চিঠিপত্র

স্বপ্নগুলো কালো ধোঁয়া হয়ে উড়ে যায়

আগুনে পুড়ে ছাই বঙ্গবাজার
ছবি: প্রথম আলো

ঈদুল ফিতরকে সামনে রেখে আমাদের নানান ধরনের পরিকল্পনা, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা থাকে। পরিবার-পরিবারের হাজারো স্বপ্নের অনেকটাই আমরা এই দুই ইদে পূরণ করে থাকি। ঠিক এমনি ইচ্ছে নিয়েই যেমন চাকরিজীবী মানুষ বাঁচে তেমনি ব্যবসায়ীরাও। আর এ জন্যই বাজার চাহিদার ওপর ভিত্তি করে ব্যবসায়ীরা অন্যান্য সময়ের তুলনায় অধিক পরিমাণ পণ্য সংরক্ষণ করেন বিক্রয় করার জন্য।

সম্প্রতি এই রমজান মাসেই ঢাকার বিখ্যাত কাপড় মার্কেট বঙ্গবাজারে আগুন লাগার সংবাদটি হাজারো স্বপ্নভঙ্গের কারণ হয়েছে। চোখের সামনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থের কাপড় পুড়ে যায়। এ মাসের পাঁচ তারিখেই ঢাকার আকাশে হাজারো স্বপ্নগুলো ভয়ানক কালো ধোঁয়া হয়ে উড়ে যায়।

ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো নিউমার্কেট এলাকার একটি মার্কেটে। বঙ্গবাজার ব্যবসায়ীদের ন্যায় নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের আহাজারির চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখলাম।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কান্নার ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার পরে। এই সব পোস্ট শেয়ার করার মাধ্যমে আমরা ব্যবসায়ীদের প্রতি শোক তাদের প্রতি আমাদের নানান ধরনের আবেগ প্রকাশ করি। এই দুটি ঘটনায়ও সেটিই আমরা দেখি। এ দেশের মানুষেরা বিভিন্ন দুর্যোগে বিপদাপন্ন ব্যক্তির পাশে দাঁড়ায় যা আমাদের জাতিগত অন্যতম একটি বৈশিষ্ট্য।

তবে একটি প্রশ্ন কিন্তু আড়ালেই থেকে যায়। সেটা হলো, কী জন্য এত অগ্নিকাণ্ড? এর উত্তর খুঁজলে দেখা যাবে সাম্প্রতিক সময়ের যে অগ্নিকাণ্ডগুলো হলো এ জন্য মূলত অপরিকল্পিত মার্কেট নির্মাণ, দোকানগুলোতে বৈদ্যুতিক ব্যবস্থার অনিয়ম, বহুদিনের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সঠিক মেরামত না করাসহ আরও অনেক কারণ দায়ী।  আর আগুন নেভাতে বিলম্ব হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সরু রাস্তা আর রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন হকার্স মার্কেট।

এরপর আছে, সঠিকভাবে পরিকল্পনা না করে ভবন নির্মাণ করা, ভবনের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না রাখা, ভবনের ভেতরে প্রয়োজনের অধিক দোকান বরাদ্দ দেওয়া, ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র না রাখা বা অগ্নিনির্বাপক যন্ত্র ও আগুন নেভানোর কৌশলের প্রতি জনসাধারণের অজ্ঞতা।

এখানে যেমন জনসাধারণের দায়বদ্ধতা রয়েছে তেমনি দায়বদ্ধতা রয়েছে দেশের প্রশাসনেরও কেননা সঠিকভাবে প্রতিনিয়ত মনিটরিং করা হলে অনেক সমস্যাই হয়তো সমাধান করা সম্ভব। তার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেও প্রশাসনকে এগিয়ে আসত হবে। সবার সম্মিলিত প্রয়াস না থাকলে আগুন জ্বলবেই আর স্বপ্নগুলো পুড়ে কালো হয়ে মিলিয়ে যাবে।

আলী আহসান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ই-মেইল: ali-14-2019315982@bangla.du.ac.bd