খনার বচনে রয়েছে, ‘ফাল্গুনে না রুলে ওল, শেষে হয় গন্ডগোল।’ অর্থনীতির ক্ষেত্রেও এটি সত্য। এখানে সময় গেলে সাধন হয় না। এই সরকার ৯ মাস পূর্ণ করল। অর্থনীতির একটি ভালো আরম্ভ দেখাতে পারেনি। রাজনৈতিক ভারসাম্যের বিষয়গুলো প্রথমেই সুরাহা করে ফেললে আজকের বাংলাদেশ ভিন্ন অবস্থায় চলে যেত।
ইউনূস আমলের কলাকৌশল অনুকরণ করতে গিয়ে নিম্ন প্রবৃদ্ধির ফাঁদে প্রবেশ করেছে। ফাল্গুনে ওল রোপণ করেনি বিধায় এখন রাজনৈতিক ও শাসনিক অস্থিরতা বাড়ছে। তারই ছায়া পড়েছে আইএমএফ ও বিশ্বব্যাংকের মানসপটে। বাংলাদেশকে নিয়ে আইএমএফের আগামী পাঁচ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এককথায়, ‘রোদনভরা এ বসন্ত সখী, কখনো আসেনি বুঝি আগে।’
বাংলাদেশকে নিয়ে একাদিক্রমে পাঁচ বছরের নিম্ন প্রবৃদ্ধির যুগ এর আগে আইএমএফ বা বিশ্বব্যাংক কেউই দেখায়নি। আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৭-২০৩১ কালপর্বে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮২ শতাংশ, যা এ অঞ্চলে সর্বনিম্নই শুধু নয়, এটি নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করার এক নির্ঘাত সনদ।
একটি উচ্চ প্রবৃদ্ধির দেশ, যাকে বিশ্বের অনেক গবেষক উত্থানমুখী অর্থনীতি বা ‘ইমার্জিং ইকোনমি’ বলে ডাকত, সে কিনা সেই তালিকা থেকে বাদ পড়ে গেল! বাংলাদেশ স্বল্পোন্নত দেশের খোঁয়াড় থেকে নিজেই এখন আর মুক্ত হতে চাইছে না আরও বছর তিনেক, যা নিম্ন প্রবৃদ্ধির সনদকে আবারও সত্যায়িত করল। কেন বাংলাদেশ প্রবৃদ্ধির ‘এক্সিলারেশন’ থেকে ‘ডিসেলারেশন’-এর কবলে পড়ল? কেন এই ত্বরণ থেকে গতির মন্দায়ন, তার উত্তর খোঁজা এখন খুব জরুরি।
বাংলাদেশে কি সত্যিই প্রবৃদ্ধির ত্বরণ ঘটেছিল? আশির দশকে দেশের গড় প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ, যা নব্বইয়ের দশকে ৪ দশমিক ৭ শতাংশ, ২০০০-এর দশকে ৫ দশমিক ৬ শতাংশ ও ২০১০-এর দশকে ৬ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়। কোভিডের বছরকে ব্যতিক্রমী বলে ধরা উচিত, যখন জীবন বাঁচানোই ছিল ফরজ। ওই বছর এ অঞ্চলে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা—সবারই প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে যায়। শুধু উতরে যায় বাংলাদেশ, যার প্রবৃদ্ধি দাঁড়ায় প্রায় সাড়ে ৩ শতাংশ।
বাংলাদেশের বিনিয়োগকারীদের অবস্থা বাঘের খাঁচার সামনে পড়ে থাকা আতঙ্কগ্রস্ত ছাগলটির মতোই। জিডিপির অংশ হিসেবে ব্যক্তিবিনিয়োগ ২০২৪ সালের পর থেকেই ক্রমক্ষীয়মাণ। চলে যাওয়ার কথা ছিল ২৮ শতাংশে। অথচ এটি ২২ শতাংশের নিচে নেমে যাচ্ছে। বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি বাড়ে না। প্রবৃদ্ধি ছাড়া উন্নয়নের গল্প শুধুই আষাঢ়ে।
কোভিড-পরবর্তী সময়ে প্রবৃদ্ধির ত্বরণ ২০২৩ পর্যন্ত বজায় ছিল। কারণ, ২০২১-২৩ কালপর্বেও গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ। যেকোনো প্রোগ্রামে প্রবৃদ্ধির ‘ট্রেন্ড’ বা প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সুস্পষ্ট ও পরিসংখ্যানগতভাবেও তাৎপর্যপূর্ণ। ২০২৪ সাল থেকে এই ট্রেন্ড ভেঙে যায়। শুরু হয় নিম্ন প্রবৃদ্ধির যুগ। তখন প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশে আসে। অন্তর্বর্তী ইউনূস সরকার এই অত্বরণকে আরও নিচে নামিয়ে সাড়ে ৩ শতাংশে ঠেকায়। বিএনপি সরকার চলতি অর্থবছরের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে উঠবে বলে আশা করলেও ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদন অনুযায়ী তা হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ শুধু যে নিম্ন প্রবৃদ্ধির কবলেই পড়েছে, তা নয়, উপরন্তু এই প্রবৃদ্ধির প্রবণতা রেখাটিও ক্রম-অধোমুখী, যা ১৯৮১ সালের পর থেকে আর কখনো দেখা যায়নি। আইএমএফের পর্যবেক্ষণে ২০২৭-৩১-এর এই পঞ্চবার্ষিক কালপর্বে বাংলাদেশের গড় প্রবৃদ্ধিই হবে এই অঞ্চলে সর্বনিম্ন। বাংলাদেশের ২ দশমিক ৮ গড় প্রবৃদ্ধির এই কালপর্বে শ্রীলঙ্কার সম্ভাব্য গড় প্রবৃদ্ধি হবে সাড়ে ৩ শতাংশ, পাকিস্তানের ৪ দশমিক ৩ শতাংশ, নেপালের ৪ দশমিক ৯ শতাংশ, ভুটানের ৬ দশমিক ৪ শতাংশ এবং ভারতের ৬ দশমিক ৯ শতাংশ।
এ অঞ্চলের ‘ডেভেলপমেন্ট মিরাকল’ হঠাৎ করে এক ‘উইকেস্ট পারফর্মার’ হয়ে গেল কী করে? যে দেশকে প্রায়ই বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয়, তার নাম ভিয়েতনাম। সেই ভিয়েতনামেরও একই কালপর্বে গড় প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে বলে অনুমিত হয়।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু নিউইয়র্ক টাইমস–এ লিখেছিলেন, ‘বুমিং বাংলাদেশ’। তিনি ২০১৫ সালে বাংলাদেশে এসে এক গণবক্তৃতায় বলেছিলেন, বাংলাদেশ ‘টেইক-অফ’-এর একেবারে ক্রান্তিলগ্নে উপস্থিত। ২০১৬ সালে বিশ্বব্যাংকের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ পল রোমার বাংলাদেশে এসে এর মধ্যে উন্নয়ন মডেল দেখতে পেরেছিলেন। তবে এই প্রবৃদ্ধিকে টেকসই করার জন্য তিনি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মে সরকারকে মনোযোগী হতে বলেছিলেন। পরে ২০১৮ সালে তিনি তাঁর ‘অভ্যন্তরজাত’ বা ‘এন্ডোজেনাস’ প্রবৃদ্ধি মডেলের জন্য নোবেল পুরস্কার পান।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের সামাজিক সূচকের অর্জন থেকে ভারতকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। উন্নয়নের এমন দৃষ্টান্ত হয়ে যাওয়ার পর শিগগিরই কেন বাংলাদেশ ঘোটকগতি থেকে কচ্ছপীয় মন্দগমনে নেমে এল? রাজনৈতিক নেতারা প্রথাসিদ্ধ পথে বিরোধী পক্ষকে দায়ী করবেন। কিন্তু রাজনীতির ভেতরেই এই দুর্বল প্রবৃদ্ধির ব্যাখ্যা লুকিয়ে রয়েছে, তা তাঁরা মানতে রাজি নন। রাজনীতি তার অতীত ভুলে যায়।
১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর একটি অংশগ্রহণমূলক অর্থনীতিতে বিনিয়োগের নবজাগরণ এনেছিল। তখন তাদের সামনে ছিল বাজার অর্থনীতির মডেল, যা সম্মিলিতভাবে বিএনপি ও আওয়ামী লীগ—উভয় বড় দলই গ্রহণ করেছিল। রাজনীতিতে বিরোধ থাকার পরও অর্থনীতিতে এ ধরনের ঐকমত্য এক বিরল ঘটনা, যা বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরণের মূল রহস্য। সেই রহস্য এখন হারিয়ে গেছে রাজনৈতিক বিদ্বেষজাত আতঙ্কের বেড়াজালে। তাই প্রবৃদ্ধির ত্বরণের বদলে ক্ষরণ হচ্ছে।
বাদশাহ একবার মোল্লা নাসিরুদ্দিনকে একখানা ছাগল দিয়ে বললেন, এক মাস পর এটিকে তুমি যদি একই ওজনে ফেরত আনতে পারো, তাহলে তোমাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। মোল্লা সেটি পেরেছিলেন দেখে বাদশাহ জানতে চান, এ কী করে সম্ভব? তুমি ওকে খাবার দাওনি? তাহলে তো ওজন বাড়ার কথা। মোল্লা জানালেন, ছাগলকে খাবার তিনি ঠিকই দিয়েছেন; কিন্তু ওটিকে বেঁধে রেখেছিলেন একটি বাঘের খাঁচার সামনে। ছাগল ঠিকই খেত, কিন্তু আতঙ্কে ওটির ওজন আর বাড়ত না।
বাংলাদেশের বিনিয়োগকারীদের অবস্থা বাঘের খাঁচার সামনে পড়ে থাকা আতঙ্কগ্রস্ত ছাগলটির মতোই। জিডিপির অংশ হিসেবে ব্যক্তিবিনিয়োগ ২০২৪ সালের পর থেকেই ক্রমক্ষীয়মাণ। চলে যাওয়ার কথা ছিল ২৮ শতাংশে। অথচ এটি ২২ শতাংশের নিচে নেমে যাচ্ছে। বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি বাড়ে না। প্রবৃদ্ধি ছাড়া উন্নয়নের গল্প শুধুই আষাঢ়ে।
প্রবৃদ্ধির এই মন্দ সমীরণ নানাভাবেই সরকারকে বিপদে ফেলবে। এর সঙ্গে আইএমএফের বিবেচনায় যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতির নিষ্ঠুর অবস্থান। বেকারত্ব ও মূল্যস্ফীতির সহাবস্থান তথা স্ট্যাগফ্লেশন এক ভয়ংকর রোগ, যা সত্তর দশকের পৃথিবীকে জ্বালিয়েছে। স্ট্যাগফ্লেশনের এই যন্ত্রণা বাংলাদেশে বিনিয়োগ, প্রকৃত ভোগ, নিয়োগ ও রাজস্ব আদায়—সবকিছুরই গতি কমিয়ে দেবে। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যও পিছিয়ে যাবে।
‘জ্বালানির দাম বাড়ানো হয়েছে দীর্ঘমেয়াদি কল্যাণের কথা বিবেচনা করে’—এমন তত্ত্ব সরকারের চৌকস উপদেষ্টারা দিতে পারেন বটে, কিন্তু এতে নিঃস্ব মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে না। ভারসাম্যপূর্ণ রাজনৈতিক জলবায়ুর নিশ্চয়তা, বিনিয়োগ পরিবেশের সৃজন, ব্যবসায়ীদের আস্থায় আনা, নিয়োগ প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি এবং সবশেষে প্রবৃদ্ধির উচ্চমাত্রা রক্ষণ বা ত্বরণ—এই শাস্ত্রীয় কার্যকারণের চক্র কেউ ভাঙতে পারে না। উন্নয়নশীল বা উন্নত—কোনো দেশেই এর ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশেও ঘটবে না।
আইএমএফের পূর্বাভাস হতাশাজনক হলেও এটি কোনো বেদবাক্য নয়। নয় কোনো ভাগ্যলিখন যে এটিকে শিরোধার্য করে শুয়ে পড়তে হবে। ওরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিচার-বিবেচনা করে এমন পূর্বাভাস দিয়েছে। সরকারের মূল দায়িত্ব হবে এই পরিস্থিতিগুলোর পরিবর্তন আনা।
তথ্যের নিখুঁত বিশ্লেষণ করলে দেখা যাবে, ২০২৪ সালের পরই প্রবৃদ্ধির সিরিজে এক কাঠামোগত ভাঙন বা ‘স্ট্রাকচারাল ব্রেক’ ধরেছে। যার ফলে এটি তলানিতে নেমে যাচ্ছে। এই ভাঙনের কারণগুলোর সংশোধন না ঘটালে অভিমানী প্রবৃদ্ধিকে আর কোনোভাবেই ওপরে টেনে তোলা সম্ভব হবে না।
ড. বিরূপাক্ষ পাল স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডে অর্থনীতির অধ্যাপক।
মতামত লেখকের নিজস্ব