চিঠিপত্র

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এ হাল কেন

দেশের বিজয়কেতন ঊর্ধ্ব আকাশে যখন উড্ডীন, অনেক দিনের আবেদনস্পন্দন খবর যেন সুখপাঠ্য হয়ে ধরা দিল। দীর্ঘদিনের আবেদন, প্রচেষ্টা, বিসর্জনের ফলে ডিসেম্বরের প্রথম তারিখ ঘোষণা দিল কুষ্টিয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। সালটি ছিল ১৯৭৬। ইসলামি ভাবধারায় উচ্চশিক্ষা ও ইসলামি গবেষণায় নতুন অধ্যায়ের শুরু হয়।

শুরুতে জাঁকজমক থাকলেও দুই-তিন দশক পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে থাকে। শুরু হয় সেশনজট। অনেক শিক্ষার্থী তাঁদের সোনালি যৌবন এই ক্যাম্পাসে ও তার অধিভুক্ত ক্যাম্পাসেই কাটিয়েছেন। এই দুর্দশাগ্রস্ত শিক্ষাব্যবস্থার গতি ফেরাতে নতুন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের চরম অভাব বোধ করছিলেন শিক্ষার্থীরা। এই সময়ে আরেকটি বিশ্ববিদ্যালয়ের আগমন হয়, এটিই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

উচ্চ ডিগ্রি প্রদান, গবেষণায় মনোনিবেশ, বিভিন্ন অধিভুক্ত ফাজিল (পাস-সম্মান) ডিগ্রির কার্যক্রম শুরু করে। অতীতের ব্যর্থতা ঘোচানোর নতুন এক প্রচেষ্টা। গতি ফিরল ক্লাসরুমে। মুখর হলো পড়ার পরিবেশ। জীবন চলা শুরু করল শিক্ষার্থীদের।

কিন্তু কিছুদূর যেতে না যেতেই থমকে দাঁড়ায় আবার। বিলম্ব কালযাপন শুরু। সেশনজটের অঙ্কুর আবার উজ্জীবিত হলো। দেরিতে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশে বিলম্বসহ আরও কত কী! এই যেন সেই কুষ্টিয়ার পুরোনো রোগের সংক্রমণ।

এল মহামারি করোনা। ঘায়েল করে দিল বিশ্বব্যবস্থা। শিক্ষাব্যবস্থায় করোনার থাবা ছিল শিক্ষার্থীদের মহাবিপৎসংকেত। বিশেষত ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি। তিন বছরের ফাজিল (পাস) সম্পন্ন করার নিয়ম থাকলেও ছয় বছরেও তার শেষপ্রান্ত খুঁজে পাওয়া মুশকিল। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২০২১ সালে ফাজিল সম্পন্ন হওয়ার নিয়ম থাকলেও আজ ২৩ পেরিয়ে ২৪ ছুঁইছুঁই। ত্রিশের কোটায় পৌঁছানোর আগে সরকারি চাকরিস্থলে পৌঁছানোর সরকারি বিধি–নিয়মের পথের কাটা এই আরবি বিশ্ববিদ্যালয়।

এরই মধ্যে এপ্রিলে হঠাৎ শুভবুদ্ধির উদয় হলো আরবি বিশ্ববিদ্যালয়ের। প্রকাশ করল বহুল আকাঙ্ক্ষিত ফাজিল (পাস) কোর্সের পরীক্ষার রুটিন। আবার কী থেকে কী যেন হলো, ঘূর্ণিঝড় মোখার গতিপ্রকৃতির মতো বদলে গেল আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির মনও। পরীক্ষার আসনে বসতে বসতেই যেন বসা হলো না।

যাক, সংশোধিত রুটিন প্রকাশ করা হলো। নানা হতাশার মধ্যে আমরা আশান্বিত হলাম। আমরা আশা করব, আরবি বিশ্ববিদ্যালয় দ্রুত পরীক্ষা নিয়ে ও ফলাফল প্রকাশ করে সেশনজট কমিয়ে আনবে।

মিনহাজ আল মিছবাহ
চট্টগ্রাম