মতামত

অলিম্পিক বাছাইয়ে খেলতে যেতে না পারার দায় বাফুফেকেই নিতে হবে

ছাদখোলা বাসে সাফজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়
ফাইল ছবি: প্রথম আলো

পুরো দেশকে উৎসবে রঙিন করে তোলা বাংলাদেশের বিজয়ী মেয়েদের সেই খোলা বাসযাত্রার কথা নিশ্চয়ই এখনো জ্বলজ্বলে হয়ে আছে আপনার স্মৃতিতে। কাঠমান্ডুতে সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ দল। বিজয়ী মেয়েদের চাওয়া পূরণ করতে বিআরটিসির বাস কেটে তৈরি করা হয়েছে খোলা বাস। সেই বাসে চড়ে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে পৌঁছাতে পৌঁছাতে কয়েক ঘণ্টা। রাস্তার দুপাশে মানুষ আর মানুষ। এমন সর্বজনীন আনন্দের উপলক্ষ যে অনেক দিন আসেনি এই দেশে।

ফাইনালে নেপালকে হারিয়ে বাংলাদেশের সাফ জয়ের এই কাহিনি প্রায় সাত মাসের পুরোনো। চ্যাম্পিয়নরা এরপর কেমন করেছে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ, এরপর বাংলাদেশ নারী ফুটবল দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলারই সুযোগ পায়নি।

খোলা বাসে শোভাযাত্রার পুরোনো গল্প আবারও মনে করিয়ে দেওয়ার কারণটাও আপনার অনুমান করে ফেলার কথা। প্যারিস অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েও সাফজয়ী বাংলাদেশ দলের খেলতে যেতে না-পারা নিয়ে এখনো তোলপাড় চলছে ক্রীড়াঙ্গনে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন যে ব্যাখ্যা দিয়েছেন, তা মানতে অনেকেরই কষ্ট হচ্ছে। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানও যা নিয়ে যৌক্তিক কিছু প্রশ্ন তুলেছেন। যে প্রশ্নগুলো আগেই বাতাসে ভাসছিল।

মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্বে নাম লিখিয়েও তা প্রত্যাহার করার কারণ হিসেবে কাজী সালাউদ্দিন বলছেন টাকার অভাবের কথা। তা কত টাকা লাগত? কখনো শোনা যাচ্ছে ৬০–৭০ লাখ টাকা, কখনোবা অঙ্কটা আরও বাড়ছে। ভিক্ষা করতে করতে আর কোনো ভিক্ষার দরজা খোলা নেই বলেও ঘোষণা দিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি। টাকা জোগাড় করতে না পারার দায়ও প্রকারান্তরে সংবাদমাধ্যমের ওপর চাপিয়ে দিতে চেয়েছেন। তাঁর ভাষায় মিডিয়ায় শুধু ‘নেগেটিভ নিউজ’ ছাপা হয় বলেই নাকি ফুটবলের এই দুর্দশা। বাফুফের কোনো দায় নেই। মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সংবাদমাধ্যম কী করেছিল, তা দেখছি বেমালুম ভুলে গেছেন সালাউদ্দিন।

একটা প্রশ্ন কিন্তু ওঠেই। ‘নেশন’-কে ‘শুক’ করা অর্থাৎ পুরো জাতিকে নাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কি বাফুফে মিয়ানমারে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত? প্রশ্নটা উঠছে সমস্যার কথাটা ‘নেশন’কে জানাতে এত দেরি করার কারণে। বাফুফে সূত্রে জানা গেছে, বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলার স্বাগতিক হতে চেয়েছিল বাংলাদেশ। সেই চাওয়া পূরণ না হওয়ার পরই তো বাফুফের তৎপর হয়ে ওঠার কথা। তখনই তো পরিষ্কার, অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে হলে বড় অঙ্কের টাকা লাগবে।

মেয়েদের ফুটবলকে আজকের পর্যায়ে নিয়ে আসায় বাফুফের ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এমনও বলা যেতে পারে, এই একটা ক্ষেত্রেই বাফুফের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল। যদিও বীজটা বুনেছিল সরকারই। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে বঙ্গমাতা স্কুল ফুটবলই তো এই বিপ্লবের সূতিকাগার। সেখান থেকে বাছাই করা ফুটবলারদের বাফুফে ভবনে রেখে নিরবচ্ছিন্ন আবাসিক ক্যাম্প, অনুশীলন সুবিধার ব্যবস্থা করেছে বাফুফে। জাতীয় ফুটবল ফেডারেশন হিসেবে এসব বাফুফের দায়িত্বের মধ্যেই পড়ে। তারপরও সেই দায়িত্ব পালনের জন্যই বাফুফে কম সাধুবাদ পায়নি। তা তাদের প্রাপ্যই, কারণ শুরুর দিকে বাফুফে সভাপতি ও আরও কয়েকজনের পকেটের টাকা দিয়েই চলেছে মেয়েদের গড়ে তোলার কাজ।

বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের প্রায় পনেরো বছরের দীর্ঘ সময়কালে সবচেয়ে বড় সাফল্যও এই নারী ফুটবলই। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ায় প্রায় অপ্রতিদ্বন্দ্বী। জাতীয় দলের সাফল্যখরাও ঘুচিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়। নারী ফুটবলের এই জাগরণের তাৎপর্য শুধুই একটা খেলার সীমানাতেও আটকে নেই। সামাজিক বাধার দুর্লঙ্ঘ প্রাচীর ভেঙেছে এই মেয়েরা। ফুটবল বদলে দিয়েছে অনেক পরিবারকে, কখনো কখনো একটা পুরো গ্রামকেই। কলসিন্দুরে নতুন স্কুল ভবন হয়েছে, বিদ্যুৎ গেছে এই ফুটবলের কল্যাণেই।

সাবিনাদের সাফ চ্যাম্পিয়নশিপ জয় মেয়েদের ফুটবলের পরের ধাপে উত্তরণে বড় একটা ধাপ হতে পারত। তখনই উচিত ছিল, এদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা। দক্ষিণ এশিয়ার সেরা থেকে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে করণীয় ঠিক করা। অথচ বাস্তবতা হলো, প্রায় সাত মাস কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলার সুযোগ পায়নি সাফ চ্যাম্পিয়নরা। সাফের উন্মাদনাকে কাজে লাগাতে না পারা কি বাফুফের ব্যর্থতা নয়?

যেকোনো খেলায় উন্নতির একটা কমন ফর্মুলা আছে। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলা। অলিম্পিক বাছাইপর্ব সেই সুযোগ করে দিয়েছিল। এখানে প্রতিদ্বন্দ্বী তিনটি দলের মধ্যে একমাত্র মালদ্বীপই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে (বাংলাদেশ ১৪০, মালদ্বীপ ১৫৯)। অন্য দুটি দলের মধ্যে মিয়ানমারের র‌্যাঙ্কিং ৪৭, ইরানের ৬৭। টাকা নেই বলে যেটিতে যেতে না পারা এ কারণেই এমন আলোচনার জন্ম দিয়েছে। কাজী সালাউদ্দিন নিজেই আমাকে বলেছেন, ‘ইটস্ আ নিউজ দ্যাট শুক দ্য নেশন’।

একটা প্রশ্ন কিন্তু ওঠেই। ‘নেশন’-কে ‘শুক’ করা অর্থাৎ পুরো জাতিকে নাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কি বাফুফে মিয়ানমারে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত? প্রশ্নটা উঠছে সমস্যার কথাটা ‘নেশন’কে জানাতে এত দেরি করার কারণে। বাফুফে সূত্রে জানা গেছে, বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলার স্বাগতিক হতে চেয়েছিল বাংলাদেশ। সেই চাওয়া পূরণ না হওয়ার পরই তো বাফুফের তৎপর হয়ে ওঠার কথা। তখনই তো পরিষ্কার, অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে হলে বড় অঙ্কের টাকা লাগবে।

কিন্তু টাকার অভাবে দল পাঠানো যাচ্ছে না, এই তথ্য সবাইকে যখন জানানো হয়েছে, তখন আর কারও কিছু করার নেই। সরকারের কাছে সহায়তাও তো চাওয়া হয়েছে অনেক পরে। সালাউদ্দিন নিজেই জানিয়েছেন, এই খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী ফোন করে তাঁকে ধমক দিয়েছেন। তাহলে তিনি নিজেই কেন সমস্যার কথাটা প্রধানমন্ত্রীকে আগেই জানালেন না! এসব কারণেই দুর্মুখেরা বলার সুযোগ পাচ্ছেন, ফুটবল উন্নয়নের জন্য পাঁচ বছরের পরিকল্পনা দিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে যে ৪৫০ কোটি টাকা চেয়েছে বাফুফে, সেই ফাইলের লালফিতা খোলাতেই বাফুফের এই সিদ্ধান্ত।

সত্যি না মিথ্যা, তা তো নিশ্চিতভাবে বলার উপায় নেই। তবে ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে। এখন যা দরকার, তা হলো ভবিষ্যতে যাতে আর এমন না হয়, তা নিশ্চিত করা। ফিফার আইনে জাতীয় ফেডারেশনে সরকারের হস্তক্ষেপ পুরোপুরি নিষিদ্ধ। তার মানে এই নয় যে মেয়েদের ফুটবল নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার সাহায্য করতে পারবে না। জরুরি ভিত্তিতেই তা করা উচিত। কারণ, টাকার অভাবে অলিম্পিক বাছাইপর্বে দল পাঠাতে না পারার ব্যর্থতার দায় অবশ্যই বাফুফের, তবে লজ্জাটা তো সবার।

  • উৎপল শুভ্র প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক