মতামত

নগরজীবনে বড় আতঙ্কের নাম ছিনতাইকারী

রাজধানী ঢাকায় ছিনতাই এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। দণ্ডবিধির ৩৮৩ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত কিংবা জামানত হিসেবে ব্যবহারযোগ্য সিলমোহরভুক্ত কোনো বস্তু প্রদানে বাধ্য করে, তাহলে সে ব্যক্তি বলপূর্বক আদায়ের দোষে দোষী অর্থাৎ ছিনতাইকারী হিসেবে সাব্যস্ত হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারের বেশি ছিনতাই, চুরি ও অপহরণ করে একটি চক্র। পুলিশের খাতায় নাম উঠলেও ছিনতাইকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। ছিনতাইয়ের কাজও চালিয়ে যাচ্ছে অবলীলায়। এই অপরাধ দমনে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভূমিকা রাখছে? ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের ভূমিকা দেখতে চান। কিন্তু পুলিশ বলছে, ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযানও পরিচালনা করছে তারা। এ ছাড়া সাধারণ পথচারীদেরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের।

ঢাকা শহরে ছিনতাইকারীদের বিভিন্ন চক্র রয়েছে, যেমন মলম পার্টি। এরা যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের শিকার ব্যক্তির চোখে মলম লাগিয়ে দেয়, ওই ব্যক্তি কিছুক্ষণ চোখে দেখে না। অজ্ঞান পার্টি আছে, যারা বাস, লঞ্চ ও ট্রেনে সক্রিয় থাকে। বর্তমানে হ্যান্ডশেক পার্টি ঢাকা শহর, সেই সঙ্গে অন্য জনবহুল শহরে সর্বত্র দেখা যায়। তারা নির্দিষ্ট কিছু লোককে লক্ষ্যবস্তু বানায়। পরে তাদের একা পেলে ছুরি বা পিস্তল দেখায়। অসহায় লোকটি প্রাণ বাঁচানোর জন্য সব দিয়ে দেয়।

ছিনতাইকারীরা বিভিন্ন কায়দায় ছিনতাই করে থাকে। যখন কেউ নির্জন রাস্তা দিয়ে একা একা রিকশায় যাচ্ছেন, তখন আরেকটি রিকশায় দুজন তরুণ অন্য রিকশাটির পাশে এসে একা যাত্রীর দুই পাশে দাঁড়িয়ে ওই যাত্রীকে নিচু গলায় বলে, ‘চিল্লাচিল্লি করবেন না, আমাদের সঙ্গে ছুরি, পিস্তল আছে; টাকা, মানিব্যাগ ও মুঠোফোন, যা আছে সব দিয়ে দেন।’ যাত্রী প্রাণভয়ে বাধ্য হয়ে সব দিয়ে দেন। ছিনতাইকারীরা শুধু টাকা, মুঠোফোন ও গয়না ছিনিয়ে নেয় না, বাধা দিতে গেলে প্রাণহানিও ঘটার সম্ভাবনা রয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা কেউ বিশিষ্ট নাগরিক, কেউ সাধারণ মানুষ।

পুলিশের হিসাবেই রাজধানী ঢাকায় ছয় হাজারের বেশি ব্যক্তি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৭৩৭ জন ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বাড্ডা, মিরপুর, শাহবাগ, মগবাজার, রমনা, মালিবাগ রেলগেট, ঢাকা মেডিকেল কলেজ এলাকা, গুলিস্তান, ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি এলাকায়ও ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কেন্দ্র করে এ ধরনের ঘটনা আরও বেশি হতে পারে। তাই কর্তৃপক্ষকে সচেতন হওয়া প্রয়োজন। এই অপরাধ দমন করা অসম্ভবের কিছু নয়। পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হতে হবে, সেই সঙ্গে একটা নির্দিষ্ট দল গঠন করতে হবে, যারা বিভিন্নভাবে ছিনতাই দমনে কাজ করবে। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে ছিনতাইকারী সদস্যদের দ্রুত আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাই ছিনতাই দমনে কর্তৃপক্ষের সুদৃষ্টি, সেই সঙ্গে জনসাধারণের সতর্ক হতে হবে।

সাকিবুল হাছান
শিক্ষার্থী ঢাকা কলেজ, ঢাকা।