সেদিন রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ নারী ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন। বয়সের ভারে তিনি বেশ জড়সড় অবস্থায় আছেন। তাঁকে দেখামাত্র যে কারও মনে করুণা জন্মাবে। আবেগ আর করুণার বশবর্তী হয়ে ভিক্ষার কারণ জানতে চাইলাম। তিনি যা বললেন, তাতে হতবাক হলাম: ছেলেরা বড় হয়ে বিয়েশাদি করে যে যার সংসার নিয়ে সুখে জীবন কাটাচ্ছে। মায়ের খবর নেওয়ার সময় তাঁদের নেই।
বাবা-মায়ের খোঁজখবর নেওয়ার তাগিদ আমরা বোধ করি না বলেই এখন ঘটা করে মা দিবস পালন করা হচ্ছে। সারা বছর তাঁর খোঁজ না নিয়ে একটা দিন তাঁর খোঁজ নেওয়ার মানে হয় না। যে মা তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত সন্তানের জন্য আকুল থাকেন, রাত জেগে সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকেন, অসুস্থ সন্তানের মাথার পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন—সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে পাষণ্ড সন্তান যখন সুখনিদ্রা যান, তখন এই সভ্যতা অর্থহীন হয়ে যায়। সে কারণে আমাদের সভ্যতার বোধটি আবার ঝালাই করে নেওয়া দরকার।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।