্মী হিসেবে পরিচিত। সরকার এই ধারণাটিকে তলিয়ে দেখতে পারে।
অল্প সময়ের সরকারি চাকরির অভিজ্ঞতা থেকে বলতে পারি, লিখিত–অলিখিত নানা আমলাতান্ত্রিক চর্চায় পরিপূর্ণ ছিল সেই জীবন। বাতাসের মধ্যে বাস করে বাতাস গ্রহণ না করে যেমন থাকা যায় না, ঠিক একইভাবে আমলাতান্ত্রিক চর্চার মাঝখানে বসবাস করে এর প্রভাব থেকেও নিজেকে রক্ষা করা যায় না। আর দেশ যেভাবে প্রশাসকে ছেয়ে যাচ্ছে আর আমলারা যেভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন, তাতে ভয় হয়। বগুড়ার অভিভাবককে বাধ্য করা হয়েছে ক্ষমতাসীনের পায়ে পড়তে, শিশুরা হয়েছে নিগৃহীত। আর আক্ষরিক অর্থে পায়ে না পড়েও যাঁরা পায়ে পড়তে বাধ্য হন, তাঁদের যন্ত্রণার কথা কোথাও লেখা থাকে না। তাই কেউ জানতেও পারে না।
আমলাতান্ত্রিক এই মানসিকতার পরিবর্তন আনতেই হবে। নতুবা এই চর্চার কুপ্রভাব থেকে অদূর ভবিষ্যতে বাদ পড়বে না কেউই, এমনকি জনপ্রতিনিধিরাও। তাই সরকারকে বলি, আমলাদের সামলান, সামলান আমলাতন্ত্র। গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত হোক শ্রমের প্রতিটি ক্ষেত্র। সম্মান লাভ করুক দেশের প্রতিটি শ্রমজীবী।
নিশাত সুলতানা লেখক ও উন্নয়নকর্মী
purba_du@yahoo.com