
দেশে গবেষণার সুযোগ বাড়লেও, গবেষণা হচ্ছে না। এমন খবর অহরহ। এককালে গবেষণায় বাজেটে ঘাটতির উপর দায় চাপানো হলেও, এখন বরাদ্দকৃত অর্থ উলটোপথে ফেরত যাচ্ছে ইউজিসির কাছে।
ইউজিসির তথ্যমতে, ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গবেষণা খাতে ব্যয়ের লক্ষ্যে ইউজিসি প্রায় সাড়ে ৭৫ কোটি টাকা বরাদ্দ করে। কিন্তু ওই অর্থবছরে খরচ হয়েছে মাত্র সাড়ে ৫৩ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হয়নি, যা বছর শেষে ফেরত গিয়েছে।
এ অবস্থার মধ্যেও ২০২১-২২ শিক্ষাবর্ষে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ১১৮ কোটি এবং চলতি অর্থবছরে তা দেড়শ কোটি টাকা করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় বরাদ্দের অর্থের বড় একটি অংশ ব্যয় করতে পারেনি বলে জানা গেছে।
এমনটা হওয়ার কারণ কী? গবেষণায় এত অনীহা কেন? দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রে যে সকল শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে তাদের উল্লেখযোগ্য কোনো গবেষণা নেই। নেই কোনো মৌলিক গ্রন্থ। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এমন তলানীতে কেন তা সহজেই অনুমেয়। শিক্ষাকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে ক্লাস আর পরীক্ষার মধ্যে। চাকরির বাজারমুখী শিক্ষার্থী তৈরি করে দেশের গবেষণাকে নিরুৎসাহিত করা হচ্ছে প্রতিনিয়ত। গ্রাজুয়েশন শেষে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়ে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বেশিরভাগ শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই। রাজনৈতিক প্রভাব ও ধামাধরা ধারায় চলছে পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য।
জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মতো এ দেশেও গবেষণা হোক, আপাতত এমনটা আশা করি না। তাদের মতো লাফ বা দৌড় না হোক, আমাদের অবশ্যই সক্ষমতা অনুযায়ী পা চালাতে হবে। পা না চললে হামাগুড়ি দিয়ে আগাতে হবে। কিন্তু, দেশের অন্যান্য খাতে যেমন উন্নয়ন হচ্ছে গবেষণা খাত তার বহুগুণ পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও সেখানে গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়নি বা তৈরি হলেও সেগুলোর কার্যক্রম সন্তোষজনক নয়। পদোন্নতিতে প্রকাশনাকে প্রাধান্য না দিয়ে, চাকুরিকালকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
সিকিভাগ গবেষণা হলেও পিয়ার রিভিউ, ইমপ্যাক্ট ফ্যাক্টর বা আন্তর্জাতিক ইনডেক্স জার্নাল প্রকাশনায় কোনো বাধ্যবাধকতা না থাকায় দায়সারাভাবে প্রকাশ পায়। শিক্ষকের মধ্যে গবেষণার আগ্রহ না থাকায়, শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে আগ্রহ তৈরি হয় না। গবেষণায় হাতেখড়ি লাভে সঠিক গাইডলাইনও তারা পায় না। গবেষণাকর্মকে উৎসাহিত করার মতো পুরস্কার বা অনুষ্ঠানাদি বড়ই অপ্রতুল। তাছাড়া যারা গবেষণা করতে আগ্রহী, সঠিক বণ্টনের অভাবে পর্যাপ্ত অর্থ তাদের প্রদান করা হচ্ছে না। গবেষকদের হাতে অনুদান পৌছানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে না পারাও অন্যতম কারণ। গবেষণাবান্ধব পরিবেশ ও সংস্কৃতি তৈরি করতে হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে নজর দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে না পারলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা পিছিয়ে যাব। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ না হলে যে অতল সমুদ্রে খাবি খাচ্ছি তা থেকে পরিত্রাণের উপায় নেই।
জালাল উদ্দিন ইমন
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়
ই-মেইল: jalaluddinemon4@gmail.com